অন্ধগলি থেকে উঠে আসছে আধুনিক ভূত
নর্দমার মত কালিগোলা অন্ধকারে একদল প্রেতোপাসক
যাদের চোখের ভেতর পুড়ে মরে গেছে সবুজ পতঙ্গ
কালচে ধোঁয়ার পরত পরত অভিসারে
একটুকরো কাঁচ হয়ে ঝুলে থাকে বুভুক্ষু অক্ষিকোটর
তারপর তারা আমাদের শহরের প্রধান সড়কে
হেঁটে হেঁটে যায়
মানুষের দেহে দেহে - চাকার ছায়ায় ছায়ায়
এপাড়ায় যে কিশোরী রোজ ইশকুলে যেত বই আগলে
অথবা বিনম্র ছেলেগুলোর সান্ধ্যাকাশ দেখার টঙদোকানে
মানুষের মিছিল রোজ বেঁকে যেত যে চৌরাস্তায়
তার বুকের উপর জমাট বাঁধে প্রেতময়ী ছায়া
কিশোরী আর ছেলেগুলো হারিয়ে যায় চৌরাস্তাসমেত
বুভুক্ষু কোটরের গহীনে
তারপর রাত ফুরাবার আগে আমরা দেখি কেবল
কিছু হাড়
এখানে ওখানে
আর ভূতের দল ফিরে গেলে
শহরের ঘরে ঘরে জন্মাতে থাকে
প্রেতোপাসকের নব ও নবতর সংস্করণ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

