
আমি আমার আমাকে অর্পণ করেছি যতটা সম্ভব তার সবটুকুই তোমার ঐ বর্বর হৃদয়ে ।
বীরত্ব আর আধিপত্যের প্রভাবে তুমি হলে উন্মাদ ।
কাঠ ঠোকরা পাখি তার কোমল ঠোঁটের স্পর্শে আবিস্কার করে গাছের কাঠিন্যকে , ভেঙ্গে ফেলে সমস্ত নীরবতা ।
আমি মানুষ হয়ে হেরে গেলাম ঐ পাখির কাছে ।
কাচ বিছানো পথে হেঁটেও ছুঁতে পারিনি তোমায় , একটা একটা করে চাওয়াকে হাওয়ায় উড়িয়ে দিলাম , বিলীন করে দিলাম নিজেকে , তোমার ইচ্ছার সাগরে !
তবুও ভাঙ্গতে পারিনি তোমার অমূলক মৌনতা !
কি চাও আজো জানোনি , জানোনা , তাই আমার সবুজ হৃদয়টা সময়ে - অসময়ে দুমড়ে-মুচড়ে ধূসর হতেও ধূসর করে নির্যাতনের আখড়ায় রূপান্তরিত করেছ বড় বেশী দম্ভে !
এত বছরের আগলে রাখা মনটা শুধু তোমাকে দিয়েছি , তোমার জন্য , আর তুমি তা সাবান পানির মিশ্রনে হাওয়ায় উড়িয়ে দিলে বেলুন বানিয়ে !
কষ্ট , কী কষ্ট তুমি দিলে ।
কিশোরী শরীর আমার ক্রমশই নীল থেকে নীলাম্বর হয়ে গেল !
তুমি আছ দিব্যি তোমার সুখে । তোমার একান্ত পৃথিবীতে ।
আমি চোখ মুছে আবারও দাঁড়ালাম , অন্বেষনে ব্যস্ত হয়ে গেলাম কিসে তোমার ভালো-লাগা!
খুঁজতে খুঁজতে সব খোঁজার শেষে নিজেকে পেলাম নিকষ আঁধারের গহীনে ।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১২ রাত ১২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


