একবারও ডাকোনি; একা, কাঙালের মত ছুটে এসেছি, এতো দূরপথ__
শুধু দেখতে এসেছি সেই সুখ, যা তোমাকে পাথর-প্রাসাদে রাখে
এতোটা আচ্ছন্ন আর এতো ছায়াময়; আমার বিষণ্ন দুটি চোখ থেকে
এ রকম ধাঁধাঘেরা গভীর আড়ালে; এতো মগডালে!
যদি বলো, থেকে যাও, আমি থাকবো না। থাকতে আসিনি, শুধু,
দেখতে এসেছি সেই সামান্য বেদনা, আজও জেগে আছে কি-না
তোমার হৃদয়ে; যা আমাকে রাজার প্রাসাদ থেকে এখনও তোমার নামে
মুহূর্তে নামাতে পারে পথের ধুলায়। শুধু, জানতে এসেছি সেই মায়াটুকু
আজও আছে কি-না; যে-মায়ার সুর্মা মেখে চোখে, কোনও এক সম্রাট
লাঞ্ছিত হয়েছিলো, যতসব ভিখারীর হাতে; তবু টু-শব্দ করেনি...
যদি বলো, ফিরে যাও, আমি তো যাবো না। খালি হাতে ফিরতে আসিনি,
তোমার সমস্ত সুখ, সব প্রাপ্তি, সকল যন্ত্রণা, গ্রহণের মানসে এসেছি;
দেখতে এসেছি কিছু অসম্ভব সম্ভাবনা তোমার চোখের জলে
ঝরে কি ঝরে না; শুনতে এসেছি, ওই দীর্ঘশ্বাসে কোন সুর কীরকম বাজে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



