ফিরে আসেনি আর স্বপ্ন, ঐ দূরে হিঙ্গুল মেঘে ভেসে গেছে, যার পিছনে সারাটি জীবন কেটে গেলো পথে পথে ঘুরে ধাঁধায়। ফিরে আসেনি আর স্বপ্ন, শুধু আমি ফিরে আসতে চাই বিজন তারার সাঁঝে, আমার ভাটিয়ালি সুর মেশে যেখানে গোধুলিলোকের তীর।
ভোরের স্ফটিক রৌদ্রে নগরী মলিন হয়ে আসে। আমার বেদনা আমার পানে অভিভূত হয়ে থাকে কারণ আমিতো কাঁদিনি কখনও, যখন বুঝেছি ভুলে গেছে প্রিয়া। যে ছিলো আমার রাত্রির নির্জনযাত্রী, যখন শুধু আমি আর শুধু সে আর ছিলো ঐ শীত কালো আকাশের নীরবতা। সেই নির্জনযাত্রী তারার কানে কানে কত কাল বলেছি আধো আধো কথা। আজ বুঝি ভুলে গেছে প্রিয়া।
মনে পড়ে শোনো, মনে পড়ে সেই নদীটির কথা যেখানে একটি আলো হাতে বসেছিলাম তুমি আসবে বলে। আমার ঘুম ভাঙে সেই নদীর কল কল ধ্বনিতে। তুমি আসবে কি? আসবে তো? একটি বার এসে দেখবে না আমি ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদি, কিযে অজস্র কান্না তোমার জন্য, শুধু তোমার জন্য!
অনেক ফুল জমানো তোমার আশায়, ফুলগুলো বাসি হয়েছে আমিতো বাসি হইনি, বাসি হয়নি আমার ভালোবাসা, একটা শেষমুহুর্তের ভালোবাসা নিয়ে তোমার জন্য আমি জন্মহীন নক্ষত্র হয়ে আছি!
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১২ রাত ৩:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





