কেমন নির্জন রাত্রিটি! নৈশবিলাপ ছাড়া পাখিরও ডানার
শব্দ নাই ...পত্রে লিখি ভুলে-যাওয়া বন্ধুমুখ, বিস্মৃতিতাড়িত;
কিছু কিছু পাখি, গাছ ; ফুলের ও নদীরও ঠিকানা লিখি___
সেই পত্রাবলি উপদক্ষ পোস্টাপিস আমাকেই ফেরত পাঠায়!
এর থেকে নিজেকেই চিঠি লেখা শ্রেয় ... অতএব লিখি,
নিজের ঠিকানা লিখে ডাকে ফেলি, ফলে
দুপুরে সে চিঠি পেয়ে মধ্যরাতে পড়ি আর
সাংঘাতিক আনন্দিত হই! ঈর্ষামগ্ন আত্মাগণ বলাবলি করে,
রোজ রোজ এত এত চিঠি! সুতরাং
আমারও বিস্মিত হওয়া সাজে; ফলত বিস্মিত হই
এবং বিস্মিত হলে ঈর্ষারোগ আমাকেও বেশ পেয়ে বসে ...
দিনময় তালাঝোলা নির্জন রাত্রিটি খুলি, খুলে___
খানিক লুকিয়ে ফেলি খাতা ও কলম কিংবা পত্রসরঞ্জাম
এইভাবে একদিন
নিজে তো হারিয়ে ফেলিই,
ডাকবাক্সও ভুলে ফ্যালে আমার ঠিকানা ...
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


