জেব্রাক্রসিং
জেব্রাক্রসিং- এ জঙ্গলের মায়া
ছড়িয়ে আছে বনগরু ভালুকের নিদ্রা।
ঝর্নাজলের ঠিকানা দেয় মাতৃহারা পাখিদের দল
দিকে দিকে রৌদ্রবাণ প্রতীক্ষা আন্দোলন-
দৌড়ে আসছে ডোরাকাটা জেব্রা
পাতাপড়া বায়ুস্বর- বনআয়োজনে।
আমিও তোমাকে খুঁজছি-
এই লাল লাইট থেমে পড়া সিগন্যালে
লুকিয়ে আছো পাইনপাতা রঙের গভীরে
গণপতাকায় হায়নাদের দলে।
উড়ে যাচ্ছে গাঢ় চুল
নীলশাড়ি কাছে থাকার আদিম ইশারা;
তোমাকে খেয়ে যায় - হাড়গুড়ো পড়ে থাকে
জন্মদানের দাগ সমুদ্রপাতালে।
দুপুর রৌদ্রে জেব্রাক্রসিং-
পৃথিবীর দোলাচল থেমে যায়
শীতঘর, শামুকের মুদ্রায়।
২৯/১১/২০০৯
হায়নাদের দলে
হায়নাদের দলে স্মৃতিবিচরণ, পথচারী জনসভা
বাসেচড়া রুটিসেকা, পানাহার পরিনাম
চিঠি লিখি জনসাস্থ্য স্কুল পলায়ন।
ঘন্টা বাজে জনপদে কৃষিকাজ অভিলাষ
হায়নাদের দলে নিয়মনীতি ছুরি
অপরিচিতিকরণ।
দেয়াল ভরে আসে পদশোভা, বল্লমের চিত্র
হায়নাদের দলে ছদ্মবেশ, নিমজ্জিত কবরের ভাষা
দূরে যায় জলস্বর, বনমর্মর পাখিপদশোভা।
তুমি আমি চেনা জানা অচেনা - দেহান্তর
গোলাপের বিছানায় সদা কলহপ্রবণ ।
২৯/১১/২০০৯
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



