বদলাবে সময়; মাটি আর মৌমাছির ঘর ভেঙ্গে ফিরবে মানুষ
ঘরে ঘরে হা ভাতের গ্লানি মুছে সাহসের মতো
দৃপ্ত বেগে বেড়ে উঠবে আমার সন্তান
আমার সন্তান। বেড়ে ওঠো তুমি অধীর আকাঙ্খার নাম;
চেয়ে দেখ মানুষের দিকে মানুষের কী প্রবল উত্থান
আমার রক্ত থেকে জেগে উঠে জনীনর নাভী ছিড়ে
তুমি সেই সমুদ্রের ভীষণ প্রলয়-
বাংলার পথে পথে অগুনিত ভাস্কর্যে তুমি উত্থিত হাতের পতাকা
তুমি চেতনা শোভিত ভোরের কুচকাওয়াজে গাওয়া
শ্যামল রূপসী বাংলার নামে নয়ন জলের গান;
তুমি চর্যা থেকে ভেসে আসো ইঙ্গিতবহ সন্ধ্যা ভাষায়
তারপর মৈথালি মেঘে মেঘে রাধিকার অশ্রু হয়ে ঝরেছ অঝোর
আমার সন্তান, তুমি রোপিত ছিলে 'বঙ্গভাষা'য় পয়ারের ক্রোধে
ছিলে উন্মুল অসুস্থতা পেরিয়ে কপোতাক্ষের বিশ্বজনীন স্রোত হয়ে
অগ্নিবীণার দ্রোহ ভরা উদাস পূরবী হাওয়ায়। তিতুমীরের দুঃসাহস
আর সবুজ চাষীদের দুর্ভেদ্য বিদ্রোহ, আবার তুমিই হয়েছ বাউল লালন
আমার সন্তান, শিখে নাও তিরিশ লক্ষের লক্ষ্যভেদী
মিছিল থেকে জীবনের মানে। তুমি আর জীবন
সহোদর হয়ে বেড়ে ওঠো মুষ্ঠিবদ্ধ হাতে মুক্তির নামে।
এখন রাত। ভোর ঠিক হলে জাগবেই তুমি, দেখবে দিকে দিকে
কত আলো ডাকছে তোমাকে। বিভ্রান্তীর উজ্জ্বল রোদে তুমি
যেওনা পথ হারিয়ে; মিশে যেওনা দাঁতল নেকড়ের দলে
হত্যাকে উৎসব যারা ভাবে; আমি তোমার জন্য তাই হে সন্তান আমার,
লিখে দিয়ে গেলাম মানুষের দিকে আমার প্রণয় গাঁথা সারা রাত জেগে
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



