শ্রীমঙ্গলে পানপুঞ্জির গাছ কাটা ও আদিবাসীদের উচ্ছেদের চেষ্টা বন্ধের দাবিতে ঢাকায় সংবাদ সম্মেলন
মৌলভীবোজারের শ্রীমঙ্গল উপজেলার খেজুরীছড়ার বিভিন্ন খাসিয়া পানপুঞ্জিতে অবাধে গাছ কাটা হচ্ছে। গাছ কেটে পানপুঞ্জি ধ্বংসের মাধ্যমে আদিবাসীদের উচ্ছেদের চেষ্টা চলছে। নাহার চা-বাগান কর্তৃপক্ষ অবৈধভাবে এ কর্মকাণ্ড চালাচ্ছে। গতকাল মঙ্গলবার আদিবাসী পরিবেশ রক্ষা আন্দোলন ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তারা এ অভিযোগ করেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বক্তারা অভিযোগ করেন, নাহার চা-বাগান কর্তৃপক্ষ সরকারের কাছ থেকে ৮৬৪ একর জমি ইজারা নিলেও বাস্তবে তারা ১২০০ একর জমি দখল করেছে। ইজারা নেওয়া ও দখল করা জমি তারা অবৈধভাবে খাসিয়াদের কাছে ইজারা দিয়েছে। ইজারার মাধ্যমে তারা বিভিন্ন সময়ে এক কোটি ৬৫ লাখ টাকা আদায় করেছে। এখন গাছ কেটে পানপুঞ্জি ধ্বংসের মাধ্যমে আদিবাসীদের উচ্ছেদের চেষ্টা করছে। এরই মধ্যে ৭০০ গাছ কাটা হয়েছে। আরও ৩৩০০ গাছ কাটার জন্য নির্বাচিত করা হয়েছে।
বাপার সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমেদ বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অর্থ সহায়তা চাইছে। কিন্তু নিজ দেশে বনভূমি রক্ষার মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উদ্যোগ নেওয়া হচ্ছে না। প্রভাবশালী লোকজন গাছ কাটলেও বাধা দেওয়া হচ্ছে না। এটা সরকারের ঘোষিত নীতির বিরুদ্ধে যাচ্ছে।
মূল প্রবন্ধে বাপা'র যুগ্ম সম্পাদক শরিফ জামিল বলেন, বাংলাদেশ চা ব্যবস্থাপনা নির্দেশিকায় ইজারা নেওয়া জমি অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ইজারা দেওয়া যাবে না। ইজারার জমির গাছ কাটাও নিষিদ্ধ। কিন্তু ওই চা-বাগান কর্তৃপক্ষ এ নিয়মের অমান্য করে জমি ইজারা দিচ্ছে।
বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, আদিবাসীরা সব সময় বন ও প্রাকৃতিক পরিবেশ রক্ষা করে। বিগত সরকারগুলোর আমলেও ইকো পার্কের নামে বন ধ্বংস এবং আদিবাসী উচ্ছেদের চেষ্টা করা হয়েছে। আন্দোলন করে তা মোকাবিলা করা হয়েছে। এখনো একই প্রক্রিয়া চলছে। আন্দোলনের মাধ্যমেই তা মোকাবিলা করা হবে।
বক্তারা খেজুরীছড়ায় নাহার চা-বাগান ও সংলগ্ন খাসিয়া পানপুঞ্জির গাছ কেনা-বেচা ও গাছকাটা বন্ধ করা এবং দখল করা জমি উদ্ধারসহ পাঁচ দফা দাবি তুলে ধরেন।
এ সময় আদিবাসী পরিবেশ রক্ষা আন্দোলনের নেতা ফাদার যোসেফ গমেজ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



