গুগলের বাংলা ইন্টারফেইসে কী সমস্যা? জানিয়ে দিন সরাসরি গুগলকেই ...
২৩ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫৩
গুগলের বাংলা ইন্টারফেইসে অদ্ভুত বাংলা শব্দের ব্যবহার নিয়ে অভিযোগের অন্ত নেই। "নীড়পাতা", "ডকিউমেন্টস", "রঙায়ন", "পরিষেবা", "আমি নিজেকে ভাগ্যবান মনে করছি", "গুলি গুলি গুলি" (ধারণাগুলি, ডেমোগুলি, পরীক্ষণগুলি...), "শ্রেণিবদ্ধ", "ব্রাইজার", "সরঞ্জাম দণ্ড", -- এহেন অদ্ভুত খাপছাড়া শব্দ উপহার দিয়েছে গুগল, যা পড়ে মাথা ঘোরায়, কিংবা ধুলো পড়া "চলন্তিকা পুরাতন বাঙ্গালা অভিধান" বের করতে মন চায়। এই নিয়ে ব্লগারেরা অনেক সময় অনেক পোস্ট দিয়েছেন।
--
গুগলের এহেন দুর্বোধ্য বাংলা ইন্টারফেইসের ভয়ে বাংলাদেশের অনেকেই গুগল ব্যবহার করেন ইংরেজিতে। কারণ গুগলের ইংরেজি যতটা সহজ, বাংলা ততোটাই দুর্বোধ্য, পড়তে গেলে মনে হয় অবাঙালী কারো লেখা এবং পুরাতন অভিধানের সাহায্য অনুবাদ করা ... বোঝার জন্য বাংলাতে অনার্স ডিগ্রীধারী হওয়া লাগবে :o ।
ব্লগারদের এই অভিযোগগুলোর কথা তুলে ধরেছিলাম গুগলে কর্মরত আমার বন্ধু শিশির খানের কাছে। বাংলাদেশী এই প্রোগ্রামার গত ৫ বছরের বেশি সময় যাবত গুগলে কাজ করছেন, গুগল আর্থ টীমের সদস্য তিনি। গুগলে কাজ করার সময়েই দেখেছি, বাংলাদেশকে ও বাংলা ভাষাকে তুলে ধরতে শিশিরের আগ্রহের কমতি নেই। কাজেই ওকে জানানো মাত্রই এই সমস্যা গুলো কীভাবে সমাধান করা যাবে, সেই ব্যাপারে খোঁজ খবর শুরু করে। আজ শিশিরের ইমেইলের প্রেক্ষিতেই সামহয়ারের বিশাল ব্লগ সমাজের সাহায্য প্রার্থনা করে আমার এই পোস্ট।
--
গুগলের ইন্টারফেইসে বাংলার এই হাল নিয়ে বাংলাদেশী ইউজারদের যে আক্ষেপ, তা মেটাবার জন্য গুগলের ল্যাঙ্গুয়েজ টীমের সাথে শিশির আগামী সোমবারে মিটিং করছে। এই জন্য সাহায্য চাই আপনাদের সবার কাছ থেকে ... ।
গুগলের বাংলা ইন্টারফেইসের কী কী সমস্যা আছে, এই পোস্টের কমেন্টে সেটা লিখুন। দয়া করে কোন ওয়েবপেইজের কথা বলছেন, তার লিংক দিন এবং কোন বাক্য/শব্দটি নিয়ে সমস্যা আছে, তাও লিখুন।
শিশিরের অনুরোধ, এই পোস্টের মাধ্যমে আপনারা গুগলের কাছে জানান সমস্যাগুলোর কথা। আগামী ২ দিন ধরে কমেন্টের মধ্যে যা যা সমস্যা আসবে, আমি সব এক বারে জড়ো করে ইমেইল করে পাঠিয়ে দেবো, সোমবারের মিটিং এ ল্যাঙ্গুয়েজ ইন্টারফেইস টিমকে সেটা জানানো হবে। এছাড়া বাংলা ইন্টারফেইস সংক্রান্ত যেকোনো পরামর্শও এখানে দিতে পারেন।
সম্ভব হলে ফেইসবুক বা অন্য সাইটের মাধ্যমে বন্ধু বান্ধবকেও এই পোস্টের কথা জানান ও কমেন্ট দিতে বলুন। সামহয়ার এখনকার সবচেয়ে বড়ো বাংলা ব্লগ সাইট, কাজেই শিশিরকে আমি কথা দিয়েছি, সবচেয়ে বেশি সংখ্যক ইউজারের মতামত এখানেই পাওয়া যাবে।
---
আসুন, আমাদের ভাষার সমস্যা, আমরা নিজেরাই সমাধান করি ...
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): গুগল ;
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
হাসিব বলেছেন:
সবচেয়ে ভালো হয় স্ট্রিংগুলোর একটা তালিকা পাওয়া গেলে । সেক্ষেত্রে আমরা একটা একটা শব্দ বা বাক্য ধরে অনুবাদ প্রস্তাব করতে পারতাম ।
লেখক বলেছেন: আপাতত এই লিংক গুলাতে দেখুন, কী কী বেখাপ্পা শব্দ পান।
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
http://www.google.com/language_tools?hl=bn
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন:
ভালো প্রচেষ্টা রাগিব ভাই।১. উন্নতমানের অনুসন্ধান
২. সার্চের পর -সঞ্চিত পাতা
৩.সার্চ বাটনের পাশে 'ভাগ্যবান অনুভব করছি'
-এই জাতীয় উদ্ভট বাংলা পরিবর্তন দরকার।আপাতত এই মনে পড়ছে। মনে পড়লে আরো দিবো।
লেখক বলেছেন: দয়া করে সমস্যাগুলো কোন কোন পাতায় আছে, একটু লিংক দেন। ইন্টারফেইস টীমকে সুনির্দিষ্টভাবে অভিযোগ দিতে হবে, কাজেই পাতাটার লিংক ও দেন। কেবল গুগলের সার্চ না, জিমেইল সহ অন্য সব সার্ভিসের বাংলা ইন্টারফেইসের সমস্যাগুলো লিংক সহ দিয়েন।
লেখক বলেছেন: ঠিক। সমস্যা হলো, গুগল কাকে না কাকে ভাষাবিদ হিসাবে কাজ দিয়েছিলো কে জানে। আভিধানিক বাংলা দিয়ে ভরিয়ে ফেলেছে, আক্ষরিক অনুবাদে "পার্শদন্ড", "শিরোলেখ" এই রকমের বেখাপ্পা শব্দে ওদের ইন্টারফেইস ভর্তি।
১. ফায়ারফক্স ব্রাউজারে ভালো দেখা গেলেও অপেরাতে বাংলা এতো ছোট আকারে দেখা যায় যে, তা প্রায় দূর্বোধ্য।
২. আর বাংলা লিখতে হলে কম্পিউটারে যে কোন একটা বাংলা ইউনিকোড কিবোর্ড লেআউট ইন্সটল করা থাকতে হয়। সামহোয়্যারে যেমন কোন রকম কিবোর্ড লেআউট ইন্সটল করা ছাড়াই লেখা যায়, সেরকম একটা ব্যবস্থা করলে মনে হয় ভাল হতো ব্যবহারকারীদের জন্য।
লেখক বলেছেন: ১ নং কি সাইটের সমস্যা নাকি ব্রাউজারের?
২ নং কিন্তু ওরা ইতিমধ্যেই করেছে, যেমন এই লিংক দেখুন।
Click This Link
এখানে কিছু লিখলে সাজেশন দেখায় কিন্তু বাংলাতেই।
আপনাকে ধন্যবাদ।
আমিনুল ইসলাম বলেছেন:
রাগিব ভাই, অসাধারণ উদ্যোগ। ধন্যবাদ আপনাকে ও আপনার গুগল-বন্ধুকে সত্যিই গুগলের অনূদিত বাংলা দেখলে বাংলার প্রতিই একটা অনীহা ভাব এসে পড়ে। একথা সত্য যে গুগলের প্রায় প্রতিটি সেবা (এমনকি টার্মস অফ এগ্রিমেন্ট পর্যন্ত) বাংলায় অনূদিত হয়েছে এবং এটি নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। তবে আপনি যেমনটি বললেন বাংলা অনুবাদে ছোটখাট কিছু ভুলভ্রান্তি রয়ে গেছে যা বাংলা ভাষার জন্য মোটেই ভাল নয়। তাই তারপর থেকেই আমি উদ্ভট বাংলা দেখে মেজাজ খারাপ করার পরিবর্তে গুগলের ইংরেজী ভার্সনই ব্যবহার করে আসছি।
যাই হোক, উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সফল হবে এই উদ্যোগ। আর গুগলকে বাংলায় অনুবাদ করার কাজে বাঙ্গালীদেরকে লাগালেই বোধহয় ভালো হতো।
লেখক বলেছেন: বন্ধুবান্ধব সবাইকে জানিয়ে দাও, আগামী দুই দিনে যা যা সমস্যা পাবো, সব সরাসরি পাঠিয়ে দিবো।
রাগিব বলেছেন:
পোস্টটি আপাতত স্টিকি করার জন্য কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ।
লাভলুদা বলেছেন:
http://www.google.com/webhp?hl=bn এ উপরের ট্যাবে "সংগ্রহ" গুগলের বাংলায় অনুবাদে আমিও কিছু সময় দিয়েছিলাম অমি আজাদের সাথে, কিন্তু যখন দেখতাম আমাদের করা স্ট্রীং গুলি অন্যকেউ ল্যাটেন অথবা অন্যকোন শব্দ দিয়ে রিপলেইচ করে দিচ্ছে, তখন আগ্রহ হারিয়ে ফেলেছিলাম।
তবে আমি সব সময় গুগল বাংলাটাই ব্যবহার করি । শুধু গুগলে নয়, সব জায়গায়।
লেখক বলেছেন: ধন্যবাদ লাভলুদা।
গুগলে কাজ করার সময়ে দেখেছি, ওরা মাঝে মাঝে লিঙ্গুইস্ট নিয়োগ দিচ্ছে। মনে হয় পাবলিকের বাংলা করা স্ট্রিংগুলো সেই লিঙ্গুইস্টেরাই পালটে দিয়েছে।
"সংগ্রহ" এর বদলে কী হতে পারতো?
ইসানুর বলেছেন:
রাগিব ভাই, আপনিতো সব ব্লগেরই সদস্য। তাই অন্যান্য ব্লগসাইটেও এই লেখাটি দিলে ভাল হবে মনে হয় ।সচলায়তন, আমার ব্লগ, প্রথম আলো ব্লগ এ কিছু ব্লগার আছে যারা সামহয়ারে আসেন না। তাই বেশি যায়গায় পোষ্ট করলে মনে হয় বেশি ফিডব্যাক আসবে।
ইসানুর বলেছেন:
http://www.google.com/webhp?hl=bn এখানে "গোষ্ঠিসমূহ" এর পরিবর্তে "গ্রুপসমূহ" হতে পারে ।
লেখক বলেছেন: tool bar?
মন্তব্যকারী বলেছেন:
লিঙ্কসমূহ:Click This Link
Click This Link
Google সর্ম্পকে সবকিছু => Google সর্ম্পকে জানুন
রঙায়ন=>রং
উন্নতমানের ছবি অনুসন্ধান=> উন্নতপ্রক্রিয়ায় ছবি অনুসন্ধান
গোষ্ঠিসমূহ=>গ্রুপসমূহ
সংগ্রহ সম্পর্কে সাহায্য=>অভিধানের সাহায্য নিন
লিঙ্ক:
http://www.google.com/language_tools?hl=bn
বোতামের লেখা আপনার নিজের ভাষায় দেখতে..=>বাটনের লেখা আপনার নিজের ভাষায় দেখতে..
লেখক বলেছেন: "ভাগ্যবান অনুভব করছি"
এইটা হলো I am feeling lucky এর আক্ষরিক অনুবাদ। ইংরেজিতে এর অর্থ আছে, কিন্তু বাংলাতে বাক্যটা প্রচন্ড খাপছাড়া। আক্ষরিক অনুবাদের কুফল।
নিদ্রালু বলেছেন:
ধন্যবাদ রাগিব ভাই। আমার মনে হয় বাংলা করার সময় সবসময় ইংরেজি শব্দগুলো মাথায় ঘুরাঘুরি করে তাই মোটামুটি একটা বাংলাশব্দ বসিয়ে দেয়া হয়। তাইবাংলা করার সময়ে ইংরেজিতে কিছিলো সেটাভুলে গেলে অনেক কিছু আপনিতেই ভাল হয়ে যাবে।
তছাড়া সব শব্দকেই বাংলা করতে হবে তারও কনো দরকার দেখিনা। যেমন "যেকনো আকারের" না লিখে "যেকনো সাইজের' হলেই বরং ভাল।
তেমনি "ফাইলের ধরণ" নালিখে ফাইলের টাইপ লেখা ভাল। "রঙায়ন" না লিখে কালার ইত্যাদি।
আবার অনেক বাক্য যেগুলো বেখাপ্পা লাগে সেগুলো এভাবে পরিবর্তন করাযেতে পারেঃ
এই সকল শব্দগুলোর সাথে সম্পৃক্ত----> এই শব্দ গুলো যে ছবির নামে আছে
ঠিক এই শব্দের সাথে সম্পৃক্ত---> শুধুমাত্র এই শব্দটি যে ছবির নামে আছে
যে-কোনো শব্দের সাথে সম্পৃক্ত---> যেকনো একটি শব্দ যে ছবির নামে আছে
এই শব্দের সাথে সম্পৃক্ত না --- এই শব্দটি যে ছবির নামে নেই।
রাগিব বলেছেন:
আমার দেখা একটা সমস্যা বলি, Click This Link এই পাতায় এবং অন্যত্র images বা এরকম বহুবচনের শব্দগুলোর জন্য বাংলা করা হয়েছে "ছবিগুলি" বা পছন্দগুলি - এরকম। আমরা কিন্তু বাংলাতে কথা বলার সময়ে সব সময় "গুলি" বলি না। যেমন, preferences এর আক্ষরিক বাংলা "পছন্দগুলি" হলেও আমরা কিন্তু বলি বা লিখি "পছন্দ"। গুগলের অনেক পাতাতেই এই "গুলি"র দৌরাত্ম্য।
প্রলাপ বলেছেন:
"ভাগ্যবান অনুভব করছিTM" বোতাম আপনাকে অনুসন্ধানের প্রথম পাওয়া ফলাফলে নিয়ে যাবে।"ভাগ্যবান অনুভব করছি" বোতাম ব্যবহার করার অর্থ অনুসন্ধান করতে সময় লাগবে কম এবং বাড়তি সময় নিয়ে পৃষ্ঠা দেখতে পারবেন।
Click This Link
.................................................................................।
হুমমম বুঝলাম, তাহলে এর নাম "সরাসরি প্রথম অনুসন্ধানে" / "সরাসরি প্রথম ফলাফলে" অথবা "সরাসরি অনুসন্ধানের প্রথম ফলাফলে" হতে পারে।
এই ফালতু বাংলা আবার গুগলের ট্রেড মার্ক।
যদিও ফাইলের বাংলা নথিপত্র,তবে এখানে "ডকিউমেন্টস" এর বাংলা হিসেবে "নথিপত্র" বা "নথিপত্রের সংগ্রহ" ব্যবহার করা যেতে পারে,কারণ অফিসের ফাইলপত্রের সংগ্রহ যে কাজ করে এখানে 'ডকিউমেন্টস" লিংকটা একই কাজের জন্য মানে কাজকর্মের রেকর্ড রাখার জন্য দেয়া হয়েছে বলে মনে হয়।
লেখক বলেছেন: আরো আছে, sidebar এর বাংলা করেছে পার্শ্ব দন্ড!! ![]()
আরিফ জেবতিক বলেছেন:
ভাগ্যবান অনুভব করছি = আশা করছি সরাসরি পেয়ে যাব ।
লেখক বলেছেন: বয়স কমে নাই, ভুড়ি কমেছে। ![]()
আরিফ জেবতিক বলেছেন:
এই লিংকে :http://www.google.com.bd/advanced_search?hl=bn
সকলশব্দ সহকারে = সবগুলো শব্দ দিয়ে
ঠিক এই শব্দগুলিসহকারে = শুধু এই শব্দগুলো দিয়ে
অন্তত একটিশব্দ সহকারে= অন্তত এই শব্দটি দিয়ে
গিফার বলেছেন:
:p
আরিফ জেবতিক বলেছেন:
এখানে :http://www.google.com.bd/
চিত্র= ছবি
গোষ্ঠিসমূহ= গ্রুপগুলো
সংগ্রহ = বিষয় ভিত্তিক
লেখক বলেছেন: গ্রুপের বাংলা কি কিছু ব্যবহার করা হয়? নাকি গ্রুপ শব্দটিকে এখন বাংলাতে সরাসরি ব্যবহার করা হচ্ছে?
লেখক বলেছেন: "গুলি" সম্ভবত আক্ষরিক অনুবাদের ফল। মেশিন দিয়ে করানো, কিংবা হিন্দি/ইংরেজি মিডিয়ামে পড়া কোনো "ভাষাবিদ"টাইপের কাউকে দিয়ে অনুবাদ করানোর ফল। ইমেজেস প্লুরাল শব্দ, তাই ইমেজ যদি ছবি হয়, ইমেজেস=ছবিগুলি ইত্যাদি ইত্যাদি। আসলে আমরা বাংলাতে যেমন সব সময় "চা পান করা"র বদলে "চা খাই", সেরকম বহুবচনের বদলে একবচনই সর্বত্র অবলীলায় ব্যবহার করি। "ছবিগুলি" ব্যকরণগতভাবে হয়তো শুদ্ধ, কিন্তু "চা পান" করার মতোই অপ্রচলিত বাংলা। সেটাই এদের বোঝাতে হবে।
ঘুম নাই বলেছেন:
১। গুগল ট্রান্সলেটর বা অনুবাদক বাংলাতেও অনুবাদ করুক।২। গুগল অভিধান http://www.google.com/dictionary?hl=en -এ বাংলা অর্থ চাই।
৩। Click This Link এখানেও চাই।
প্রলাপ বলেছেন:
গ্রুপের বাংলা তো গ্রুপ ই, দল ও চলে। গোষ্ঠি আবার কি জিনিস। ঐটা তো নেগেটিভ অর্থে ব্যবহৃত হয় এখন।
আরিফ জেবতিক বলেছেন:
গ্রুপ বলতে ইন্টারনেটে আমরা যা বুঝি , তার আক্ষরিক অনুবাদ কি সম্ভব ? দল বা গোষ্ঠী দিয়ে বিষয়টি মনে হয় বুঝানো যায় না । তার চেয়ে সরাসরি গ্রুপ শব্দটিকে আত্মীকরন করে নেয়াটা আমার কাছে যৌক্তিক মনে হচ্ছে ।
ঘুম নাই বলেছেন:
(অপ্রাসঙ্গিক)হাঁস কহে কচ্ছপে বাহবা কি ফুর্তি...
অতি খাসা আমাদের বকচ্ছপ মূর্তি...
বহুদিন পর 'আবোল-তাবোল' পড়তে মনে চাচ্ছে। রাগিব ভাইকে ধন্যবাদ।
আরিফ জেবতিক বলেছেন:
আপনার মাধ্যমে আমি শিশিরকে অনুরোধ করব , মিটিংয়ে কিছু জিনিষ গুগুলের সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের কাছে পরিষ্কার করার জন্য ।ভাষা একটি চলমান ও পরিবর্তনীয় বিষয় , এবং বৈশ্বিক বাস্তবতায় বাংলা ভাষায় অনেক বিদেশী শব্দ আত্মীকরন হচ্ছে এবং অনেক বাংলা শব্দ বিলুপ্ত হয়ে যাচ্ছে । এই বিষয়টি তাদের বুঝতে হবে ।
একই সাথে মনে রাখতে হবে যে ভৌগলিক কারনে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মাঝে ভাষাগত বৈচিত্র তৈরী হচ্ছে এবং এটি দিন দিন বাড়ছে । পশ্চিমবঙ্গে যেহেতু বাংলা হিন্দীর আগ্রাসনে বিপর্যস্ত , তাই বাংলা ভাষার মূল প্রতিনিধি বাংলাদেশীরা এবং বাংলা চর্চায় বাংলাদেশের প্রচলিত বাংলাকেই মানদন্ড হিসেবে গ্রহন করতে হবে ।
লেখক বলেছেন: ঠিক।
তবে বাংলাদেশের কথা বলার লোকের বড়ই অভাব। ভারতীয়রা গুগলে প্রায় ৩০-৪০%, বা তারও বেশি। পশ্চিমবঙ্গের কর্মীর সংখ্যাও কম না। কিন্তু সেই দিক থেকে বাংলাদেশী আছে কেবল ৪-৫ জন, তাও শিশির বাদে বাকিরা অনেক নতুন। বাংলার স্ট্যান্ডার্ড এখন বাংলাদেশ, এটা জোরেসোরে তুলে ধরাটা এই অল্প কয়েকজনের জন্য বেশ কঠিন। তার পরেও শিশিরের চেষ্টার কমতি নেই। ল্যাঙ্গুয়েজ ইন্টারফেইস টীমের লোকদের বোঝাতে পারলে হয়। দেখা যাক।
ফ্রুডো বলেছেন:
রাগিব ভাই, "আমেরিকা যুক্তরাষ্ট্রে বিমানের উড়ানের অবস্থা" এই লিংকে তো কিছুই বুঝা যাচ্ছে না। প্রবলেম টা কি জানাবেন?
লেখক বলেছেন: Click This Link
এইখানে গেলে দেখায়
কোন ইউ এস বিমানের স্থিতি যাচাই করার জন্য এয়ারলাইনের নামটি টাইপ করার পরে ফ্লাইট নম্বর টাইপ করুন। উদাহরণস্বরূপ, ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট 134 এর পরিস্থিতি দেখতে হলে "United 134" সন্ধান করুন।
ঘুম নাই বলেছেন:
'টুলবার'কে টুলবার-ই রাখা যেতে পারে। কারণ http://www.google.com/webhp?hl=bn -এখানে "ভাষা সম্পর্কিত টুল" শুনতে খারাপ লাগছে না একেবারে। অবশ্যই আরো ভাল করা যায়।
চাচামিঞা বলেছেন:
"নিজেকে খুব ভাগ্যবান মনে করছি" আশা করি আস্তে আস্তে নিজের ভাষায় গুগলকে আরো ভালো ভাবে ব্যবহার করতে পারবো।
প্রলাপ বলেছেন:
"ভাগ্যবান অনুভব করছি" কে ট্রেডমার্ক করার কারণ কি? অন্য কেউ ই তো এই জাতীয় ভাষা ব্যাবহার করবে না।
লেখক বলেছেন: ইংরেজিতে আই অ্যাম ফিলিং লাকি এই কথাটা গুগল ট্রেডমার্ক করেছে। ইংরেজিতে এর অর্থ আসতে পারে, কিন্তু বাংলাতে এটা পুরাই খাপছাড়া একটা কথা। আক্ষরিক অনুবাদের কুফল।
রাগিব বলেছেন:
http://www.google.com/advanced_search?hl=bnএই পাতায় একবার আপনি, আরেকবার তুমি, আরেকবার ভাব বাচ্যে কথা বলে ...
"এই ভাষার পাতা গুলো দেখুন"
"আমার বিষয়বস্তু আছে এমন ফলাফল দেখাও"
"এখানে উল্লেখিত দেশের মধ্যে অনুসন্ধন করবে:"
--
একই পাতায়, কোনো বানান লিখেছে - কোনো, কোনও, কোন - এই ৩ রকমে।
ঘুম নাই বলেছেন:
Click This Link সম্পৃক্ত একটা কঠিন শব্দ মনে হচ্ছে।"এই সকল শব্দগুলোর সাথে সম্পৃক্ত"--> এসব শব্দের সাথে সম্পর্কিত
"ঠিক এই শব্দের সাথে সম্পৃক্ত"
"যে-কোনো শব্দের সাথে সম্পৃক্ত"
"এই শব্দের সাথে সম্পৃক্ত না"
এই পেজে "রঙায়ন" বদলানো মাস্ট।
রূপক বলেছেন:
https://www.blogger.com/start এই পাতায় "একটি টেম্পলেট চয়ন করুন" এখানে চয়ন এর স্থলে "নির্বাচন" হলে ভালো হয়।
লেখক বলেছেন: ও হ্যাঁ, ব্লগারের কথা ভুলেই গেছিলাম, ওটাও তো গুগলের।
https://www.blogger.com/start?hl=bn
এই পাতায় দেখি, বামে লেখা আছে,
"অভিপ্রায় প্রকাশ করুন"
বাপরে!!! ব্লগে এসে যদি "অভিপ্রায়" প্রকাশ করতে হয়, তাহলে ব্লগার সবাই পালাবে!!
রাগিব বলেছেন:
http://www.blogger.com/featuresএই পাতায়,
"নতুন পোস্টের বিজ্ঞপ্তিসমূহ
আপনার পাঠকরা আপনার ব্লগের ফিডে সদস্যতা নেওয়া চয়ন করতে পারে এর ফলে আপনি য্খনই কোন নতুন ব্লগ প্রকাশ করেন তারা বিজ্ঞাপিত হয়৷ আপনি নিজের ব্লগের ফিডে ভাগ করে নেওয়াগুলি অনুকূলকরণকরতে পারেন এবং আপনার ব্লগটিকে নির্দিষ্ট ইমেল ঠিকানাগুলিতে বা মেলিং তালিকাতে স্বয়ংক্রিয়ভাবে নতুন পোস্টগুলি ইমেল করুনে সেট আপ করতে পারেন৷"
বাবারে!! এসএসসিতে বাংলায় লেটার পেয়েছিলাম, কিন্তু উপরের প্যারাগ্রাফের মাথামুন্ডু কিছুই বুঝলাম না। অবশ্য "ইমেইল"কে ইমেল লেখা দেখেই বুঝতে পারছি, এটা ভারতীয় বাংলা। কিন্তু তার পরেও এই বাক্যগুলার কিছুই মাথায় ঢুকলো না।
রাগিব বলেছেন:
আহ, চরম বিনোদন। উপরের একই পাতায় দেখি,"তৃতীয়-পক্ষ প্রয়োগ"
কয়েক মিনিট পরে বুঝলাম, এইটা হলো Third Party Applications এর বাংলা!!!
অ্যাপ্লিকেশনের বাংলা করেছে "প্রয়োগ"!!!
এখানেই শেষ না।
---
"ব্লগ আপনার কাছে আরও সহজ করে তুলতে আপনি ব্লগারের সাথে সঙ্গতি রাখতে পারে তৃতীয়-পক্ষের প্রয়োগগুলির আয়োজকের মধ্যে থেকে এমন একটি চয়ন করতে পারেন৷ আপনি যদি কোন বিকাশকারী হন এবং আপনার নিজের জন্য দুর্দান্ত প্রয়োগ তৈরি করতে চান অবশ্যই code.blogger.com টি দেখুন৷
বিকাশকারী??? = ডেভেলপার/প্রোগ্রামার???
দাঁত একটা নড়বড় করছিলো অনেকদিন,এবার মনে হয় তুলে ফেলতেই হবে।
রূপক বলেছেন:
ড্যাশবোর্ডের :১. "সরঞ্জামগুলি এবং সংস্থানগুলি" এর স্থলে "উপকরন এবং উপাত্তসমূহ" হতে পারে...
২. "সহায়তা সংস্থানগুলি" এর স্থলে "সহায়ক উপাত্তসমূহ" হতে পারে...
৩. "ব্লগার স্থিতি" এর স্থলে "ব্লগার এর সাম্প্রতিক অবস্থা" হতে পারে...
৪. "নবীন পোষ্ট" এর স্থলে "নতুন পোষ্ট/নতুন লেখা" হতে পারে...
আপাতত এগুলোই...আরও চোখে পড়লে জানাবো।
আর রাগিব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একটা উদ্যোগ নেবার জন্য।
লেখক বলেছেন: হেল্পে গিয়ে তো কেবল গোল্লা গোল্লা দেখি!!
Click This Link
মনজুরুল হক বলেছেন:
রাগিব আমাদের এফএম রেডিও স্টেশনগুলো বাংলাকে যে ভাবে "ধর্ষণ" করছে তা যদি চলতেই থাকে তাহলে প্রমিত বাংলা আর এক দশক পর খুঁজে পাওয়া যাবে না।
পোস্টের জন্য ধন্যবাদ।
কুঙ্গ থাঙ বলেছেন:
খুব ভালো একটি উদ্যোগ। উদ্ভট ও ভীতিকর বাংলা যাতে দেখতে না হয় সেজন্য সবসময় ইংরেজী ডিফণ্ট করে রাখি। লিঙ্গ্যুইস্ট যেগুলো নিয়োগ দেয়া হয়েছে তারা নিশ্চয় পশ্চিমবঙ্গের হবে, ওখানে বাংলা ভাষার কিছু অবশিষ্ট নেই।
এরশাদ বাদশা বলেছেন:
দেখুন না, খাপছাড়া এই বাংলা ভাষার সাথে মানিয়ে নিয়েছিলাম। রাগিব চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়াতে প্রথমে চোখ কপালে উঠে গেলো। তারপর যুগপৎ রাগ এবং হাসির ফোয়াড়া। ঠিকই বলেছেন, আক্ষরিক অনুবাদের ফলেই এই বেড়াছেড়া অবস্থা। আপাতত ব্লগারদের উপর ভরসা করছি। তারা সব উপাত্ত ঘেঁটে সঠিক ভাষারীতিটা খুঁজে দেবেন আশা করি। আমি দৌড়ের উপর আছি। আমাদের গৌরব রাগিব ভাইকে অনেক ধন্যবাদ। সেই সাথে শিশির ভাইকে তো অবশ্যই।
ফিউশন ফাইভ বলেছেন:
১. অনুবাদ হবে স্মার্ট, মুখের ভাষার কাছাকাছি। আক্ষরিক অনুবাদ কিছুতেই নয়। যেমন, পেইজ - পৃষ্ঠা (কিন্তু পাতা নয়)। "উন্নতমানের অনুসন্ধান" - "অগ্রসর অনুসন্ধান"।
২. ইউজারের সঙ্গে বেয়াদবি করা যাবে না। যেমন, "এই পাতায় অথবা ডোমেইনের মধ্যে চিত্র অনুসন্ধান করো" বললেই মাইনাস। বলতে হবে "করুন"। "দাও" নয়, বলতে হবে "দিন"।
৩. "গুলি" শব্দটি যতো জায়গায় আছে, সবখান থেকে গুলি করে উড়িয়ে দিতে হবে। যেখানে প্রয়োজন, "গুলো" ব্যবহার করতে হবে।
৪. "গ্রুপ" বা "গোষ্ঠী" মানেই সমষ্টি নির্দেশ করে। সেক্ষেত্রে "গ্রুপগুলো" বা "গ্রুপসমূহ" কখনোই হবে না। "গোষ্ঠীসমূহ"ও কিছুতেই নয়। শুধু "গ্রুপ" বা "গোষ্ঠী" ব্যবহার করাই শুদ্ধ হবে।
৫. কিছু কিছু শব্দ বাংলায় রূপান্তর করা কিছুতেই ঠিক হবে না। যেমন-
১. ইন্টারনেট
২. ওয়েব
৩. বাটন
৪. হোমপেজ
৫. সার্চ (দ্বিধায় আছি!)
অবশ্য মনোযোগ ঠিকমতো দিলে আরো অনুবাদ করতে পারবো।
গন্ধমাতম বলেছেন:
আমি জিমেইল ব্যবহার করতে গিয়ে এ বাক্যটি প্রায়ই দেখি"এটি সাধারণের চেয়ে বেশি সময় নিচ্ছে৷ পৃষ্ঠাটি পুনরায় লোড করার চেষ্টা করুন৷
যদি এটি কাজ না করে, আপনি:
1. আপনার সংযোগটি যদি ধীর গতিতে চলতে থাকে, বেসিক HTML ভিউ চেষ্টা করুন৷
2. সমস্যা নিবারণের টিপস সম্পর্কিত আরও তথ্যের জন্য, সহায়তা কেন্দ্রতে যান৷
"
আরও আছে:"কথোপকথনটি ট্র্যাশে পাঠানো হয়েছে। আরও বেশি জানুন ক্রিয়া প্রত্যাহার করুন""
"কি আনন্দ, এখানে কোন স্প্যাম নেই"
"অন্তর্মুখী বার্তাগুলির একটি স্বয়ংক্রিয় উত্তর পাঠায়। কোন পরিচিতি আপনাকে অনেকগুলি বার্তা পাঠালে এই স্বয়ংক্রিয় উত্তরটি খুব বেশি হলে প্রতি 4 দিনে একবার করে পাঠানো হবে।"
এখানে আমার একটি সাজেশন আছে। ফেসবুকে যে ভাবে অনুবাদ করা হচ্ছে অর্থাৎ ভোটিং এর মাধ্যমে অনুবাদ করা যেতে পারে।
জিগ স বলেছেন:
firefox e sumwhere bangla dekhar system e ekhono thik korte parlam na ar google to durer kotha...koto chesta korlam tao swi te bangla smooth pailam na...chokh na jani nosto hoy kobe
কবির মাহমুদ বলেছেন:
firefox e sumwhere bangla dekhar system e ekhono thik korte parlam na ar google to durer kotha...koto chesta korlam tao swi te bangla smooth pailam na...chokh na jani nosto hoy kobe ....i m with uuuuuuuuuuuuuuuuuuuuu
স্বপ্নকর বলেছেন:
ধন্যবাদ রাগিব ভাইকে এই পোষ্টের জন্য। একজন বাংলাদেশী হিসেবে আমিও গুগলকে সম্পূর্ন শুধ বাংলায় দেখতে চাই। এই ব্যাপারে আমার মনে হয় আমরা নিজেরও কিছু করতে পারি। তাই নিচের লিন্কটা আপনাদের সাথে শেয়ার করলাম।
http://www.google.com/transconsole
মৌসুম বলেছেন:
http://images.google.com.bd/intl/bn/about.htmlগুলিতে গুলিতে সয়লাব! টুলগুলি, বোতামগুলি, ধারণাগুলি, ডেমোগুলি, পরীক্ষণগুলি, চিত্রগুলি, ঠিকানাগুলি, পণ্যগুলি, পেনগুলি, শার্টগুলি, লাভা ল্যাম্পগুলি...
গুলিকে তো একেবারে গুলে খেয়ে ফেলছে দেখি। :S
মৌসুম বলেছেন:
http://images.google.com.bd/intl/bn/help.html• ফলাফলগুলি বিশ্লেষণ করছে
• ফলাফলগুলি কাস্টমাইজ করছে
করছে?
• কে আপনার সাথে লিংক স্থাপন করেছেন?
বাপরে বাপ!
"আমাদের শ্রেণিবদ্ধ ওয়েব অভিধানের বিষয়ে মতামত"
শ্রেণিবদ্ধ কি জিনিষ?
"আমাদের ব্রাইজার অ্যাড-অন সন্ধান টুলের বিষয়ে মতামত"
ব্রাইজার কি browser এর বাংলা?
"আমাদের সাথে যোগাযোগ করুন" এর নিচের একটা লিংক-ও খুলেনা।
রাগ ইমন বলেছেন:
অভিনন্দন সকল বাঙালী উদ্যোগকে , বিশেষ করে আপনি ও আপনার বন্ধুকে। দু'তিনটি কথা কয়ে চলে যাব ।
যখন " পৃথিবীর প্রতিটা গণক যন্ত্রের জন্মের পিছনে অন্তত একজন বাঙালীর হাত আছে" শুনে গর্ব করে আসছি , তখন গুগুলে আমাদের সংখ্যালঘিষ্টতা পীড়া দেয় বইকি ।
সমস্যা জানাতে প্রিয় সামহোয়ার ইন ব্লগের বন্ধুদের বেছে নিয়েছেন বলে ভালো যেমন লাগছে , তেমন শংকাও অনুভব করছি । অহেতুক যে নয় সে ইতমধ্যে কয়েকটি মন্তব্য পড়ে বোঝাও যাচ্ছে । ব্যাপারটা হচ্ছে , এফ এম রেডিও এর " আর যে " দের মতন , এই ব্লগেও কিন্তু আমরা খুব নিয়ম মেনে কিংবা মান বজায় রেখে বাংলা চর্চা করি না । ইংরেজী অক্ষরে কোন লেখা এলে "মাইনাস " দিয়ে ভাসিয়ে দেই কিন্তু এটা বলি না যে মাইনাস এর বদলে প্রশংসা / নিন্দা , বাটনের বদলে " বোতাম " এলো না কেন । অর্থাৎ আমরা নিজেরাই প্রচুর ইংরেজি শব্দ ব্যবহার করতে অভ্যস্ত হয়ে পড়েছি । আপত্তি থাকে না যখন বাংলায় কোন সহজে ব্যবহারযোগ্য পরিভাষা না থাকে । আবার এও মনে করি না যে অক্সিজেনের বাংলা " বায়ুজান " না কি যেন ভয়ংকর কিছু বানিয়ে বাংলা প্রেম দেখাতে হবে । আমার মতে যাকে আমরা " টেকনিকাল টার্ম" বলি সে সব না বদলানোই উচিত । টুল বার কে বংশ দন্ড বানাবার দরকার নেই ।
কিন্তু , এই আত্মীকরন ব্যক্তিগত " আরাম" থেকে হলে আমার আপত্তি আছে । ক্ষুদে গানরাজ দেখতে গিয়ে দুই বিচারক , বিশেষ করে সামিনা যখন বাংলা শব্দ মনে করতে না পেরে ইংরেজিতে প্রশংসা করতে শুরু করেন তখন আমি বাংলার দৈন্য দেখি না , নিজেদের অলসতার ভয়াবহ রূপ দেখে বড্ড কষ্ট পাই । ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলি , ছোটবেলায় " হয় সম্পূর্ণ বাংলা নয়ত সম্পূর্ণ ইংরেজিতে " কথা বলা খেলতাম । জিতে যাওয়া আমার জন্য ছিলো পানির মতন সহজ । কিন্তু এখন এই আমিই মাঝে মাঝে ইতস্তত করি , বানান নিয়ে দু'বার ভাবি - একি বাংলা ভাষার সমস্যা ? নাকি আমার নিজের ? ( গত ১৩ বছর ধরে বিদ্যালয়ে , কর্মক্ষেত্রে ইংরেজি চর্চার ফল হলো এই )
আমার কষ্টটা এখানেই । আমরা নিজেরাই বাংলার সুন্দর সুন্দর শব্দ বলা বাদ দিয়ে ইংরেজি , হিন্দী নিয়ে মেতে আছি । ফলাফল? অতি প্রচলিত শব্দও এখন কানে " বেখাপ্পা " লাগে । আগে নাটক , বই , গান , সিনেমাতে মান সম্মত বাংলা ব্যবহারের বাধ্যবাধকতা ছিলো , এখন "যেমন খুশি তেমন সাজো" এর হাতে পড়ে তাও গেছে । এই জন্যই " শুভ ফার্স্ট বৈশাখ " শুনতে হয় জনপ্রিয় গায়িকার মুখে ।
আমার অনুরোধ , ব্লগের বাংলা কিংবা মুখের ভাষাকে মানদন্ড হিসেবে নেবেন না । ১০০০ লোকের মুখের ভাষা এক নয় । তাদের পাখা মেলে হেসে খেলে বেড়াতে দিন ব্লগীয় কিংবা নাটকীয় আকাশে । কিন্তু যখন ঐকমত্যের প্রশ্ন আসবে , তখন শ্রুতিমধুর লেখ্য বাংলার রুপটিকে জায়গা করে দিন আন্তর্জালে ।
হয়ত মজা করেই আমরা ব্যবহার করি , কিন্তু আন্তর্জাল ( ইন্টারনেট ) , অন্তর্জাল ( ইন্ট্রানেট ) , তড়িৎ ডাক ( ই মেইল ) শব্দ গুলো শুনে কিন্তু ভীষন ভালো লাগে । মজাও লাগে । এ রকম মজার মজার বাংলা যদি করা যায় , হোক না ।
আসুন হাসতে হাসতে খেলতে খেলতেই আমরা বাংলা শব্দ খুঁজে নেই , তৈরী করি । কারন আমি ,
" বাংলায় গান গাই , আমি বাংলায় গান গাই ,
আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই"
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনার কমেন্টে, এবং একমত।
আসলে ইউজার স্টাডি করাটা বাদ গেছে গুগলের, তাই যেনো তেনো বাংলা ধরিয়ে দিয়েছে। সেই বাংলাকে মেরামত করার জন্যই ব্লগের বিশাল পাঠকদের শরণাপন্ন। ওরা সরাসরি হয়নি, বরং এই প্রচেষ্টা আমাদের সবার অভিমত ওদের কাছে পৌছে দেয়ার জন্য।
বিকল্প থাকলেও ইংরেজি শব্দ যদি সর্বত্র ব্যবহৃত করা হয়, সেটা ঠিক হবে না। কিন্তু একেবারে আনকোরা কোনো বিষয়, যেখানে খোদ ইংরেজিতেই শব্দটি/বিষয়টি এসেছে মাত্র কয়েক বছর হয়, সেই ক্ষেত্রে পুরো বিশ্বেই একই শব্দ চালু হয়ে যায়। ইন্টারনেট শব্দটি ধরুন, প্রায় সব ভাষার উইকিতেই এই বিষয়ের নিবন্ধটির শিরোনাম "ইন্টারনেট"। এমনকি ভাষার ব্যাপারে খুব খুঁতখুতে ফরাসিরাও এই শব্দটি মেনে নিয়েছে। ইন্টারনেটের বাংলা "আন্তর্জাল" হলেও সেটা ব্যবহারে অভ্যস্ত হতে আমাদের সময় লাগবে। সমস্যা হলো, প্রযুক্তির দুনিয়া এত দ্রুত পালটায়, কোনো কিছুর বাংলাতে অভ্যস্ত হতে হতেই সেটা পালটে যায়। তার মাঝেও সুখের কথা, "মুঠোফোন" এর মত চমৎকার একটা বাংলা কিছুটা হলেও এখন জায়গা করে নিয়েছে।
আপনার এই মন্তব্য ও নিচেরটির জন্য অনেক ধন্যবাদ। আশা করি, এখানে সমবেত জনতার অভিমত গুগলের জায়গা মতো পৌছে যাবে, ভুলভাল বাংলার হাত থেকে রক্ষা পাবো সবাই।
বিষাক্ত আলো বলেছেন:
রাগ ইমনের সাথে সহমত। ছোটোবেলায় এই খেলাটা আমরাও খেলতাম।বাংলা নিয়ে সবখানে আজকাল যথেচ্ছা নিরীক্ষণ হচ্ছে। সার্বজনীন লিখিত ক্ষেত্রে মান কথ্য ভাষার রূপায়ন ই জরুরী।
গুগলের ব্যাপারটা তো হাস্যকর। রাগিব আপনাকে অসংখ্য ধন্যবাদ।
রাশেদ বলেছেন:
লোকালটক সহ কয়েকজন মিলে বাংলা নিয়ে প্ল্যান করা হইছিলো একবার যতদূর মনে পড়ে। কিন্তু আর আগায় নাই পরে।
রাগ ইমন বলেছেন:
শিশির ভাইয়ের জন্য আকুল প্রার্থনা (বাংলাতে) করিব , তাঁহার উদ্যোগ নিরঙ্কুশ বিজয় লাভ করুক।
শফিউল আলম ইমন বলেছেন:
ভালো উদ্দ্যোগ। আমি তো কখনো বাংলা ব্যবহার করিনি।এটা কি শুধু বাংলাদেশেই?
আপনাকে ও আপনার বন্ধুকে সাধুবাদ জানাই।
লেখক বলেছেন: না, এটা কেবল বাংলাদেশে না, গুগলের ইন্টারফেইস ল্যাঙ্গুয়েজ বাংলাতে সেট করে নিলে সর্বত্রই এরকম দেখা যায়।
ফরিদ বলেছেন:
সত্যি কথা বলতে গুগলকে ধন্যবাদ ও অভিনন্দন। যদিও নিতান্তই ব্যাবসা পলিসি কিন্তু কমিউনিটির সাহায্য নিয়ে বাংলার জন্য গুগল যতটুকু করেছে আর কোন টেক কোম্পানী তার কানাকড়িও করেনি। গুগলের বাংলা ইন্টারফেস অনেকটুকুই মেশিন ট্রান্সলেশন আর কমুনিটি ভলেন্টারি কাজ। তাই সবটুকু ঠিকমত হয়ে সারেনি।
তবে ব্লগার রাগইমনের সাথে অনেকটুকু একমত। মূল ইন্টারফেসে বদলানোর আগে আমাদের ব্লগারদের বাহারী বাংলা কোন বিশেষজ্ঞ বা অভিজ্ঞ প্যানেলের থেকে সেকেন্ড রিভিউ করিয়ে নেয়া উচিৎ
আরেকটি মত হল, গুগলের বাংলার জন্য দুটি ইন্টারফেস রাখতে পারে যেটি ব্যাবহারকারী প্রেফারেন্স সেট করে নিতে পারবে। প্রথমটিতে বাংলা বাংলা মানে সেখানে সার্চের বদলে 'অনুসন্ধান' যাতীয় কথা থাকবে আর দ্বিতীয়টিতে সার্চের যায়গায় সার্চই থাকবে কিন্তু 'সার্চ' শব্দটি বাংলায় লেখা থাকবে।
প্রথম দেখায় কিছু পরিবর্তনের মত দিচ্ছি
গোষ্ঠীসমূহ -> দল/পরিবার/
চিত্র->ছবি
মেল->মেইল/চিঠি/ইমেইল
উন্নতমানের অনুসন্ধান->বিস্তারিত অনুসন্ধান
দেশের নামগুলো এক্কারে হড়ড় স্টোরি!
সকলশব্দ সহকারে->প্রতিটি শব্দ
আইসলন্ড->আইসল্যান্ড
আয়ার্লন্ড->আয়ারল্যান্ড
আলব্যনিয়া->আলবেনিয়া
ইফিওপিয়া->ইথিওপিয়ায়
ইমেন->ইয়েমেন
উজ্বেকিস্তান-উজবেকিস্তান
ডেন্মার্ক->ডেনমার্ক
লাটাভিয়া (গুগলের বানান টাইপ করা গেলনা)
সারবিয়া->সার্বিয়া
কায়েস মাহমুদ বলেছেন:
ধন্যবাদ ,
রাগিব ভাই।সকলের সম্মিলিত প্রচেষ্টায় অবশ্যই সমস্যা সমাধান হবে।
আর আমি ও কিছু পোষ্ট দিব শুদ্ব বাংলা লিখার জন্য।
অকৃতকার্য বলেছেন:
সমস্যাগুলো Google এর। সমাধান তাদেরই পয়সার বিনিময়ে করা উচিত। Free তে অনুবাদ করছে মানুষ। ব্যবসা করবে Google. Open source প্রজেক্টগুলোর অনুবাদে সময় দিতে পক্ষপাতী আমি বরং।যাই হোক, একজনও আমার সাথে একমত হবেন না জানি।
লেখক বলেছেন: আসলে ওরা এর মধ্যেই পয়সা খরচ করে এই অনুবাদ বের করেছে। আগেই বলেছি, ওদের নিয়মিত কর্মীদের মধ্যে বাংলাভাষী বাংলাদেশী খুব কম। কাকে পয়সা দিয়েছে কে জানে, কিন্তু তার ফলাফল এই দুর্বোধ্য, ভুলভাল বাংলা। এখন আমরা দুইটা কাজ করতে পারি ... ওরা কবে এসব ঠিক করবে তার জন্য অপেক্ষা করতে পারি, অথবা ভুলগুলো সব ধরিয়ে দিতে পারি।
গুগল কিন্তু এই অনুবাদের কাজটা ওপেন সোর্স মডেলেই শুরু করেছিলো, বিভিন্ন লোকালাইজেশন প্রজেক্ট যেভাবে হয়, সেভাবে। কিন্তু সম্ভবত পরে আর ধরে রাখতে পারেনি। উইকি, মজিলা, ফায়ারফক্স সহ বিভিন্ন ওপেন সোর্স প্রজেক্টের সবচেয়ে বেশি দান করে কিন্তু এই গুগলই। তাছাড়া (প্রায়) সব প্রডাক্ট ফ্রিতেই দিচ্ছে।
আমাদের আসলে দরকার ওপেন সোর্স মডেলে বাংলা ইন্টারফেইস নিয়ে একটি প্রমিত বাংলা পরিভাষা তৈরী করা।
প্রলয় হাসান বলেছেন:
রাগিব এবং শিশির ভাইকে সাধুবাদ এইরকম চমৎকার একটি উদ্যোগ নেবার জন্য। ঠিক। Open source গুগলের মত এ্যাড বা ননসেন্স...থুক্কু...এ্যাডসেন্স দিয়ে এইরকম ব্যবসা করবে না। আমি একমত আপনার সাথে। @অকৃতকার্য।
আশরাফ মাহমুদ বলেছেন:
Click This Link এখানে যেসব পেলাম:
চিত্র = স্থিরচিত্র
গোষ্ঠিসমূহ = (এভাবেই থাকুক)
সংগ্রহ = নির্দেশিকা (মূল ইংরেজি শব্দটা হল Directory; সেই অর্থে)
ডকিউমেন্টস = প্রমাণপত্র/ দলিলপত্র
ভাগ্যবান অনুভব করছি = ভাগ্যক্রমে যা আসে (নতুবা ইংরেজিতে থাকুক)
উন্নতমানের অনুসন্ধান = সর্বোত্তম অনুসন্ধান
পছন্দসমূহ = অভিরুচি
ভাষা সম্পর্কিত টুল = ভাষা নির্ধারণ/ ভাষা নির্ধারক
Google সর্ম্পকে সবকিছু = Google সর্ম্পকে জানুন
Canada-এর Google-এ চলুন = Google Canada তে চলুন
সাইন ইন = প্রবেশ করুন।
লিপিকার বলেছেন:
চমৎকার উদ্যোগ।
বাংলা চর্যাপদের ভাষা হওয়ার কারণে কখনো গুগল বাংলা ব্যবহার করা হয়নি.....
("ভাগ্যবান অনুভব করছি" বোতাম ব্যবহার করার অর্থ অনুসন্ধান করতে সময় লাগবে কম এবং বাড়তি সময় নিয়ে পৃষ্ঠা দেখতে পারবেন।).....এটা আজকে জানলাম
আশরাফ মাহমুদ বলেছেন:
Click This Link এ লিংকে যেসব পরিবর্তন আবশ্যক মনে করছি: উন্নতমানের ছবি অনুসন্ধান = সর্বোত্তম স্থিরচিত্র অনুসন্ধান
এই সকল শব্দগুলোর সাথে সম্পৃক্ত = শব্দগুলো সম্পৃক্ত অনুসন্ধান
ঠিক এই শব্দের সাথে সম্পৃক্ত = শুধুমাত্র বর্ণিত শব্দগুলো ব্যবহার করে
যে-কোনো শব্দের সাথে সম্পৃক্ত = যে কোন শব্দ ব্যবহার করে
এই শব্দের সাথে সম্পৃক্ত না = এই শব্দটি বাদ দিয়ে
সেই চিত্রগুলি দেখাবে যেগুলো = স্থিরচিত্রগুলো যেভাবে প্রদর্শিত হবে
ছোটো = ছোট
অতি বৃহত = বিশালাকারে
শুধুমাত্র এই ধরণের চিত্রগুলি দেখাবে = কেবল এধরনের ফলাফল
শুধু এই রঙের ছবিগুলি দেখাবে = রঙ বাছাইকরণ
এই পাতায় অথবা ডোমেইনের মধ্যে চিত্র অনুসন্ধান করো = শুধুমাত্র বর্ণিত পাতায় (/সাইট) অথবা ডোমেনে অনুসন্ধান করুন
Google সর্ম্পকে সবকিছু = Google সর্ম্পকে জানুন
আশরাফ মাহমুদ বলেছেন:
Click This Link এ লিংকে যেসব পরিবর্তন আবশ্যক মনে করছি:
চিত্র = স্থিরচিত্র
গোষ্ঠিসমূহ = (এভাবেই থাকুক)
সংগ্রহ = নির্দেশিকা (মূল ইংরেজি শব্দটা হল Directory; সেই অর্থে)
ডকিউমেন্টস = প্রমাণপত্র/ দলিলপত্র
এগুলো বাংলাতে নেই, কিন্তু ইংরেজিতে আছে:
Maps = মানচিত্র
News = খবরাখবর
Shopping = কেনাকাটা
Video = চলমান-চিত্রাবলী
Scholar = বিদ্যানুরাগী
উন্নতমানের অনুসন্ধান = সর্বোত্তম অনুসন্ধান
পছন্দসমূহ = অভিরুচি
সাইন ইন = প্রবেশ করুন
ইন্টারনেটের সবচাইতে ক্ষমতাসম্পন্ন চিত্র সন্ধান = আন্তর্জাল'র সর্বোত্তম ফলদায়ক চিত্র অনুসন্ধান
Google সর্ম্পকে সবকিছু = Google সর্ম্পকে জানুন।
আশরাফ মাহমুদ বলেছেন:
Click This Link এ লিংকে যেসব পরিবর্তন আবশ্যক মনে করছি:ওয়েব = (এভাবেই থাকুক আপাতত)
সংগ্রহ = নির্দেশিকা (মূল ইংরেজি শব্দটা হল Directory; সেই অর্থে)
চিত্র = স্থিরচিত্র
গোষ্ঠিসমূহ = (এভাবেই থাকুক)
ডকিউমেন্টস = প্রমাণপত্র/ দলিলপত্র
পছন্দসমূহ = অভিরুচি
সংগ্রহ সম্পর্কে সাহায্য = সাহায্য নিন
ইণ্টারনেট বিষয় অনুযায়ী সাজানো = বিষয়ানুক্রমে সন্নিবেশিত আন্তর্জালিক পাতাগুলো (/সাইটগুলো)
চলুন, মানব কর্তৃক সম্পাদিত ইন্টারনেটের সর্ববৃহৎ সংগ্রহ গড়ে তুলি = আন্তর্জালে মানব-সম্পাদিত (/মানব কর্তৃক সম্পাদিত) বৃহত্তম নির্দেশিকা গড়তে সাহায্য করুন।
আশরাফ মাহমুদ বলেছেন:
Click This Link এ লিংকে আমি প্রবেশ করতে পারছি না। আমাকে সরাসরি গুগল কানাডাতে নিয়ে যাচ্ছে, এবং যেটুকু সময়ের জন্য বাংলা আসে তা অস্পষ্ট এবং ভাঙা-ভাঙা।
আশরাফ মাহমুদ বলেছেন:
http://www.google.com/language_tools?hl=bn এ লিংকে যেসব পরিবর্তন আবশ্যক মনে করছি:ভাষা সম্পর্কিত টুল = ভাষা নির্ধারণ করুন
Google-এর মূল পাতা, বার্তা আর বোতামের লেখা আপনার নিজের ভাষায় দেখতে পছন্দসমূহের পাতা থেকে নির্বাচন করুন।
বর্তমানে Google নিম্নলিখিত ভাষাগুলিতে কাজ করে: = মাতৃভাষায় Google-এর মূল পাতা, বার্তা, এবং অন্যান্য সুবিধাসমূহ ব্যবহার করতে অভিরুচি (এটা একটা লিংক) থেকে ভাষা নির্বাচন করুন।
বর্তমানে Google নিম্নলিখিত ভাষাগুলোতে কাজ করছে:
Afrikaans = আফ্রিকান
Albanian = আলবেনিয়ান
Amharic = অ্যামহেরিক (?)
Arabic = আরবী
Armenian = আর্মেনিয়ান
# Azerbaijani = (?)
# Basque = ব্যাসক
# Belarusian = বেলারুসিয়ান
# Bengali = বাংলা
# Bihari = বিহারী
# Bork, bork, bork! = বর্ক (?)
# Bosnian = বসনিয়ান
# Breton = ব্রিটন
# Bulgarian = বুলগেরিয়ান
# Cambodian = ক্যামবোডিয়ান
# Catalan = ক্যাটালায়ান
# Chinese (Simplified) = চৈনিক (সহজবোধ্য রূপ)
# Chinese (Traditional) = চৈনিক (প্রাচীন)
# Corsican = কর্সিয়ান
# Croatian = ক্রোয়েশিয়ান
# Czech = চেক
# Danish = ড্যেইনিশ/ ড্যানিশ
# Dutch = ডাচ
# Elmer Fudd = (?)
# English = ইংরেজি
এভাবে অন্যগুলো হবে.....। (আমি আর পারছি না, মাথা ঘুরাচ্ছে সবগুলো ভাষার লিস্ট দেখে।)
লেখক বলেছেন: অনেক কষ্ট করে ্বিস্তারিত মন্তব্য করেছেন, এর জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
আশরাফ মাহমুদ বলেছেন:
সাধারণত, আমি স্টিকি পোস্টে মন্তব্য বা রেটিং করি না। এটাতে কিছু করার ছিল বলেই.......।কিছু বলার প্রয়োজন বোধ করছি। আমাদের দেশের লোকজনকে (বলা চলে তথাকথিত শিক্ষিতরা ইংরেজি বলতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন) এসব কারিগরী শব্দের বাংলায় ব্যবহার বাড়াতে হবে। ব্যবহারেই ভাষার উৎকর্ষতা; আহ যে সব শব্দ "খড়মড়" লাগছে আগামী বছর খানেক পর তা অনায়সে ব্যবহার করতে পারবেন।
ভাষাবিদ, সাহিত্যিক, কবিদের সাথে প্রযুক্তিবিদ, বিজ্ঞানীদের যোগাযোগটা আরো ব্যাপক করা উচিত। আমাদের দেশে উচ্চ মাধ্যমে বাংলাতে কয়টা বই পাওয়া যায় বলুন তো (এসব কারিগরী, বিজ্ঞান বিষয়ে) ? আমাদের অবহেলার কারণে বাংলা ভাষার আজ এই অবস্থা। এর জন্য অনেকাংশে আমরা দায়ী। বাংলা একাডেমী নামে যে সংস্থা আছে সেটি বছরে কয়েকটা মেলার আয়োজন কিংবা কয়েকটা বই প্রসব করেই ক্ষান্ত দেয়। আজ পর্যন্ত আমরা একটি স্বার্বজনীন বাংলা বানানরীতি দাঁড় করাতে পারিনি, পারিনি সবার কাছে সহজলভ্যভাবে এগুলো পৌঁছে দিতে।
ব্লগের কথায় ধরুন, অনেকে ভুল বানানে বাংলা লিখে মজা করে। আমি বানান বিষয়ে একটা পোস্ট দিলে নির্বিচারে মাইনাস খাবেন। আমরা নিজেরাই মাতৃভাষা নিয়ে মজায় লিপ্ত, গুগল না হয় সরাসরিভাবে মজা করল!
অনেক বলেছেন, দায়টা গুগলের! আশ্চর্য। গুগল নেমেছে ব্যবসা করার জন্য। সেখানে বাংলা ভাষার ব্যবহার নিশ্চয়তা করা আমাদেরই কাজ। গুগলে আপনি বাংলা ব্যবহার না করলে সেকি বাংলায় রূপান্তরে আগ্রহী হবে? হবে না। ইউজারই গুগলের প্রাণ।
আমাদের ভাষাকে অন্য কেউ সমুন্নত করবে না, আমাদেরই করতে হবে অনেক কাজই।
একটা কথা না বলে পারছি না, আমাদের মাঝে ঐক্য নেই। অনেকে বাংলা নিয়ে কাজ করছে, কিন্তু বিক্ষিপ্তভাবে। একটা উদাহরণ দিচ্ছি, ওপেন অফিসে যে ঘরনার বাংলা ব্যবহার হচ্ছে সেরকম অন্য সফটওয্যারে হচ্ছে না। কারণ, স্বার্বজনীন কিছু আমরা দাঁড় করাতে পারিনি। কেউ একজন সুন্দর বাংলা শব্দ ব্যবহার করলে অন্য আরেকজন হিংসা/নীচতা এর কারণে একই শব্দটা ব্যবহার করছে না। ফলে, সমস্যা হচ্ছে প্রান্তিক গ্রাহকদের। একই জিনিস বিভিন্ন ঢঙে তাদের ঘেলানো হচ্ছে।
ভাষাটা আমাদের। আমাদেরই সর্বোচ্চ ভালবাসা দিতে হবে।
আশরাফ মাহমুদ বলেছেন:
এই চমৎকার পোস্টের অবতারণা করে আমাকে কিছু করার ও বলার সুযোগ করে দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার বন্ধুকে আমার সাধুবাদ জানাবেন। সকলেরই উচিত এই কাজে সময় দেয়া। আমরাও দেখিয়ে দিব, "আমরা-ও পারি।"
লেখক বলেছেন: আশরাফ, আপনার মূল্যবান মন্তব্য ও সময়ের জন্য অনেক অনেক ধন্যবাদ।
জেনারেল বলেছেন:
সবচেয়ে প্রথমে যে সুবিধাটা চাই তা হল গুগোলে সার্চ বক্সের মধ্যে বাংলা লিখার সবিধা চাই, সামহোয়ারের ফোনেটিক এর মত। মানে গুগোলের বাংলা সাইটে গেলেই যেন আমি বাংলা লিখতে পারি।
বিডি আইডল বলেছেন:
আশরাফের ৮৩ কমেন্টে জাঝা!অনেকগুলো বিষয়ই চলে এসেছে এর মধ্যে দেখছি। কিছু পেলে জানাবো।
আশরাফ ভাইয়ের মন্তব্যটার সাথে পুরোপুরি একমত।
টুশকি বলেছেন:
গুলি গুলি গুলি গুলি গুলি
বাবুয়া বলেছেন:
অনেক ধন্যবাদ রাগিব, অসাধারণ উদ্যোগ। আমি যদিও এতোসব বিশয় বুঝিনা-তাই ইংরেজী ভার্সন ব্যবহার করি। তোমার লেখাটা পড়ে বুঝতে পেরেছি-এটা খুব ভালো উদ্যোগ।একথা সত্য যে গুগলের প্রায় প্রতিটি সেবা বাংলায় অনূদিত হয়েছে এবং এটি নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। তবে বাংলা অনুবাদে ছোটখাট কিছু ভুলভ্রান্তি রয়ে গেছে যা বাংলা ভাষার জন্য মোটেই গৌরবের নয়।
যাই হোক, তোমার উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সফল হবে এই উদ্যোগ।
কৌশিক বলেছেন:
রাগিব ভাই, মেইল দিছিলাম একটা
লেখক বলেছেন: এই মাত্র জবাব দিয়েছি।
চিলে কোঠার সেপাই বলেছেন:
http://www.google.com.bd/_________________________________________
১।GROUPS এর বাংলা করা হয়েছে 'গোষ্টিসমূহ'!!!
২।DOCUMENTS এর বাংলা করা হয়েছে 'ডকিউমেন্টস'!!!
৩।I AM FEELING LUCKY এর বাংলা করা হয়েছে 'ভাগ্যবান অনুভব করছি'!!!
৪।Advanced Search এর বাংলা করা হয়েছে 'উন্নতমানের অনুসন্ধান'!!!
৫।Preferencesএর বাংলা করা হয়েছে 'পছন্দসমূহ'!!!
৬।Language Tools এর বাংলা করা হয়েছে 'ভাষা সম্পর্কিত টুল'!!!
________________________________________
সব গুলা অনুবাদই করা হয়েছে আক্ষরিক।
একজন বাঙালী হিসেবে google এর কাছে এটাই আশা করব বাংলা অনুবাদ সময় যেন সংশ্লিষ্ট অপশন গুলার কার্যকারিতা(Functionality) বিবেচনা করে ইংরেজী শব্দটার যথার্থ ভাবানুবাদ করা হয়।
রাগীব ভাই এবং তার বন্ধুবর শিশির খানকে আন্তরিক শুভেচ্ছা।
রাজামশাই বলেছেন:
Click This Linkআমাদের সাথে বিজ্ঞাপন করুন - ব্যবসায়িক সমাধানগুলি - পরিষেবাসমূহ & টুলগুলি - চাকরিগুলি,
প্রকাশনা, & সহায়তা ©2004 Google - 4,285,199,774 গুলি ওয়েব পেজ সন্ধান করছে।
http://www.google.com/ - 3k – 26 নভেম্বর, 2004 - » সঞ্চিত« - একই ধরনের পৃষ্ঠাগুলি
আমাদের সাথে বিজ্ঞাপন করুন = একখানে / আমাদের সাথে বিজ্ঞাপন দিন
সঞ্চিত = রক্ষিত
লেখক বলেছেন: ঠিক, অনেক ধন্যবাদ।
রাজামশাই বলেছেন:
সব "গুলি" এর পরিবর্তে "সমূহ" ব্যবহার করা যায় ।
মোঃ জাকারিয়া বলেছেন:
একটা সাইট বানালাম ভিজিট করার জন্য আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে::http://www.computerbd.blogspot.com : বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক পত্রিকায় প্রকাশিত লেখার সংগ্রহ! এতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বের বিভিন্ন তথ্য, ইন্টারনেট বিষয়ক তথ্য, ইলেকট্রনিক্স বিষয়ক তথ্য, উইন্ডোজ বিষয়ক তথ্য, ওয়েব ডিজাইন বিষয়ক তথ্য, ঘরে বসেই উপার্জনের তথ্য, সিকিউরিটি/হ্যাকিং এর বিভিন্ন তথ্য, রোবট বিষয়ক বিভিন্ন তথ্য এবং আরও বিভিন্ন ক্যাটাগরিতে প্রয়োজনীয় তথ্যবহুল প্রবন্ধ প্রকাশ করা হচ্ছে। ওয়েবসাইটটির ঠিকানা: http://www.computerbd.blogspot.com
হাসান বায়েজীদ বলেছেন:
ধন্যবাদ রাগিব ভাই পোষ্টের জন্যে। গুগল ল্যাঙ্গয়েজ টুলসে বাংলাকে অন্তর্ভূক্তির দাবী জানাচ্ছি।
মানচুমাহারা বলেছেন:
I am feeling lucky -প্রথম ফলাফলটি প্রদর্শন এই রকম কিছু একটা হতে পারে।
DOCUMENTS-ডকুমেন্টস
এমন ধরনের অনুবাদ চাই যা সহজেই বুঝা যায়। যেমন
advanced search এর অনুবাদ গভীর অনুসন্ধান হতে পারে কিন্তু Toolbar কে টুলবার লেখায় শ্রেয় মনে হয়।
মানচুমাহারা বলেছেন:
@রাগিবভাইয়া গুগলের কি বাংলাদেশী বাংলা আর কলকাতার বাংলা বা ইন্ডিয়া বাংলা আলাদা নাকি একই। মনে হচ্ছে বাংলাদেশ যারা অনুবাদ করেছেন তাদের বেশির ভাগ আমাদের সুবিধাজনক শব্দ বাছাই করবেন কিন্তু কলকাতার কেউ যদি বাংলা করে তাইলে সেটা আমাদের জন্য একটু সমস্যা হয়ে যায়।
কারন অমিক্রনল্যাবের ফোরামে একবার দেখেছিলাম কলকাতার কেউ কোন একটা সফটওয়্যার বাংলা করেছেন এবং তিনি এই সংবাদটা জানানোর জন্য ফোরামে যে ধরনের বাংলা শব্দ ব্যবহার করেছিলেন তার ৫০% বুঝতে পারি নাই। তাহলে তার করা অনুবাদ কিহবে সেটা নিয়ে আর না চিন্তা করলাম।
কিউপিড৯৫ বলেছেন:
আমি নিজে অনুবাদের কাজ করি। তাই জোর দিয়েই বলতে চাই যে এ কাজটি আমি ভালই করি। কিন্তু আমার কোনভাবেই গুগুলের সঙ্গে যোগাযোগ নেই বা এই বিষয়টি আমি যে কোন ভাবেই মিস করেছি।
তাই, আমার প্রস্তাব হলো আপনারা যারা খুবই জড়িত তারা যদি একটু দয়া করে আমার সাথে যোগাযোগ রাখেন তাহলে আমি যথাসাধ্য যথাশব্দ দেয়ার জন্য চেষ্টা করবো।
আমাদের জন্য infotech অনেক সুবিধা নিয়ে এসেছে। তারপরও গতি আশানুরূপ নয়।
আমি আরো মনে করি যে ইউনিকোড পেতে বিলম্ব হওয়ার কারনে আমরা এসব হিজিবিজি বাংলা দেখার সৌভাগ্য লাভ করেছি।
তারপরও কথা হচ্ছে, এখন যা করা দরকার সেটাই করতে হবে।
যারা অভিধান ব্যবহার করেন তারা ভালই জানেন যে একই শব্দের অনেকগুলো অর্থ থাকে । তাই যথাশব্দ ব্যবহার করাটা জরুরি।
আমি পুনরায় সম্পাদনার মতো কাজ করে দিতে পারি । আশা করি, আপনাদের ভাল লাগবে।
আমি বিজয় ব্যবহার করে লিখতে অভ্যস্ত। এটা আমার কাছে বেশ ভাল লাগে। শুদ্ধভাবে টাইপ করার চেয়ে এডিট করা ঝামেলা মনে হয়।
আমি আশা করি একদিন আমরা "ইউনিজয়-বিজয়-ফোনেটিক' -এই তিনটি অপশনের বদলে একটি অটো(স্বয়ংক্রিয়) ব্যবস্থা পাবো , আর তখন অনেক সমস্যা দূর হবে।
টেকনিক্যাল দিক থেকে আমার মনে হয় এখনো বাংলা ইউনিকোড আসলে compatible হয়ে উঠতে পারেনি। আর এটাই একটা বড় সমস্যা।
so, i need resonse from your part to assist.
আমি গুগুল অনুবাদে অনুবাদ করার চেষ্টা করে দেখলাম যে তারা তো বিজয় বা ইউনিবিজয় বা ফোনেটিক নিচ্ছে না তা হলে তো প্রকৃত বানান দেয়ার ব্যাপারে অস্পষ্টতা থেকে যাবেই।
তারা যদি বিজয় ব্যবহার করে তাহলে পরামর্শের ধরন বদলে যাবে।
জুহো. বলেছেন:
বাংলা নিয়ে সমস্যা তো আজকের নয় ।একটা universal font এর অভাবে বাংলা ভাষা ৮ম স্থান অধিকার করা সত্ত্বেও কম্পিউটার জগতে বিশেষত ইন্টারনেটে এর অবস্থান খুবই নাজুক। লেখার সীমাবদ্ধতা, দেখার সীমাবদ্ধতা, keyboard মনে রাখার সীমাবদ্ধতা.... একটা unified keyboard layout এর প্রয়োজনীয়তার কথা তো মাজেমাঝেই আলোচনায় আসতো। ASCII সংক্রান্ত সেই জটিলতা আজো শেষ হ্য়নি। mobile দিয়ে হিন্দী, আরবী অন্যান্য অনেক ভাষা পড়া গেলেও, বাংলা ফন্টের ক্ষেত্রেই যত বিড়ম্বনা।
শুধু google কেন , wikipedia য় বাংলা লেখা সহজবোধ্য নয়। wikipediaয় বাম দিকে ভাষার লম্বা লিস্টি দিলেও বাংলার স্থান কোথায় ? এটা নিয়েও কাজ করা দরকার।
লাস্ট সামুরাই বলেছেন:
গুগল ডকস্: http://twitter.com/phpfour/status/976151101
'Google docs says "Regular Expression" as "নিয়মিত অভিব্যক্তি" !!! I can't stop laughing !!! '
ব্লগস্পট: http://usamurai.blogspot.com/
দুঃখিত, আপনি যে ব্লগটি খুঁজছিলেন সেটি বিদ্যমান নয়৷ যাইহোক, usamurai নামটি নিবন্ধকরণ করার জন্য উপলভ্য!।
ফুটার লিংকে... "বিকাশকারী" , "সামগ্রী নীতি"
ব্লগারে সাইন আপের সময়:
১. টেমপ্লেট চয়ন করুন ।
২. সূচিত করুন যে আপনি ব্লগারের পরিষেবা শর্তাবলীকে পড়েছেন এবং বুঝেছেন।
কৌশিক বলেছেন:
কে এমন বাংলার জনক? রচিয়তা, তারে দেকতে মুন্চায়..
লাস্ট সামুরাই বলেছেন:
"Flag Blog" এর বাংলা "ব্লগে ফ্ল্যাগ লাগান" (http://code.blogger.com/) এর বদলে অন্য কিছু হতে পারত। ক্ষেত্র বিশেষে এভাবে আক্ষরিক অনুবাদ না করে ভাবানুবাদ করলে ভালো হবে।
কুমিল্লার পোলা বলেছেন:
ভাবানুবাদই করাটা শোভনীয় হবে।pages of bangladesh এর অনুবাদ "বাংলাদেশ এর পাতাগুলিতে" না হয়ে "বাংলাদেশ এর পাতাগুলি হলে সুন্দর" দেখাবে।এ পেজ্টিকে আরও কয়েকদিন স্টিকি করা হোক।ধন্যবাদ সত্যিই চমৎকার উদ্যোগ।
আরিফুর রহমান বলেছেন:
প্রায়োগিক পরিভাষার এই খামতির পেছনে আছে ইংরেজির আগ্রাসন, আমাদের দৌর্বল্য, সাথে কষ্ট করার সামগ্রিক মানসিকতার দৌর্বল্য। পরিভাষার পরিমান এতো বেড়েছে যে এখন ধরে ধরে বাংলা করতে গেলে রষকসহীন শোনায়।
বিপ্লবী চেতনা বলেছেন:
ভাইয়া ভাল আছেন।আচ্ছা ভাইয়া উইকিপিডিয়াতে কোন মেইলে ছবি পাঠালে আপডেট হবে সেটা যদি আবার একটু ইংরেজিতে লিখে দেন ভাল হয়।
ফাহমিদুল হক বলেছেন:
আমার অবদান, প্রথম পাতা:ইমেজেস=চিত্র
গ্রুপস=গ্রুপ/গোষ্ঠী
এডভান্সড সার্চ=অগ্রসর অনুসন্ধান ('উন্নতমানের' নয়)
প্রেফারেন্সেস=অগ্রাধিকার
ল্যাঙ্গুয়েজ টুল=ভাষা সরঞ্জাম ('সম্পর্কিত' শব্দটি বাহুল্য, অনত্র গুগল টুল-এর যে বাংলা 'সরঞ্জাম' ব্যবহার করেছে, তা আমার কাছে উপযুক্ত মনে হয়েছে)
ইংরেজিতে বহুবচন যেমন 'এস' যুক্ত করলেই হয়ে যায়, বাংলায় গুলো/গুলি/সমূহ/মালা ইত্যাদি অপেক্ষাকৃত 'বড়ো' শব্দ যোগ করতে হয়। বাংলায় বাক্যের ভেতরে বহুবচনবাচক পদমালা (গুলো/সমূহ) অবশ্যই ব্যবহৃত হতে হয়, কিন্তু যখন কিছুর লেবেল, শিরোনাম ইত্যাদি (এক্ষেত্রে ওয়েবের বিভিন্ন বাটন) দেয়া হচ্ছে, তখন বহুবচনবাচক ঐ পদসমূহ বাদ দেয়াই শ্রেয়। নয়তো তা কেবল নাজুক অনুবাদ বলেই প্রতীয়মান হয়।
'আই এ্যাম ফিলিং লাকি'-র কাজটা কী ঠিক বুঝলাম না (কখনোই লাকি হতে চাইনি)। বাটন টিপে যা লেখা দেখলাম তা কিছু বুঝলাম না। এই বাটনের কাজ কী তা বোঝা গেলে ভালেঅ বাংলা বের করা সম্ভব।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
"আই অ্যাম ফিলিং লাকি" বাটনে ক্লিক করলে সার্চের প্রথম লিংকের পাতায় সরাসরি যাবে।
ফাহমিদুল হক বলেছেন:
টুল-এর বাংলা হয় হাতিয়ার আর যন্ত্রপাতি। এই দুই শব্দ ওয়েবের 'টুল'-এর ক্ষেত্রে সুপ্রযোজ্য হবেনা। 'সরঞ্জাম' শব্দটি সেতুলনায় লাগসই লাগছে আমার কাছে।
ফাহমিদুল হক বলেছেন:
ডকিউমেন্টস=দলিলপত্র (শুধু 'দলিল' যথেষ্ট ছিল তবে, ভালো শোনাচ্ছে না)সাইন ইন=প্রবেশ করুন
'সংগ্রহ' মনে হয় ঠিকই আছে। তবে এর ইংরেজিটা কী, গুগল ইংরেজি সাইট খুঁজে পেলাম না।
লেখক বলেছেন: 'সংগ্রহ=directory
ফাহমিদুল হক বলেছেন:
Click This Linkসার্চ ইমেজ=চিত্রানুসন্ধান ('করুন' শব্দটি বাহুল্য)
এডভান্সড ইমেজ সার্চ=অগ্রসর চিত্রানুসন্ধান
প্রেফারেন্সেস=অগ্রাধিকার
দি মোস্ট কম্প্রিহেনসিভ ইমেজ সার্চ অন দি ওয়েব=ওয়েবের সেরা সমন্বিত চিত্রানুসন্ধান
এবাউট গুগল=গুগলকে জানুন
ওপরের মন্তব্যটি মুছে দিন, রাগিব ভাই।
ফাহমিদুল হক বলেছেন:
এক জায়গায় দেখলাম 'সংগ্রহে অনুসন্ধান করো' আছে। এটা 'সংগ্রহে অনুসন্ধান করুন' হবে। ভালো হয় কেবল 'সংগ্রহে অনুসন্ধান' রাখলে। এভাবে সব করো/করুন বাদ দিয়ে পরিমার্জনা করা যাবে। সেহিসেবে 'এবাউট গুগল=গুগল সম্পর্কে' হয়।
ফাহমিদুল হক বলেছেন:
ডিরেক্টরি=সংগ্রহ=নির্দেশিকা?
ফাহমিদুল হক বলেছেন:
টুলবারের বাংলা শুনে হাসি পাচ্ছে ঠিকই কিন্তু আর কী করা যায়?'সরঞ্জমাদি'? বার শব্দটাই এখানে সমস্যা করছে।
অনিশ্চিত বলেছেন:
জিমেইলে Back to Inbox-এর বাংলা করা হয়েছে 'পশ্চাতে ইনবক্স'।
লেখক বলেছেন: বাবারে!!! ![]()
বাফড়া বলেছেন:
আইচ্ছা ''ভাষা সরন্জাম'' না লেইখা ''ভাষা সরন্জামাদি'' লিখলে সিরিয়াস টোন টা একটু কানে কম বাজতো না? অবশ্য একের বেশী টুল থাকলেই শেষে ''দি'' লাগানো সম্ভব...আরেকটা এডভান্সড সার্চের সেটিং তো আমরা নিজে সেট কইরা তারপরে সার্চ দেই.। তাই আক্ষরিক বাংলা না কইরা বরং এইটারে ''পছন্দানুগ অনুসন্ধান'' বা ''পছন্দানুযায়ী অনুসন্ধান'' করলে কেমন হয়।
আর না.. আমার লেভেল থিকা বেশী পাকনামি কইরা ফেলছি কমেন্ট টা কইরা, রাগিব ভাই।
শরীফ উদ্দীন বলেছেন:
http://www.google.com.bd/intl/bn/about.htmlএই লিঙ্কের "আরও Google" টাইটেলের অধিনস্ত "প্রতীকগুলি ও ছবিগুলি" সাবটাইটেলের মধাকার
"প্রতীকগুলি, ডুডলস, কর্মস্থলে ও খেলার সময়ে গুগলাররা..." লাইনের
"ডুডলস" শব্দটি কোন বনের বাঘ।
শরীফ উদ্দীন বলেছেন:
আরেকটি সমস্যা হল গুলি সমস্যা। গুগুল বাংলায় এত এত গুলির আওয়াজে চোখ ঝালাপালা। কারণ গুগলের গুলির আওয়াজ কানে লাগেনা, লাগে চোখে।
শরীফ উদ্দীন বলেছেন:
"সহজ ভাবে বলতে গেলে, ব্লগ হল একটি ওয়েব সাইট, যেখানে আপনি ধারাবাহিকভাবে কিছু লেখেন৷ নতুন লেখা শীর্ষে দেখানো হয়, যাতে আপনার অভ্যাগতরা নতুন লেখা পড়তে পারেন৷ তারপর তারা এটির ব্যাপারে মন্তব্য প্রকাশ করেন অথবা এতে লিঙ্ক করেন অথবা আপনাকে ইমেল লেখেন৷ অথবা না৷"এই লিখাটি এমন হলে সুন্দর দেখাতো না?
"সহজ ভাবে বলতে গেলে, ব্লগ হল একটি ওয়েব সাইট, যেখানে আপনি ধারাবাহিকভাবে কিছু লেখতে পারবেন৷ এখানে নতুন লেখাগুলো শীর্ষে দেখানো হয়, যাতে আপনার অভ্যাগতরা সহজে তা পড়তে পারেন এবং মন্তব্য প্রকাশ করতে পারেন। এখানে আপনার পাঠকগণ সহজেই এতে লিঙ্ক করতে পারবেন এবং আপনাকে ইমেল লিখতে পারবেন৷ আবার চাইলে আপনি পাঠকদের এই সুবিধাগুলি বন্ধও করে দিতে পারেন।"
বজ্রনিনাদ বলেছেন:
ভাগ্যবান অনুভব করছি এর বদলে "সবচেয়ে প্রাসঙ্গিক" ব্যবহার করা যেতে পারে। ইংরেজিতেতো এটাই বোঝাতে চায়।
আমি হনুমান বলেছেন:
রাগিব ভাই , মনেআছে বাংলা উইকিতেও আমি বলে ছিলাম কতগুলো শবদকে বাংলা করার কোন দরকার নেই ,ওগুলো ইংরেজি ই ভাল,আপনারা এডিটররা বললেন অন্য কথা, যা হোক শিঘ্র্ই উইকি তেওএজিনিষ প্রয়োজন হতে পারে।আমি যা বুঝেছি বাংলাদেশিদের অভাবে বাংলঅ গুগলের এই দুর্দশা, আরো অনেক বাংলাদেশীকে [নট বাংগালী] কমপিউ টার বাংলায় দেখার /লেখার জন্য কাজ করতে হবে।
লেখক বলেছেন: ঠিক, ঠিক, মনে আছে সেই কথা। উইকির ইন্টারফেইস এখন প্রায় পুরাটাই বাংলায় আছে। ওখানে সমস্যা দেখলে ঐখানকার প্রশাসক পাতায় জানাতে পারেন। আপনাকে ঐখানে আর দেখি না কেনো?
ল্যাটিচুড বলেছেন:
ধন্যবাদ।
'লেনিন' বলেছেন:
অত্যন্ত সুন্দর উদ্যোগ রাগিব ভাই। গুগলের অনুবাদ বাজে হওয়াতে ইংরেজিতেই ব্যবহার করছি। আমার মনে হয় ফেসবুকের মতো একটি অনুবাদক কমিউনিটি হতে পারে। লাখ লাখ বাঙালি অংশ নিতে পারেন এ কাজে।ফেসবুকের বাংলাকরণের জন্য কাজ করছি এবং সেখানে একটি অনুবাদের উপর ভোটাভুটি হয়। তারফলে, যথোপযুক্ত শব্দটি চলে আসে। একই শব্দ বিভিন্ন অর্থে বিভিন্ন স্থলে ব্যবহৃত হয়। তাই সেকশন অনুযায়ী অনুবাদেরও ব্যবস্থা আছে সেখানে।
You may also know
১. আপনি যাদের চিনতে পারেন
২. চেনা চেনা লাগে?
৩. দেখে যেনো মনে হয় চিনি উহারে
অনুবাদটি সবার জন্য উন্মুক্ত রাখা উচিৎ কেননা এটি আমাদের দায়। আমাদের ভাষা পৃথিবীর একমাত্র ভাষা যার রয়েছে বিশেষ অহঙ্কার।
আরেকটি গুরুত্বপূর্ণ দিকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই সবার
সেটি হলো গুগলের অনুবাদক সার্ভিস। হিন্দীতে অনুবাদ আছে বাংলাতে এখনো নেই। একাজটি কীভাবে শুরু করা যায়। এবং এসংক্রান্ত কাজে কীভাবে সবাই অবদান রাখতে পারেন তা অনুসন্ধানের প্রয়োজন অনুভব করছি।
'লেনিন' বলেছেন:
http://www.google.com/language_tools?hl=bn এই লিঙ্কটিতে গেলে দুটি লিঙ্ককে বাংলা হিসেবে দেখাচ্ছে যার মধ্যে প্রথমটি নীচের লিঙ্কটিকে নির্দেশ করে।
http://www.google.com/intl/xx-bork/
ব্যাপারটি কি?
বিপ্লবী চেতনা বলেছেন:
ভাইয়া ভাল আছেন।আচ্ছা ভাইয়া উইকিপিডিয়াতে কোন মেইলে ছবি পাঠালে আপডেট হবে সেটা যদি আবার একটু ইংরেজিতে লিখে দেন ভাল হয়।
সরি, ভাইয়া।
বিপ্লবী চেতনা বলেছেন:
ভাইয়া ভাল আছেন।আচ্ছা ভাইয়া উইকিপিডিয়াতে কোন মেইলে ছবি পাঠালে আপডেট হবে সেটা যদি আবার একটু ইংরেজিতে লিখে দেন ভাল হয়।
সরি, ভাইয়া।
বিপ্লবী চেতনা বলেছেন:
ভাইয়া ভাল আছেন।আচ্ছা ভাইয়া উইকিপিডিয়াতে কোন মেইলে ছবি পাঠালে আপডেট হবে সেটা যদি আবার একটু ইংরেজিতে লিখে দেন ভাল হয়।
সরি, ভাইয়া।
বিপ্লবী চেতনা বলেছেন:
ভাইয়া ভাল আছেন।আচ্ছা ভাইয়া উইকিপিডিয়াতে কোন মেইলে ছবি পাঠালে আপডেট হবে সেটা যদি আবার একটু ইংরেজিতে লিখে দেন ভাল হয়।
সরি, ভাইয়া।
বিপ্লবী চেতনা বলেছেন:
ভাইয়া ভাল আছেন।আচ্ছা ভাইয়া উইকিপিডিয়াতে কোন মেইলে ছবি পাঠালে আপডেট হবে সেটা যদি আবার একটু ইংরেজিতে লিখে দেন ভাল হয়।
সরি, ভাইয়া।
'লেনিন' বলেছেন:
http://www.google.com/intl/bn/about.htmlআর হ্যাঁ গুগলের ট্রান্সলিটারেশন কিন্তু প্রথম হিন্দী ভাষায় ছিলো ব্লগার.কম এ এখন সাথে আরো তিন/চারটি ভারতীয় ভাষা থাকলেও বাংলা নেই।
রাগিব বলেছেন:
যারা এখানে মতামত প্রকাশ করেছেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি এই পোস্টে প্রকাশিত মন্তব্যগুলোকে সংকলিত করে গুগলে শিশিরের কাছে পাঠিয়ে দিয়েছি। আশা করি এই মন্তব্যগুলো গুগলের লোকালাইজেশন টিমের কাজে আসবে।
রাগিব-শিশির উদ্যোগের সাফল্য কামনা করছি
অনেকেই হয়তো বলে ফেলেছেন, যেহেতু সব কমেন্ট পড়িনাই, তাই ওভারল্যাপ হতে পারে
বাংলা বর্ণগুলোর নান্দনিকতার কারণেই হয়তবা,
একই সাইজের ইংরেজী বর্ণ বাংলা বর্ণের চেয়ে পরিস্কারভাবে দেখা যায়। যেমনটা হচ্ছে গুগল বাংলার প্রথম পেজে।
তাই ইংরেজী বর্ণগুলোর তুলনায় বাংলা বর্ণগুলোর সাইজ একটু বড় করে সেট করার অনুরোধ জানাই,
আর ফন্টটাকেও মনে হয় বদলানো বেটার
রাগিব বলেছেন:
শিশিরকে রিপোর্ট পাঠিয়েছি। ওর ইমেইল পেলাম এইমাত্র, সব ব্লগারকে অনেক ধন্যবাদ জানিয়েছে। ওর কথা তুলে দিলাম নিচে -"would you please say thanks to all the blogger who particiapted in this fix-it day. Please let them know that not all of these will get fixed right away (due to lack of resource for Bangla) but all of them will be tracked and I will be nagging translation team until they fix them all. Again thank you so much for your help."
গাছ এর মত বলেছেন:
হুমম
রাগিব বলেছেন:
আপডেট--
শিশিরের কাছ থেকে মিটিং এর খবর পেলাম। লোকালাইজেশন টিমের লোকজনের সাথে মিটিং করে শিশির এই ব্লগে প্রকাশিত মন্তব্যগুলো তুলে ধরেছে। আমি এই পোস্টের ভিত্তিতে যে রিপোর্ট পাঠিয়েছিলাম, সেই রিপোর্ট এবং আরো কিছু আনুসঙ্গিক সমস্যাগুলো চিহ্নিত করে এগুলো ঠিক করার ব্যবস্থা নেয়া হচ্ছে। সমস্যাগুলো গুগলের বাগ ট্র্যাকিং টিকেট সিস্টেমে প্রবেশ করানো হয়েছে। অচিরেই এগুলো ঠিক করা হবে।
সমস্যাগুলো তুলে ধরার জন্য শিশির আবারো ব্লগারদের অনেক ধন্যবাদ জানিয়েছে।
শওকত বলেছেন:
ভাল উদ্যোগ। +++++++++++++++
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...























http://www.google.com/webhp?hl=bn