১।
ঘুম থেকে ওঠো। সূর্যোদয়ের আগেই ওঠো। ঘুমিয়ে কাটালে তো হবে না! সামনে বিশাল সাদা বালুর মরুভূমি। সূর্যাস্তের আগেই তোমাকে পৌঁছাতে হবে শেষ প্রান্তে। নইলে আর কতকাল এই উত্তপ্ত ধূ ধূ প্রান্তরে? নিজেকে শেষ করে দিতে না চাইলে দৌড়াও বালক!
২।
লেপের নিচ থেকে জাগো এখন। এসিটাও বন্ধ করো। কিভাবে এত আরামে ঘুমিয়ে আছ তুমি, যেখানে অজস্র মানুষ ঘুমিয়ে থাকে নিরাপত্তাহীনতায়! আলস্য ছাড়। তোমাকেও পৌঁছাতে হবে সভ্যতার ওই শেষ প্রান্তে। নইলে আর কতকাল এই নাগরিক যাঁতাকলে? মুক্তি চাইলে তুমিও দৌড়াও বালক!
৩।
এই যে গেঁয়ো বালক, মাটির বিছানা থেকে উঠেছ কি? ওঠো ওঠো! এই গেঁয়ো জঙ্গলে আর কতকাল বলোতো? তুমি কি চাও না সেই স্বপ্নের জীবন? যা রোজই স্বপ্নে দেখো! তাহলে আর দেরী কিসের? ঐযে সূর্যটা প্রায় উঠলো বলে, যা করার এখন থেকেই করতে হবে। সুতরাং, তুমিও শুরু করো দৌড়!
***********
বালক তিনজন দৌড় শুরু করেছে। মহাকাল সাক্ষী হয়ে থাকে এই দৌড় প্রতিযোগিতার!
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১২ রাত ১২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


