কুশল
====
পড়ে আছ নিহত-বিক্ষত___ যেন উপসর্গ, মাঠের ওপারে ...
তোমার কুশল মনোবাঞ্ছা করি নিয়ত নিখিলে;
বহুস্থানে বৃষ্টি এলে প্রকৃত ব্যাঙেরা নেচে ওঠে, গৌরী উৎসবে, স্নানে,
প্রকাশ্য পাথারে তারা অথৈ বেদনা করে, আর
প্রকৃত সত্যটি এই___ খসে যাওয়া পাখির পালক তুলে আজকাল
কেউ আর ঘরেই রাখে না; তাতে বুঝি অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়?
তবুও তো নীতি বলি তাকে, যেরকম জননীতি___
জনতার যাতে কোনও ভূমিকা থাকে না ...
ভন্তে গো, তোমাকেই বাঞ্ছা করি প্রথমোক্ত মাঠের ওপারে, অন্ধকারে___
ফলে, আমাদের অবসর ধর্মকর্ম হয় ... অবসাদে অবসর ভালো,
কেননা যে, ভালবাসা অপচয় অনেক হয়েছে,
দেশে দেশে, জগতে জগতে ...
এবার বিনত ডানা মেলে দেয়া ভালো প্রভৃতি-আকাশে;
একটাই মাঠ শুধু বৃত্তাকারে-চক্রাকারে ... আজীবন ঘুরি,
সরণ প্রকৃত অর্থে একে তো বলে না! তবু
তোমার কুশল আমি বাঞ্ছা করি, নব-নিরাকারে ...
ভিত্তিপ্রস্তর যুগ
=========
দুপুরের চোখে কিছু স্বপ্ন থাকা সমীচীন হয়
তবে কিনা, বোশেখের জলস্বপ্ন এঁকেছিল চৈত্রবিকেল ...
ঘুঘু কথা কয়; আর
ভালবাসা ফোটাচ্ছে সংশয় ঘরের চাতালে___
এই তিন দুঃখ নিয়ে জেগে পড়ে গ্রাম
এবং ঘুমিয়ে ওঠে পদ্মাপাড়ে জেলেদের বউ
অতএব এসো,
ভালবেসে আমরা পৃথক জামা পরি আর
সন্নিহিত কোণ এঁকে দুইদিকে গতিশীল হই!
কেননা, বেঁচে থাকার আনন্দ ও সুবিধা এই___
আরও কিছু স্বপ্ন দেখা যায় ... আর তার প্রমাণস্বরূপ
ভিত্তিপ্রস্তর যুগ ঘনীভূত হতে থাকে ক্রমে ...
মতান্তর
=====
বাতাসের মতান্তরে জীর্ণ পাতাটি দ্যাখো কী প্রকার উড়ে উড়ে
মাটিই পাচ্ছে না! বেশ তো ভ্রমণদিন___ চলো তবে
নিরুদ্দেশে উড়ে উঠে অগন্তব্যে পৌঁছে যাওয়া যাক!
ভেবে দ্যাখো, কারও বাবা বিপত্নীক; কারও মা
পুনরায় বিবাহ করেছে ... ফলাফলে সম্পর্কও উড়ে যাচ্ছে,
মাটিই পাচ্ছে না___ বেশ তো ভ্রমের দিন! সাংঘাতিক
শেকড়বিচ্যুতি ... নিরুদ্দেশে যেতে যেতে তারা খুব কথাই বলে না,
পক্ষান্তরে, এরা কোনও বেশি কথা বলে। অতএব চিন্তা করো,
তারা কিন্ত 'এরা'-দের মতো নয়; সুতরাং এরা বটে
'তারা'-দেরই মতো। সম্পর্কের মতান্তরে
আত্মীয়তা কী প্রকার ঘুরে ঘুরে দূরে দূরে যায়!
পৃথিবীর অভিপ্রায়ে জীর্ণ পাতাটি যেরকম অনাত্মীয়বোধে
বৃক্ষ থেকে, মাটি থেকে, বাতাসের বিবেচনা থেকে,
অসীম দূরত্ববর্তী হলো, দৃশ্যান্তরে ডানা মেলে
লুপ্তিমান ছিন্নমাটি হলো ... আমাদেরই মতো!
আমরা কিন্তু মতান্তরে আমি জীর্ণ পাতার সার্বভৌম সুর
আমরা কিন্তু অনুদ্ধৃত কবি আধারবিহীন বায়ুসমুদ্দুর
আমরা কিন্তু তারা এবং এরা বিপরীতের ঐকবদ্ধ ভূমি
আমরা কিন্তু মেঘেই ভাসা পাখি অন্তরালে ব্যাপক গোঁয়ার্তুমি
আমরা কিন্তু আমাদেরই মতো মতান্তরে জীর্ণ পাতার স্রোতও ...
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




