স্মৃতিতে আক্রান্ত হই, কেননা তা রাত্রির সমান ;
রাত্রিতে আক্রান্ত হই, রাত্রিই প্রকৃতপক্ষে গান ...
গানে তো আক্রান্ত হওয়া আরও সমীচীন !
গানের ভেতর থেকে উদিত যে দিন
যেহেতু আমার লক্ষ সেই আদিপ্রাণ ...
০২.
রাত্রিরই প্রাতিস্বিকে লিখি এই রাত্রিকথাগুলি ...
আঁধারপ্রবাহে ওড়ে হৃদয়ের ধূলি ;
মাসিকচক্রের তেনা উড়িতেছে রাতের আকাশে,
ভূবনের মেয়েগুলি খিলখিল হাসে ...
গলায় টাঙানো কতো বিভিন্ন মাদুলি!
০৩.
অনুকার ধ্বনিলিপ্ত রাত্রিনদীতে ভেসে যাই
আর অই শিশুবেলা কেঁদেছিলো স্মৃতির উঠানে ;
স্মৃতি তো আমারই বোন ! সাঁওতালবোধের সানাই ----
বিহারে কী হারে ওর সন্তানেরা হাহাকার বোনে!
অথবা রাত্রির সাথে, বলা চলে, অদৃষ্ট বদলাই ...
০৪.
আমাকে অশুচি করে এই রাত্রি পবিত্র হয়েছে ;
পবিত্র হয়েছে ভেবে বেঁচে-বর্তে গেছে ...
আমিও ঘরের ছেলে ফিরে যাবো ঘরে,
কষ্ট পাবো না ... আছে প্রতিজ্ঞা অন্তরে ।
মফস্বলে ফিরে গেলে, রাত্রি একা, কাঁদবে নগরে ...
০৫.
তবে একে ধ্বংস বলি এই ধ্বংস সন্তানসম্ভবা
উত্তরের হিমশৈল, দক্ষিণে অতল পূণর্ভবা ;
তবে একে দুঃখ বলি এই দুঃখ সুখের অধিক
পশ্চিমে ডুবেছে গান তৈরি থেকো পুবের পথিক!
নষ্ট কোরো না বীজ এই মাটি যথেষ্ট সম্ভবা ...
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


