সুললিতা পুনঃ উচ্চারিলো
================
একদিন নওলা-ভাতের ঘ্রাণে ভেসে যেতো আমাদের দুর্ভিক্ষের রাত...
তখন আমরা নদীর সমবয়সী কান্না থেকে ইলিশচাঞ্চল্য তুলে
মাধ্যমিক চাঁদে ফিরতাম। মায়ের সতর্ক চোখ জানালার পাশে
ছিলো বাঁধাই পোস্টার। আমাদের রাতগুলো ভেসে যেতো
ক্ষুধার উল্লাসে; তারপর... বিমূর্ত কান্নার ফুলে সারারাত
অথৈ আনন্দ হলে সুললিতা ফিরে যেতো ভাঙাশাড়ি,
নিরুপায় ক্ষুধা আর ক্ষুধার ক্ষমায়;
প্রচ্ছদে পিতার মুখ, ভেতরের পৃষ্ঠাগুলো কবিতার দুঃখে গড়া জনকযন্ত্রণা...
আমাদের সেইসব স্মৃতিগুলো____ অরুন্তুদ রাতের কাহিনী, বৈকালিক বেদনার গান, দুপুরের মলিন প্রবাহ...
আহত ব্রীজের নিচে আর্দ্র ও নীল শব্দাবলী...
একদিন নওলা-ভাতের ঘ্রাণে ভেসে গ্যালো আমাদের দুর্ভিক্ষের দেশ...
আধখানা যৌবন___ আমার মুঠোতে দিয়ে সুললিতা পুনঃ উচ্চারিল___
নিসর্গের কৃতদাস, এই দ্যাখো, প্রেম তবু বাঁচে...
===========
রচনাকাল : ১৯৯৬
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


