আদালত প্রতিবেদক
হত্যার উদ্দেশ্যে বেদম প্রহার এবং ক্রসফায়ারের ভয় দেখিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে র্যাব-৩-এর ক্যাপ্টেন শফিকুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম একেএম এনামুল হক এই গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। গত ২০ জুলাই ক্যাপ্টেন শফিকুল ইসলামের রিরুদ্ধে বাদী হয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন রাজধানীর কাকরাইলের ৩৬ পাইওনিয়ার রোডের ব্যবসায়ী বিমল চন্দ্র ঘোষ। মামলাটি দায়েরের পর বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়। মহানগর হাকিম মেহেদী হাসান তালুকদার বিচার বিভাগীয় তদন্তে ৪ জনের সাক্ষ্য গ্রহণ করেন। মামলার আরজিতে বলা হয়, বাসাবোর ১৬ নং মায়াকাননের ব্যবসায়ী দুলাল চন্দ্র লালার সঙ্গে বাদীর পারিবারিক
সম্পর্ক ছিল। দুলাল তার হৃদরোগের চিকিৎসার জন্য বাদীর কাছ থেকে ৩ লাখ টাকা ধার নেন। ধারের টাকা পরিশোধ না করায় বাদীর সঙ্গে দুলালের মনোমালিন্য সৃষ্টি হয়। এক পর্যায়ে দুলাল ওই টাকা ফেরত দিতে অস্বীকার করে।
গত ৯ জুলাই ২১ মতিঝিলে বাদীর ব্যবসায়িক অফিসে গিয়ে ৪ জন র্যাব কর্মকর্তা তাকে র্যাব-৩ অফিসে যেতে বলেন। ১২ জুলাই বাদী তার ভাগিনাকে নিয়ে র্যাব-৩-এর অফিসে গেলে র্যাব কর্মকর্তা শফিকুল কিছু কাগজপত্র বের করে বলেন, আপনার বিরুদ্ধে দুলাল চন্দ্র লালা অভিযোগ করেছেন। র্যাব-৩ কার্যালয়ে বাদীর স্ত্রী-ছেলেমেয়ের উপস্থিতিতে তাদের সামনেই রশি দিয়ে ঝুলিয়ে ১ ঘণ্টা এলোপাতাড়ি প্রহার করেন। রক্তাক্ত জখম অবস্থায় গরম পানি ঢেলে তাকে অজ্ঞান করে ফেলেন। পরে তাকে ১৫০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা লিখতে বাধ্য করেন।
সূত্র: সমকাল(১৮.১১.০৯)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




