ফতোয়াবাজির শিকার নূরজাহানের আত্মহননের ১৬ বছর পূর্তি আজঃ
আজ ১০ জানুয়ারি নূরজাহান লক্ষ্মীর আত্মহননের ১৬ বছর পূর্ণ হলো। ১৯৯৩ সালের এই দিনে ফতোয়াবাজির শিকার হয়ে নূরজাহান আত্মহননের পথ বেছে নেন। তাঁর বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ছাতকছড়া গ্রামে।
বিয়ের পর স্বামী দীর্ঘদিন ধরে কোনো খোঁজখবর না নেওয়ায় নূরজাহানকে নিজের বাড়িতে আনেন বাবা আশ্রব উল্যা। স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আব্দুল মান্নান নূরজাহানকে বিয়ের প্রস্তাব পাঠান। আশ্রব উল্যা মাওলানার প্রস্তাবে রাজি হননি। তিনি একই গ্রামের মতলিব মিয়ার সঙ্গে নূরজাহানের দ্বিতীয় বিয়ে দেন। কিন্তু বিয়ের মাস দেড়েকের মধ্যে নূরজাহান ও মতলিবের বিয়েকে অবৈধ বলে ফতোয়া জারি করেন মাওলানা মান্নান।
১৯৯৩ সালের ১০ জানুয়ারি সকালে গ্রাম্য সালিসি বিচারে নূরজাহানকে মাটিতে পুঁতে ১০১টি পাথর নিক্ষেপ করার রায় দেওয়া হয়। গ্রামের মনির সর্দার নূরজাহানকে উদ্দেশ করে বলেন, 'এত কিছুর পর তোর বিষ পান করে মরে যাওয়া উচিত।' এ ঘটনায় ক্ষোভে-দুঃখে সেদিনই বিষপান করে আত্মহত্যা করেন নূরজাহান ।
আমাদের সমাজের ধর্মীয় ও সামাজিক কুসংস্কার, বিধি-নিষেধ উপেক্ষা করেই মানুষ এগোচ্ছে। নারীর রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও আইনগত অধিকার নিশ্চিত করে নারী মুক্তির পথ প্রশস্ত করতে হবে। নারী মুক্তির বিষয়টি সামাজিক প্রগতির সাথে জড়িত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



