শিশু সন্তানকে রান্নার ওভেনে ঢুকিয়ে দিলেন পিতা
শিশুটির বয়স মাত্র ৫ সপ্তাহ। এই বয়সেই তাকে দেখতে হলো বাবার বিকৃত মানসিকতা। সারারাত কাটাতে হলো রান্নাবান্নার যন্ত্র ওভেনের মধ্যে। যদিও ওভেনটি সেসময় চালু না থাকায় আর ওভেনের দরজাটা সামান্য খোলা থাকায়, প্রাণে বেঁচে যায় সে।
ঘটনাস্থল মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্টাকি। ৩৩ বছর বয়সী ল্যারি লং পেশায় একজন বাবুর্চি। কর্মস্থলে বসেই গাঞ্জিকা টানার অভ্যাস তার। আর সেই গঞ্জিকা সেবনের পর, রোববার রাতে বাড়ি ফিরে তিনি বসেছিলেন হুইস্কি নিয়ে। সাথে শিশুটির মা ব্র্যান্ডি হ্যাটন। পুলিশ জানায়, রোববার রাতে কয়েক পেগ হুইস্কি খেয়েই শুতে চলে যায় হ্যাটন। আর বাকি বোতল পুরোটাই নাকি শেষ করে লং।
আর তারপরেই নিষ্ঠুর ঘটনাটি ঘটায় সে। শিশু সন্তানটিকে নিয়ে রান্নাঘরের ওভেনের মধ্যে ঢুকিয়ে দেয়। সকাল সাড়ে পাঁচটার দিকে শিশুটির কান্নায় ঘুম ভাঙে মা ব্র্যান্ডি হ্যাটন- এর। ততণে উদ্ধারকর্মীরা পৌঁছে গেছে সেখানে। সাথে সাথে শিশুটিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ডাক্তার জানিয়েছে, ভাগ্যের জোরে সুস্থই আছে সে।
অবশ্য জরুরি উদ্ধারকারী দলের কাছে খবরটা কিন্তু পাঠিয়েছিল শিশুটির বাবা, মানে লং নিজেই। পুলিশ জানায়, লং যখন বুঝতে পারে যে শিশুটিকে সে ওভেনে ঢুকিয়ে দিয়েছে, তখনই একটি মানসিক হাসপাতালে ফোন করে ল্যারি। জানায়, তার অপকর্মের কথা। এরপর হাসপাতাল থেকে উদ্ধারকারীদলকে বলা হয় শিশুটিকে বাঁচানোর জন্য।
এদিকে, ঘটনাটির পর আটক আছেন লং। তবে ১০ হাজার ডলারের বিনিময়ে জামিন পেতে পারে সে। অন্যদিকে, শিশুটিকে জরুরিভিত্তিতে রাখা হয়েছে পরিবারের অন্য সদস্যদের তত্ত্বাবধানে।
সূত্র : ডয়েচে ভ্যালে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

