
অনেকক্ষন ধরে চাঁদটা দেখছি অথবা চাঁদ আমাকে দেখছে কিংবা কেউ কাউকে দেখছি না ! চাঁদ দেখা হয় না অনেকদিন । আজ এত বেশি আপন মনে হচ্ছে কেন বুঝতে পারতেছি না ।
- আর কতক্ষন ?
- হুম , এইতো ! খুব কি দেরি হচ্ছে ?
- হ্যা
- আর একটু থাকি ( দীর্ঘশ্বাস ছেড়ে বললাম )
কোন কথা আসলো না । মৌনতাই সম্মতির লক্ষন বুঝে নিলাম ।
- চল একটু হাঁটি । বলে আমি একাই হাঁটা শুরু করলাম । ছায়ামুর্তিটাও পিছু পিছু আসছে আস্তে ধীর পায়ে ।
খুব ইচ্ছে করছিলো এই পথটা যদি রেললাইন হত তাহলে হেঁটে শান্তি পেতাম । বেশিদূর হাঁটতে হলো না চলে এলাম রেললাইনের এক অজানা পথে । নিজের একটু হালকা হাসি পেল ! আজ সারাদিন যা মনে মনে ভেবেছি তাই পেয়েছি । সারাজীবন যদি এমন পেতাম !
- ভুলে গেছ ? আজ তোমার শেষ সময় তাই যা চাচ্ছ তাই পাচ্ছ ।
- ওহ ! আমি ভুলে গেছিলাম দু:খিত
- তুমি সবসময়ই এমন ।
- হুম তাই তো !
পুরনো বেশ অনেক গুলো স্মৃতি মনে পড়ছে । কোনটা রেখে কোনটা রোমন্থন করবো বুঝতে পারছি না । কোন এক রাতের এমন মায়াবী সময়ে কাউকে ভেবেছিলাম ভালই মনে পড়ছে । কিন্তু কি লাভ ! এখন সবই স্মৃতি । আমার স্মৃতি সব ব্যর্থতার ! কোথাও হাতড়ে হাতড়ে সুখ স্মৃতি পেলাম না । খুবই খারাপ লাগলো আমার । আমি যখন জন্মেছিলাম তখন বোধহয় মায়ের কোলে জায়গা পেয়ে খুব সুখী ছিলাম কিন্তু সেটাতো আমার অনুভুতির বাইরে ! এত পুরনো অনুভূতি আমার আসার কথা না আসছেও না । কি করবো ? অন্যসব ব্যর্থতার মত এবারও হতাশ হয়ে হাল ছেড়ে দিলাম ।
অনেকদুর হেঁটে এসেছি । ছায়ামূর্তিটাও এসেছে সাথেই । তার সাথে একটু গল্প করার চেষ্টা করেছি অনেকক্ষন ধরে কিন্তু কোন সাড়া শব্দ নাই । এতক্ষন বিরক্ত না লাগলেও এখন রীতিমত রাগ লাগছে । সম্ভবত সেও বুঝতে পারছে ।
হঠাতই ধাক্কা লাগলো কার সাথে যেন । অন্ধকারে খেয়াল করিনি হবে হয়তো কোন পথচারী বা রেলচারী । আমি দু:খ প্রকাশ করে এড়িয়ে চলতে গেলাম কিন্তু সে ব্যাটা বেঁকে বসলো । ভাব দেখে মনে হচ্ছে ইচ্ছে করে আমার সাথে লাগতে চাচ্ছে । কিন্তু আমি বরাবরই শান্তপ্রিয় মানুষ । তাই যতটা চেষ্টা করলাম তার সাথে শান্ত থাকার । কিন্তু ধীরে ধীরে পরিবেশ গরম হয়ে উঠলো । লক্ষ্য করলাম কখন যেন আমিও তার সাথে হাতাহাতিতে জড়িয়ে পরেছি !
খেয়াল হলো ছায়ামূর্তিটা কোথাও নেই ! আজব ব্যাপার ! কোথায় গেলো ? সারাদিন ছায়ারমত পিছে পিছে ঘুরে এখন উধাও হলো কেন ? এদিকে আমার অন্যমনষ্কতার সুযোগে বেশ জোরেশোরে আঘাত করে বসলো আমাকে তথাকথিত রেলচারী । মনে হলো যেন আমাকে মেরেই ফেলবে ! অসুরের মত রাগ এসে ভর করলো আমার উপর । তীব্র শক্তি নিয়ে তার সাথে লড়াই চালিয়ে গেলাম । জীবনের সব জায়গায় ব্যর্থ আমি তাই বলে এই তুচ্ছ বিষয়ে মারামারি বাধানো লোকটার কাছেও হেরে যাব ! মানতে পারলাম না ।
কিভাবে কিভাবে যেন লোকটাকে পাথরের আঘাতে জর্জরিত করে ফেললাম । লোকটা মরে গেলো ! হাহ ! সে মারা গেলো নাকি আমার জয় হলো ? পরাজিত আমার একমাত্র জয় ! নিজের জীবন বাচানোর জয় । আনন্দে উল্লসিত আমি !
বাকি ঘটনা চোখের পলকে ঘটলো । মনে হলো লোকটার লাশ সেই ছায়ামূর্তি হয়ে উঠেছে । আর আমি দ্রুত জ্ঞান হারাচ্ছি !
*****
রয়ন আজ সেই রাতের কথা খুব করে মনে করছে । জ্ঞান হারানোর পর তার কি হয়েছিলো মনে নেই । পরদিন নিজেকে হাসপাতালের বেডে আবিস্কার করেছিলো সে ।
আজ সে বৃদ্ধ মৃতপ্রায় , চারপাশে অনেকের ভীড় , কিছুক্ষন পরই তার মৃত্যু হবে , সেই ছায়ামুর্তি আজ আবার এসেছে ! না আজ রয়ন তার সাথে সংঘর্ষে যাবে না । আজ সে হাসিমুখ ।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১২ রাত ১২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



