সাদিয়া...আমার স্কুল জীবনের বন্ধু...খুব শুকনা হবার কারণে যাকে আমি 'বরবটি' ডাকতাম...
ক্লাস সিক্স থেকে এক সাথে পড়ার সময়ও ওর সাথে খুব সখ্যতা ছিলোনা। ক্লাস নাইনে ওঠার পর যখন আমাদের দুইজনকে সায়েন্সে যাবার জন্য ডাকা হয়, দুইজনই বিনা দ্বিধায় বলে দিয়েছিলাম 'যাবো না'। ওই ঘটনার পর থেকে একটু একটু করে ওর সাথে সখ্যটা বাড়ে। তারপর স্যারের বাসায় পড়তে যেতে যেতে, ক্লাসে একসাথে বসবার সুবাদে আস্তে আস্তে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। ধীরে ধীরে যখন দেখি যে দুইজনই আমরা এন্টি স্মিতা এবং এন্টি নিশি (আমাদের ক্লাসের ফার্স্ট এবং সেকন্ড গার্ল ছিল যারা), তখন সম্পর্কের গভীরতা আরো বাড়ে।
স্কুল ছাড়ার পর এসএসসি পরীক্ষার আগে পর্যন্ত সময়টুকু আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল এই সাদিয়া।
তারপর আমি কমার্স সুইচ করে আর্টসে এসে হলিক্রসে ভর্তি হই, আর ও কমার্স এই থেকে গিয়ে সিটি কলেজে ভর্তি হয়। দুরত্ব যতই হোক, গ্রামীণ ফোনের কারণে তখনো আমরা কাছেই ছিলাম।
ভার্সিটিতে ওঠার পর দুইজন এখন পাশাপাশি বিল্ডিং এ ক্লাস করি। আমি কলাভবনে। আর ও কমার্স ফ্যাকাল্টিতে অ্যাকাউন্টিং এ। কিন্তু দু'জনের দেখা হয় কালে ভদ্রে!...কমার্স বিল্ডিং এর দিকটায় আমার যাওয়া হয়না, এমনকি পাশে মল চত্বরএও যাই কালে ভদ্রে, বিকেলের দিকে যদি কোনো দিন ধানমন্ডির বাস ধরি তবেই। না হলে টিএসসি'র দিকে চলে আসি অন্য সময়।
ওর এবং আমার ফোন নাম্বার গত দুই/আড়াই বছরে দুই-তিনবার চেঞ্জড হয়েছে। আর এই নতুন-পুরানো নাম্বারের গ্যাড়াকোলে পড়ে নাম্বারটাও হারিয়ে ফেলেছি!...
ওর জন্মদিন ছিল ৩ নভেম্বর। মজার ব্যাপার হলো, আমি প্রতিবছর ভুলে যাই। অক্টোবরের শেষে এসে মনে থাকে কিন্তু ৩ তারিখের আশেপাশে এসে ভুলে যাই।
তারপর ৯ তারিখ আসে। সকালে ঘুম থেকে উঠে ৯ তারিখ নিয়ে ভাবতে ভাবতে মনে পড়ে 'আজ ব্রেট লি'র জন্মদিন'...
তারপরই মনে পড়ে ব্রেট লি ছিল বরবটির সবচেয়ে প্রিয় খেলোয়ার। অস্ট্রেলিয়াকে দুই চোখে দেখতে না পারলেও ব্রেট লি আমারো প্রিয় পাত্র ছিল...। স্বভাবতই তাই এইটা নিয়ে আমরা একে অপরকে জ্বালাতাম।
তো, যখনই মনে পড়ে ব্রেট লি ওর প্রিয় খেলোয়াড়, তখনই মুখ দিয়ে বের হয়ে আসে, 'শিট!!!'
কারণ তখন আমার মনে পড়ে যায়, ৩ নভেম্বর ওর জন্মদিন ছিল!
আজকেও তার ব্যাতিক্রম হয়নি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



