বিসমিল্লাহির রাহমানির রাহিম
আস সালামু আলাইকুম।
[লেখাটি বিশ্বাসী মুসলিম ভাই-বোনদের জন্য লিখিত - অন্য ব্লগে আমার নিজের লেখার কপি-পেস্ট]
আগেই যেমন বলেছি যে, এখন থেকে প্রায় ১২০০ বছর আগে রচিত "আল আক্বীদাহ্ আল তাহাভীয়াহ্" ছিল আক্বীদাহর উপর এক যুগান্তকারী কাজ যা নিয়ে, যার ব্যাখ্যা নিয়ে গবেষণা করতে গিয়ে পরবর্তী সময়ের বহু আলেমের জীবন কেটে গেছে। "আল আক্বীদাহ্ আল তাহাভীয়াহ্"-য় লিপিবদ্ধ ইসলামী বা মুসলিমদের ধর্মীয় বিশ্বাসের ১০৫ টি পয়েন্টের প্রথম ২৮টি হচ্ছে আল্লাহ্ সংক্রান্ত বিশ্বাস। আমরা ইনশা'আল্লাহ্ একে একে সেগুলো উল্লেখ করবো:
১)আল্লাহর সাহায্যে বিশ্বাস রেখে আমরা আল্লাহর একত্ববাদ সম্বন্ধে বলি যে - আল্লাহ্ এক, তাঁর কোন অংশীদার নেই।
২)তাঁর মত কিছু নেই।
৩)কোন কিছুই তাঁকে পরিবেষ্টন করতে পারে না।
৪)তিনি ছাড়া কোন উপাস্য নেই।
৫)তিনি অনন্ত, যাঁর কোন শুরু নেই এবং যিনি শেষ পর্যন্ত থাকবেন।
৬)তিনি কখনো ক্ষয়প্রাপ্ত হবেন না বা ধ্বংস হবেন না।
৭)তাঁর ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না।
৮)কোন কল্পনা তাঁকে ধারণা করতে পারে না এবং কোন জ্ঞান দিয়ে তাঁকে বোঝা যায় নি, তিনি ধারণাতীত এবং বোধের অতীত।
৯)যে কোন সৃষ্ট বস্তু থেকে তিনি ভিন্ন।
১০)তিনি জীবন্ত এবং কখনো মৃত্যু বরণ করেন না এবং অন্তহীনভাবে ক্রিয়াশীল - কখনো নিদ্রা যান না।
১১)কোন প্রয়োজন ছাড়াই তিনি সৃষ্টি করেন এবং কোন চেষ্টা ছাড়াই তাঁর সৃষ্টির চাহিদা পূরণ করেন।
১২)তিনি কোন ভয় ছাড়াই মৃত্যু ঘটান এবং অনায়াসে পুনর্জীবন দান করেন। জীবন পুনঃস্থাপন করেন।
১৩)সৃষ্টির পূর্ব থেকেই তাঁর গুণাবলীসহ তাঁর অস্তিত্ব বিদ্যমান। সৃষ্টিকে অস্তিত্বে আনয়ন করা তাঁর গুণাবলীতে এমন কিছু যোগ করে না, যা ছিল না। যেহেতু তিনি অনন্তের পূর্বেও তাঁর গুণাবলী সহ বর্তমান ছিলেন, অশেষ সময়ের মাঝেও তিনি বিদ্যমান থাকবেন।
আপাতত এই ১৩টি পয়েন্ট নিয়ে একটু চিন্তা ভাবনা করুন। ইনশাল্লাহ্ পরবর্তীতে বাকী পয়েন্টগুলোও আপনাদের জন্য আমি তুলে দেবো।
আল্লাহ্ হাফিজ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



