কলাভবনে দাঁড়িয়ে থাকা যুবক সাঈদ
(উৎসর্গ : খোন্দকার আশরাফ হোসেন)
আহা জীবনের বীজ - একই জমিতে থাকে আর দূরে দূরে ফোটে
আহা সময়ের ঘোড়া - জানোনা বন্ধু কিভাবে হয় উড়া
কলাভবনে দাঁড়িয়ে থাকা যুবক সাঈদ তার পাউরুটি সিদ্ধডিম মধুর ক্যান্টিন তার মনোহর সকাল রুটিসেকা বাসেচড়া টেম্পু ট্রেন অভিযান তার গোল্ডলিফ আগুন লালরঙ জামা সংসারের কপিকল তার দূরে থাকা ঘরবাড়ি নিক্তি পাল্লা মহিলার রুমাল মা দোয়া।
সে ঝুলে থাকে শ্রেণীকক্ষে আর ইংরেজের বন্ধু হয় - পড়ে বিদেশী কবিতা - উড়ে যায় মায়াবী বুলবুলি চলে আসে নকল পড়োজমি জনপদে হারায় সেকেন্ড কামিং। আহা ইংরেজ নারীর শাদা বুক বরফ দুধ অহংকার এবং কুসংস্কার। আর পাগল যুবক হ্যামলেট নিজেও মরে আমাকেও মারে কারণ তার অসীম প্রহেলিকা তার নারী নির্যাতন রাজা বাদশার সংলাপ প্রলাপ আমার দীর্ঘ রচনা কি অভিশাপ! আমার কি লাভ হলো তোমাকে জেনে তুমি কি নিঃসীম বুর্জোয়ার বিকার অবাঙালি পরগাছা - হরণ করো জনগণের অধিকার। জানি তোমার চির আশা ছলনা - যাহা সদাসত্য নিরাসক্ত মহাজটিল জগৎ সংসার সেতো থাকে সবখানে। আছে গোপন লালসা প্রতিটি জীবনে আর আমার প্রতীক্ষা কখন সময় আসে কখন তরবারি চিনে চাচামিয়ার খুন।
কলাভবনে দাঁড়িয়ে থাকা যুবক সাঈদ তার ক্ষুধা পরাধীনতা তার ঘরে ঘরে মাস্টারি তার শহরের ছবি চলচ্চিত্র - দুইজীবন অমিতাভ কাভি কাভি আর পলাশী ও পানিপথ ঘরে ঘরে নবাব সিরাজদৌল্লাহ মীরজাফর। ১৯৭১ সন -অন্য নামে অন্য পোশাকে ঘুরে ছুরি শান করে। কলাভবনে দাঁড়িয়ে থাকা যুবক সাঈদ তার প্রেম তার ভালোবাসা দূরাশা হায় দেবদাস পথে পথে ঘুরে বনবলিকার খোঁজে - যে আবার জলফুল পড়ে থাকে বাণিজ্যের ঘরে। সে গ্রাম্য হ্যামলেট - তার ওফেলিয়া পালিয়ে যায় মহা সুখে বিশাল মহলে -দোকানদারের কাছে আর একদিন সে উড়োজাহাজে চড়ে দূরদেশে যায় -জলবাতাস চারকৌল খায়!
আহা জীবনের বীজ - একই জমিতে থাকে আর দূরে দূরে ফোটে
আহা সময়ের -ঘোড়া বন্ধু জানোনা কিভাবে হয় উড়া ।
প্রথম লেখা: ১৪/০১/২০১০
পরিমার্জনা: ২৪/০২/২০১০
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


