ভার্চূয়াল লাইফের মানুষগুলির সাথে যে পরিচয় সূত্রে আবদ্ধ ছিলাম- তাতে তাদের উচ্ছাসবোধটা বিশেষত আমাকে নিয়ে বেশ উপভোগ করতাম। কথা হত, ওয়েব ক্যাম, ম্যাসেঞ্জার, এসএমএস - সীমাবদ্ধতা এসবের মধ্যেই ছিল। গন্ডিটা পেরুবার ইচ্ছে থাকলেও হবে আবার হবেনা এ দোদুল্যতায় আর কখনো তা হয়ে উঠতনা। ইচ্ছে যে একেবারই হতনা তাও নয়, ওপাশের মানুষগুলি দেখতে কেমন, লম্বা না খাটো, মোটা না সরু, মজার না গম্ভীর তবুও অজানার মাঝেই উপভোগটা বেশী করতাম বলেই ইচ্ছেগুলো কখনো ওভাবে সাড়া দেয়নি - এ তো গেল নিজের কথা!
কিন্তু যাদের সাথে বিভিন্ন সময় আবেগ, ভাব, আনন্দ, দু:খ শেয়ার করছি তারা ঠিকই খুজত, দেখত চাইত সামনাসামনি এ মানুষটাকে। খুব আহামড়ি ধরনের মানুষ আমি নই তবুও চাইত কোন এক টানে। এতটাই উতসাহী হল নিজেকে আর আড়ালে রাখতে পারলামনা তাই বলে সরাসরিও নিজেকে সামনে আনলাম না। একটা অস্পষ্ট ধোয়ার মাঝে আমি আমাকে দুর হতে দেখে নিতে হবে, কাছে এলেই আমি অদৃশ্য।
শুক্রবার, আমার অফিস ডে, অন্য যেকোন দিনের তুলনায় বেশ হালকা। যদিও সকালে আসি তারপরেও রাত ১০টা বেজে যায় বেরুতে। ১০টায় কার্ডটা পাঞ্চ করে বের হয়ে পান্থপথের পথ হয়ে সোজা কারওয়ান বাজার মোড়ে। একটা বাদামের মোবাইল ভ্যান আছে। ৫০গ্রাম বাদাম অর্ডার হয়। হাতে বাদামের প্যাকেটটা। ঠিক যেখানে নজরুলের ফলকটি আছে ওখানেই কর্ণারে হেলান দিয়ে বসে থাকবে একজন যে বাদাগুলো খেতে থাকবে। আলো আধারের মাঝে যে মানুষটাকে দেখা যাবে সেই এই মানুষটি, ঠিক ততক্ষনই থাকবে যতক্ষন না বাদামগুলো শেষ হয়, তারপর গন্তব্যের বাসে উদ্দেশ্যে যাত্রা। - এভাবেই তাকে লিখে পাঠালাম আমাকে পাওয়ার ঠিকানা।
ঠিকই এক শুক্রবার আমার সামনে একজন দাড়িয়ে, জিজ্ঞেস করছে আমি সেই কিনা। বেশ আশ্চর্য না চেনার ভঙ্গিতে তাকিয়ে থাকলাম, নিজ থেকেই পরিচয় দিয়ে এখানে আসার বিস্তারিত বলল। আমি কিছুতেই চিনতে পারলাম না, কে আমি, কাকে খুজছে, কেন, বিভিন্ন প্রশ্নে দিধ্বান্বিত সে? কিছু বলার আগেই কিছু ভেবে চলে গেল।
রাতে কথা হল, কন্ঠ ঠিকই চিনতে পেরেছে মনে হয়, তবুও নিজেকে আড়ালে রাখলাম, আমিই সেই নই বলে পাশ কাটাতে গেলেও কোথায় যেন বারবার হোচট খেলাম।
তারপর অনেক সময় পেরিয়েছে, সবকিছুই আগের মতই আছে আমার এখনও সেখানে বসা হয়, বাদাম চেবানো হয়, কিন্তু একটি অপূর্ণতা এখনও কাজ করে সেদিন যাকে হারিয়েছে আর কোথাও তাকে পাইনি।
আজ শুক্রবার, কিছুক্ষন পর সেখানে বসা হবে এদিক ওদিক তাকিয়ে খোজা হবে কিন্ত পাওয়া হবেনা, উত্তর জানা, তারপরেও খুজি কোনদিন যদি তার দেখা পেয়ে যাই ! এই আশায়।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


