স্মৃতিসম্মেলন
======
তোমাকে দেখতে যাবো সাধু যোশেফের সমাবেশে
উনিশ শ’ একাশি খ্রিস্টাব্দের সোনালি উৎসবে;
তখন আমার দুঃখ মাধ্যমিক, আর তুমি নিম্নমাধ্যমিকে—
এ রকম উৎসব পুনরায় স্মৃতিতে সম্ভব। তোমাকে দেখতে
যাবো অনুতপ্ত স্মৃতিসম্মেলনে। যে রকম প্রাথমিক
গণিতের দিনে দেখতে গিয়েছি সেই জোয়াড়ির
বিশীদের বাড়ি; বাড়িতে মানুষ নেই— বাড়িটিও নেই—
তবু আমি ঘুরে ঘুরে কেন দেখি সারাটি দুপুর?
তুমি নেই, কখনও ছিলে না— অস্তিত্ব বিষয়ে এই
চিরায়ত অনুজ্ঞাও অস্বীকার করছি বিনয়ে; আমার যে কোনও পণ
সবিনয় জেদ। অতএব যাবো, তোমাকে দেখতে যাবো স্থাপনদিঘিতে;
রাণীভবানীর ছাদে যে রকম সারারাত তোমাকে দেখেছি—
শিশিরের ছলে শুধু রক্ত ঝরেছে সারারাত— রাতভর
নক্ষত্রের বীভৎস শরীর থেকে সহিংসার অগ্নি ঝরেছে ...
ঝলসে যাওয়া দেহে তবু পালিয়ে আসিনি; সাহসী ইচ্ছায়
দৃঢ় ভষ্মে হতভম্ব দাঁড়িয়ে থেকেছি আর দেখেছি তোমার নৃত্য
ভয়ঙ্কর অগ্নিদিঘিতে ...
তোমাকে দেখতে যাবো, চন্দ্রাবতী কবিতা আশ্রমে—
গীতিকা উৎসব যদি ব্যর্থ হয়— অসম্ভব স্বপ্ন হয়ে যায়—
তবু যাবো; রোদ ভেঙে, শিশির মাড়িয়ে, বাসে-ট্রেনে,
পায়ে হেঁটে, ঘুমের ভেতরে ... অবিকল্প, নিশ্চয় যাবো!
একবার, তোমাকে দেখতে যাবো, অ স ম্ভ বে
রাত্রিযাপন
=====
অন্ধকার— ধূপখোলা মাঠ থেকে ভেসে আসে থোকা থোকা মেঘ;
তবু দেখ, বিড়ালের চারণশৈলীতে
দূর ঝুলবারান্দায় এসে দাঁড়িয়েছে রাত্রির অবসন্ন চাঁদ
তাকে বিবাহিতা কিন্নরীর দাম্পত্য যন্ত্রণাকিষ্ট
চোখের মর্যাদা মনে হলো। সময়কে জলের মতো ছেনে-ছেঁকে
পাওয়া যাচ্ছে দুইটি আশ্চর্য ফলাফল— নৈঃসঙ্গ্য ও মৃত্যুসম্ভাবনা;
অথচ এ-চাঁদ সেই ব্যর্থ প্রেমিক— যে কিনা
অনন্তকাল ছুটে যাচ্ছে মুহূর্তে হারানো তার
প্রেমিকার দিকে; অসফল সঙ্গমের ক্ষোভে
সে এখন অভিশপ্ত, মৃত ... আর দ্যাখো, অকস্মাৎ
আমাদের স্মরণে আসে যে, এই চাঁদ একা একা
দয়াগঞ্জ মোড় থেকে হেঁটেই এসেছে কিংবা
এখনও আসেনি; একবার আসবার কথামাত্র আছে ...
ঝুলবান্দার দিকে দৃষ্টি রেখে রাতের মন্দিরে আজ
তার কথা ভাবি কিংবা কিছুই ভাবি না, শুধু
ভাবার বাসনামন্ত্রে জেগে থাকি রাত্রির অদূর ভবিষ্যতে; আর
পদ্মনিধি লেন থেকে ভেসে আসে কার যেন
কান্নার মিহিন আওয়াজ, মনে হয়— আকুল জননী কাঁদে;
বিফল রাত্রির সেই অবসন্ন চাঁদটির কথা ভেবে
তবু আজ আমাদের নিদ্রাভঙ্গ হলো—
গৌড়ীয় মঠের পাশে, নারিন্দার অন্ধকার-বিপন্ন গলিতে
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১০ দুপুর ২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



