তোমার শহরে আজ আমি তো অতিথি মাত্র
আলোকিত নিকানো উঠান ... উঠানের অই পাশে
চন্দ্রমল্লিকা বন, এ পাশে শেফালি;
( শহরে কি নিকানো উঠান থাকে? )
ছাদে টব-দু'চারটে ফুল তবে ফুটলো কী ঝরে গেল
এইসব অনুভব স্মৃতিতে সম্ভব ...
দরজায় কড়ানাড়া শ্রবণবিভ্রম; জানালায় উদাসী উদ্বিগ্ন চোখ,
ঘরের পেছনে কোন ডালে বসে স্মৃতিভূক পাখি
দুপুরের নির্জনতা খান খান করে;
তোমার শহর মানে
কাঁচের চুরির মতো বেজে ওঠা দিন____
সকাল
দুপুর
সন্ধ্যা
রাত
নিহত সাপের মতো আলুথালু শুয়ে থাকা একলা সড়ক ...
এইসব____ তোমার শহর;
তোমার শহরে আজ স্মৃতি মানে বাতিল বেদনা____
স্মৃতি মানে___ শিশিরের আয়ুষ্কালে বেঁচে থাকা আহত-সুন্দর!
তোমার শহরে আজ আমি তো অতিথি মাত্র, অযাচিত;
আমি শুধু স্মৃতি ...
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



