------------------------------------
জানালার কাছে যেতাম আর বলতাম:
"আহ, কী দ্যুতিময় রৌদ্র!
কী আলো ঝলমলে দিন!
পুষ্পে-ছাওয়া কতই না আনন্দ
ছড়িয়ে আছে, সবখানে!"
মনে মনে বলতাম:
"ওইসব অগণিত বৃক্ষের মত বিকশিত হবো,
গেয়ে উঠবো পাখিদের মত,
ওইসব স্রোতস্বিনীর সাথে প্রবাহিত হবো আমি।"
আপন মনে বলতাম:
"দিনটাকে পান করবো,
-রোদ উপচে-পড়া এই সোনারঙ পানপাত্র-
এক চুমুকে নিঃশেষ করবো আমি।"
জানালা ঘেঁষে দাঁড়িয়ে থাকতাম,
দাঁড়িয়েই থাকতাম,
আর তখন আমার ছোট্ট ঘরটা
বিষাদের সুরে সুরে ছেয়ে যেতো,
- ঘন কালো ধোঁয়া-
আর আমার বেড়ে ওঠার স্বপ্ন,
গাইবার আকাঙ্ক্ষা,
বয়ে চলার বাসনা,
এই চার দেয়ালের
অবরুদ্ধ কুঠুরিতে
এক উজ্জ্বল জানালার ছবি হয়ে উঠতো।
এর বিষণ্ন সুরে
সিসারঙ আকাশে নেমে আসতো গোধূলি, রোদনমুখর বৃষ্টি
একটানা কেঁদে যেতো, মোলায়েম সুরে।
-------------------
মেইমানাত মির-সাদেগি(১৯৩৭-):
ইরানী কবি। জন্ম : ফার্স প্রদেশের এস্তাবানাতে।
-----------------
বাঙলায়ন : রহমান হেনরী
----------------
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



