অনেক গুলো দিন পেরিয়ে গেছে,অনেক বদলে গেছি আমি হয়তো সময় আমাকে বদলে দিয়েছে।অনেক কথা অনেক কিছুই হয়তো ভুলে গেছি আমি,অনেক স্মৃতিই এখন ঝাপসা আমার কাছে,তবুও নীল নামটা আমি তুলে রেখেছিলাম অনেক যত্ন করে আমার বুকের অনেক গভীরে।এই নামটা,এই রংটা এই পৃথিবীতে শুধুই আমার ছিল।এই একটা রং যা কখনো কাউকে দিতে চাইনি আমি,তবুও রংটা আজ আর আমার নেই।কষ্ট হবে অনেক তবুও আজ থেকে আমি তোমায় ভুলবো নীল,নির্বাক বিষ্ময়ে আমি আজ তোমায় চিরবিদায় জানালাম নীল,ভালো থাকবে তুমি।তোমার দেয়া নীল নামটা আজ তোমায় ফিরিয়ে দিলাম যুবক,তুমি যাকে খুশি দিতে পারো।
সেই গ্রীষ্মের দুপুরের পর নীল রংটা বড় বেশি আপন হয়ে গিয়েছিল।কখনো বলিনি তোমাকে কিন্তু না বলা একটা স্বপ্ন ছিল আমার,একদিন একটা নীল শাড়ি পরতে চেয়েছিলাম আমি,সাজতে চেয়েছিলাম খুব সুন্দর করে,কপালে নীল টিপ,হাত ভর্তি নীল কাচের চুড়ি,খোলা চুলে নীল অপরাজিতা গুজতে চেয়েছিলাম আমি।কোনো সবুজ বনে সবুজ ঘাসে শুয়ে তোমার সাথে সারাদিন আকাশ দেখতে চেয়েছিলাম আমি।পোশাক কিনতে গিয়ে আর হয়তো কখনো নীল রংটাই সবার আগে বাছবোনা আমি।আমার স্বপ্নটা আমি তোমায় দিলাম যুবক,তুমি যাকে খুশি দিতে পারো,বুনে দিতে পারো আমার স্বপ্নটাকে অন্য কারো চোখের পাতায়।
মনেপড়ে যুবক, প্রচন্ড আবেগে অন্ধ হয়ে একদিন আমি,এক প্রেমান্ধ যুবতী তোমায় লিখেছিলাম:
জলে কার ছায়া পড়ে
কার ছায়া জলে
সেই ছায়া ঘুরেফিরে কার কথা বলে
কে ছিল সেই শিশু কি তাহার নাম
কেন তার ছায়ারে সে করিছে প্রণাম
আচ্ছা আমাদের শিশুটার একটা নাম রাখা দরকার,আজ থেকে ওর নাম অর্পনীল।
আজ থেকে আমার শিশুটার কোনো নাম থাকলো না।নামটা আমি তোমাকে দিলাম যুবক,তুমি অন্য কারো সন্তানের নাম দিতে পারো,আমি কিছুই মনে করবোনা,তুমি নিশ্চিন্তে থাকো।
এতদিন একটা নির্জন রাস্তায় প্রচন্ড বৃষ্টিতে তোমার হাত ধরে হেটে যেতে চেয়েছিলাম বহুদুর,আমার সেই বৃষ্টি ভেজা নীল শাড়িটাও আমি তোমায় দিলাম,তুমি তা জড়িয়ে দিতে পারো অন্য কারো শরীরে।আকাশের সবটুকু নীল আমি ধারন করতে চেয়েছিলাম আমার মাঝে,আমার সেই আকাশটাও আমি তোমাকেই দিলাম যুবক,তুমি তা সাজিয়ে নিও তোমার নিজের মতো করে।একটা বড় বড় ফুলের নীল শাড়ির গল্প তুমিই আমাকে শুনিয়েছিলে ছেলে,স্বপ্নটা তোমার ছিলো, কিন্তু জানিনা কখন ধীর পায়ে স্বপ্নটা এসে জুড়ে গিয়েছিল আমার সত্তার সাথে। স্বপ্নটা আমার হয়ে গিয়রছিল,সেই স্বপ্নটা আজ আমি তোমায় ফিরিয়ে দিলাম যুবক,তুমি অন্য কাউকে দেখিয়ো সেই স্বপ্নটা।আমি বিসর্জন দিলাম আমার সেই স্বপ্নকে, আমার আবেগের একটা বড় অংশকে।
ভেবনা তুমি,কষ্ট হচ্ছেনা আমার,তবুও ফিরিয়ে দিলাম তোমার দেয়া নামটা আজ তোমাকেই।জানো,আজ শুধু আমার নামটা কিংবা আমার প্রিয় রংটা নয় আমার হৃদয়ের আমার ভালোবাসার একটা অংশ আজ আমি ফিরিয়ে দিলাম তোমায়,যা আর কখনোই কোনো মূল্যে আর ফিরিয়ে নিবোনা আমি।তবুও তো নীল রং থাকবে আমার সাথে।অন্য কাউকে নীল ডেকে যে ব্যাথা তুমি আজ আমাকে দিয়েছো তারও তো রং নীল ,তাইনা?
আমার প্রচন্ড ভালোবাসার রং ছিলো নীল,নীল রং এর সব কিছু আমার বড় আপন ছিলো।আজ থেকে আমি ঘৃনা করবো নীল কে,তবুও হয়তো আমি ভালোবাসবো নীল কে।যুবক, নীল কে ঘিরে আমার সবটুকু আবেগ,সবটুকু ভালোবাসা,আমার সবগুলো স্বপ্ন আজ আমি ফিরিয়ে দিলাম তোমায়,তুমি যত্ন করে রেখো।হয়তো নীল নামটা আর কখনো আমার হবেনা,তবুও তুমি নামটার যত্ন করো।সময় অনেক কিছু কেড়ে নিয়েছে আমার থেকে,আজ আমার স্বপ্নটাও কেড়ে নিলো।সময় হয়তো বদলে দিয়েছে তোমাকে,অনেক বেশি বদলে গেছ তুমি,তবুও জেনে রেখো আমার ভালোবাসার সবটুকু জুড়ে ছিল একটা চেনা দুপুরের এক রাগি পাগলা যুবক,যার কাছে যখন ভালোবাসা আর আবেগটাই সবটুকু ছিলো,যুক্তি নয়।সে যুবক তো আজকের তুমি নও।
যুবক তুমি সব নাও,আমার প্রেমিকের দেয়া সেই নামটা যে নামে আমাকে শুধু একজন ডাকতো,অথবা সেই দুপুরটা,আমার স্বপ্নের সবটুকু অংশ অথবা আমার স্বপ্নের সবখানি রং,আমার সব সবকিছু।তবু ফিরিয়ে দাও সেই ছেলেটাকে যাকে আমি ভালোবাসেছিলাম,সেও আমাকে ভালোবাসতো তার সবকিছু দিয়ে-যার জীবনে নীল নামে ডাকার মতো শুধু একজনই ছিলো।তুমি যদি চাও আমি সব দেবো তোমায়,তবু ফিরিয়ে দাও তাকে আমি যার নীল ছিলাম।
এতটা কিভাবে বদলে গেছ তুমি,কিভাবে পারলে নীল নামে অন্য কাউকে ডাকতে?যুবক,আমার ফিরিয়ে দেয়া স্বপ্নগুলোকে তুমি তার কাছেই দিও,হয়তো আমার থেকেও বেশি মমতায় সে আগলে রাখবে তোমার দেয়া নামটা,তোমার ভালোবাসাকে,তোমার দেয়া স্বপ্নগুলোকে.........আমি পারিনি ,সে পারুক।প্রার্থনা করি নীল রং এর আনন্দটুকুই থাক তোমার জন্যে,বেদনাটা আমিই রাখলাম।
ভালোথেকো যুবক,ভালোথেকো আমার প্রিয় রং।ভালোথেকো আমার স্বপ্নরা,চেষ্টা করো আমার চোখের পাতা থেকে অন্য কারো চোখে দেখা দিতে।
যা বললাম ভুলে যাও,শুধু নীল নামে আর ডেকোনা আমাকে,আমার কষ্ট হয়,মনেপড়ে নামটা আর আমার নেই,এ নামে ডাকার মতো তোমার আরো অনেকে আছে।
ভালোবাসা না দিতে পার,অবহেলাটা মনে করিয়ে দিওনা ছেলে।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



