ব্লগ কর্তৃপক্ষ, দয়া করে নিম্নে উপস্থাপিত আমার বক্তব্যসমূহ একটু ধৈর্য্যের সাথে পড়লে কৃতার্থ হতাম। এগুলোকে আপনারা মতামত/পরামর্শ/অনুরোধ/পর্যালোচনা/ যেকোনটির একটি হিসেবে গ্রহণ করতে পারেন।
১। Randomly যেকোন পোস্ট প্রথম পাতায় স্থান দিলে হয়তো ঘনত্ব বাড়ে, তবে নিঃসন্দেহে এর গুরুত্ব কমে। প্রথম পাতায় স্থান দিবার পূর্বে পোস্টগুলোকে কিছুটা হলেও যাচাই বাছাই করার প্রয়োজন আছে বলে মনে করি। এক্ষেত্রে আমি বিশ্বাস করি মৌলিক লেখাগুলোই প্রাধান্য দেয়া উচিৎ। 'আমি আমার প্রোফাইলে মানুষের স্থলে বান্দর বসাইছি কিংবা গতকালকে রাস্তায় হাটতে গিয়া বুড়ো নানীর সাথে ধাক্কা খাইছি অথবা কার প্রোফাইল কতো সুন্দর'---- এই ধরণের অহেতুক হালকা কথা সম্বলিত পোস্টগুলোর ভিড়ে অনেক বক্তব্যধর্মী লেখাও হারিয়ে যায়।কাজেই প্রথম পাতার গুরুত্বে স্বার্থে কর্তৃপক্ষ প্রথম পাতায় পোস্ট এলাও করার বিষয়ে একটও যত্নবান হবেন বলে আশা করি।
২। ধর্ম সম্পর্কিত পোস্টগুলো যতদূর সম্ভব উৎসাহিত না করাই যুক্তিযুক্ত হবে-- তা ধর্মের পক্ষেই হোক বা বিপক্ষেই হোক। অভিজ্ঞতা থেকে বলতে পারি এ ধরণের পোস্টই ব্লগে উত্তেজনা সৃষ্টির প্রধান মাধ্যম। দেশের সংবিধান প্রত্যেক ব্যক্তিকে তার ধর্ম পালনের অধিকার দিয়েছে। কাজেই কারো বিশ্বাসের বিষয়ে (তা যে ধর্মেরই হোক) নেতিবাচক বক্তব্যের মাধ্যম হিসেবে ব্লগ যাতে ব্যবহার না হয় সেদিকে আরও মনোযোগী হওয়া উচিত বলে মনে করি। অপরদিকে একজন বস্তুবাদী মানুষ হিসেবে আমি বিশ্বাস করি, কেউ যদি ধর্ম পালন না করে কিংবা অবিশ্বাস করে তবে তাকে জোর করে বিশ্বাস করানো রাষ্ট্রের দায়িত্ব নয়। ধর্ম ব্যক্তি কিংবা ব্যক্তির আচরণের মাঝেই সীমাবদ্ধ থাকা উচিত। তবে ধর্মের অপব্যবহার করে অনাচার করা হচ্ছে কিংবা এর ব্যবহার করে কেউ অনৈতিকভাবে লাভবান হচ্ছে-- এ জাতীয় বক্তব্য সম্বলিত পোস্টগুলোকে অবশ্যই বিশেষ গুরুত্ব দেয়া উচিত।
৩। এ ব্লগে, একমাত্র প্রতিক্রিয়াশীল জামায়াতের সাথে সংশ্লিস্ট ব্যক্তিবর্গই দলীয় প্রচারণা সম্বলিত পোস্ট দেয়। আমি আবার বলছি, দলীয় প্রচারণাই এ পোস্টগুলোর একমাত্র উদ্দেশ্য। তাছাড়া এই সব পোস্টের বেশিরভাগই দেশের স্বাধীনতার ইতিহাসকে বিকৃতভাবে উপস্থাপন করে। আমি দৃঢ়ভাবে ধারণা করি, ব্লগ কর্তৃপক্ষ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ইতিহাসকে সঠিকভাবে উপস্থাপন করতে সব সময়ই সচেষ্ট। বিভিন্ন জাতীয় দিবসে তাদের প্রেরিত বার্তাগুলোর মাধ্যমে তারা তাই আমাদের অবহিত করে আসছে। কাজেই দেশের ইহিতাস বিকৃতির মতো একটি হীন উদ্দেশ্যে কেউ ব্লগকে ব্যবহার করবেন তা নিশ্চয়ই তারা চাননা। আমার বিশ্বাস, তারা ভবিষ্যতে এ বিষয়ে আরো সচেতন হবেন।
৪। পূর্বে 'টপ রেটেড ব্লগ' নামে জনপ্রিয় পোস্টগুলোকে বাছাই করার একটি প্রক্রিয়া ছিলো। আমি ঠিক জানিনা, কর্তৃপক্ষ কেন এই প্রক্রিয়াটি বন্ধ করে দিলেন। সম্ভবতো এ বিষয়ে কোন অনিয়মের সুযোগ ছিলো। যে কারণেই বন্ধ করা হোক না কেন, এই প্রক্রিয়াটি আবার চালু করার প্রয়োজন আছে বলে মনে করি। কারণ এই প্রথাটি চালু থাকলে ব্লগার রেটিং দেয়ার ব্যপারে যেমন আরো সচেতন হতো তেমনি লেখার উৎকর্ষের বিষয়েও আরো সচেতন হতো। আমার মনে হয় কর্তৃপক্ষ 'টপ রেটেড ব্লগ' প্রক্রিয়াটি আবার চালু করতে পারেন।
৫। ব্লগের নির্বাচিত পোস্টগুলো সত্যি অসাধারণ এবং আমার ধারণা এ বিষয়ে কারো কোন দ্বিমত নেই। তবে ব্যক্তিভাবে আমার মনে হয় নির্বাচিত পোস্টে দু'একটা কবিতা স্থান দেয়া যেতে পারে। এখানে অনেকেই ভালো কবিতা লেখেন। বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত উপ-সম্পাদকীয় বা কলামগুলো অথবা সাক্ষাতকার ভিত্তিক পোস্টগুলো যদি নির্বাচিত পোস্টে স্থান পায় তাহলে সেখানে সাধারণ ব্লগারদের লেখা দু'একটা কবিতা স্থান দিলে কী এমন ক্ষতি? আমার ধারণা নির্বাচিত পোস্টে সাধারণ ব্লগারদের লেখা দু'একটা মৌলিক কবিতা স্থান দিলে ব্লগের আভিজাত্য ক্ষুন্ন হবেনা।
আমি জানিনা ব্লগ কর্তৃপক্ষ আমার এই লেখাটি পড়বেন কি না। যদি পড়ে থাকেন তবে দয়া করে এ বিষয়ে আপনাদের মতামত/পর্যালোচনা আমাকে অবহিত করবেন। এক্ষেত্রে আপনাদের মতামত/পর্যালোচনা আমাকে মেইল করে জানাতে পারেন অথবা এই পোস্টে মন্তব্য আকারে প্রেরণ করতে পারেন। কৃতার্থ হবো।
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


