মানুষ মানুষে দেখা হতে কারন লাগেনা কোনো
একটি রুটি ইথিওপিয়ায় যুদ্ধের কারণ হয়
বন্ধুর বুকেও এক মুঠো চালের জন্য বিঁধে ছুরি
বেঁচে থেকে ওরা মরণের সাথে কথা কয় প্রতিদিন
চলতে চলতে আমাদেরও দেখা হয়ে যাবে একদিন
সুদানের মানুষ সেদিনও হয়তো মেঘ চিনবে না
শতবর্ষী দাদুর মুখে গল্প শুনবে
" টেপের পানির মতো নয়, ঝরঝর করে বৃষ্টি ঝরে!"
আমার চোখ তোমায় ঠিক চিনে নেবে
প্রথম ধরনী দেখার মতো করে তোমাকে দেখবো আমি
অনাহারি মানুষের শাদা শাদা চোখ
তারচেও অধিক তৃষ্ণা নিয়ে তখনো কি কেউ দখবে ভাত?
ঢাকার পথে দাঁড়িয়ে কোনো প্রেমিক
হয়তো নির্ভয়ে প্রেয়সীকে চুম্বন করতে পারবে একদিন
তখনো নীল পতাকা বাবুদের ফেলে দেয়া
চোষা কমলা কোঁয়ার জন্য পিঁপড়ে হবে আফ্রিকার অনেক শিশু
প্রিয়তমা, আমাদের যদি কোনোদিন দেখা নাও হয়
তোমার সন্তানকে চিনিয়ে দিও শাদা ভাতের গন্ধ
বুঝিয়ে দিও বৃষ্টি ঝরার পাঠ
ওরা একদিন ফসল ফলাবে, চষে দেবে পুরো পৃথিবীর মাঠ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


