১।
আকাশটা কে বলেছিলাম
কষ্ট মানে কী?
আকাশ বলে, সুখের ফাঁকি
জোছনা দেখে মাতাল আঁখি
দুয়ার খোলা রাত।
হাওয়ায় হাওয়ায় ছেঁড়া ঘুড়ি
অলস দুপুর করে চুরি
সূর্যের বাজিমাত।
২।
পদ্মপাতায় কুয়াশার গোপন ঘর
উৎসারিত বৃষ্টির বিমূর্ত ক্যানভাস
প্রিয় প্রিয়তা
তোমার চোখের মত
জল টলমল দীঘির খোলা হৃদয়
খুলে যাওয়া ধূসর স্মৃতির পাতা
পড়ে যায় পৃষ্ঠা পৃষ্ঠা অবিরত।
প্রিয় প্রিয়তা
তোমার কোলাহল থেকে অনেক দূরে
আমার জমাট নিরবতা।
৩।
এমনই হয়
কবিতা রা ঘুমিয়ে গেলে শব্দের ফাঁস কড়িকাঠে
অবতল রাত ক্রমাগত এগিয়ে
জানালার গরাদ, ঘুলঘুলি পরাবর্ত বিন্যাস।
তখন ঘুম কিনে আনতে হয় ঘুমের দোকানে
আমারই ঘুমের যেখানে কালোবাজার।
৪।
প্রেমের স্বাধীন ভূমে
সাম্রাজ্যবাদিতা হাঁটু গেড়ে বসেছে যেদিন
ঈশ্বরের মত
তার পর থেকে অনেক কাল পর
পালাতে পালাতে পালানোর কোন রাস্তা রইলো না আর...
অথচ আমার পালানো যে অনেক বাকি!
৫।
আজ অন্ধকার আগ্রাসে আমায় আপাদমস্তক
এক গেলাস, দুই মুঠো
চোখের আদিপুস্তক।
আজ অন্ধকার গলার কাছাকাছি
আটকে রাখে নিঃশ্বাস
পৃষ্ঠা পৃষ্ঠা ধূলোকালি
মরচে ধরা বিশ্বাস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



