কার্ডিগান হারিয়ে গেলে ইচ্ছেরা অমিতব্যয়ী হয়ে ওঠে।
আমাদের দিকে ছুটে আসে তীব্র ভয়,
করোটিতে জমানো রৌদ্র।
কয়েকটি অতিকায় হাতির নাসিকা রন্ধ্রে
খুঁজে পাওয়া যায় অবলুপ্ত সকাল;
শুকনো পাতায় জমানো আগুন। আর
গেল শীতের উষ্ণতা এখনো বকেয়া রাখা
বক্তৃতা প্রবণ সভাসদগণ।
রিক্সার হুড থেকে কার্ডিগান কার্ডিগান বলে
মৃদু স্বরে কে যেন কাকে ডাকে;
কার্ডিগান মানে মাঘের মধ্যরাতে
ফুটপাতে উদোম শিশুর বয়স্ক হামাগুড়ি।
অথবা, নিকট ইতিহাস থেকে
একে একে ফিরে আসা প্রাসাদ বালিকারা,
যারা গান গায়, নাচে আর কেঁদে বুক ভাসায়;
তাদের দেহে কোনদিন শীত নামেনা।
... ঐদিকে,
ঝোপের কাছে কার্ডিগান হারিয়ে যাওয়া
পুরুষেরা জেনে যায় সমস্ত পতিতার নিক নেম নীল কার্ডিগান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

