অনিন্দিতাকে আবার চিঠি লিখতে বসি।
যখন খুব শীত বোধ হয়, রোদ্দুর পর্যাপ্ত উষ্ণতা দেয় না, আর এই শীতবোধগুলোর কোন রাজনৈতিক মানে করতে পারি না, বিকেলটা মরে যায়। এবং নিঃস্ব হয়ে যাই।
রিকসা ছেড়ে, এর অনন্ত ঘন্টাধ্বণি ছেড়ে, আমার পা চারি খুলে নিয়ে, আমি কোথায় যে যাই।
পাখি, অথবা মেঘ, অথবা ঘাস, অথবা বীজ, অথবা পাতা, বৃষ্টিতে ভিজি, অথবা রোদ, আমি মরে যাই; আমার অস্তিত্বে তখন এইসব থাকে।
আমি, এমনকি তুমি, সাম্রাজ্যবাদ ও তার পলিটিক্স, মৃত সব অরণ্যেরা, আমাকে খুঁজে পায় না।
তখন আমি বীজ। অথবা পাতা।
এমন কি রাত্তির হলে, আমার জাগতিক চাঁদটিও নিভিয়ে দিই, নৈঃশব্দ এবং তুমি; এবং আমিও থাকি না।
কী যে হয়, রাজনীতিকে ছাড়া আমি নিঃস্ব হয়ে যাই।
এমনকি তোমাকে লেখা আমার চিঠিগুলোর কথা ভুলে যাই। মনেই পড়ে না।
নিঃস্ব হতে হতে, যখন তোমাকে আমি পুরোপুরি ভুলে যাই, তখন; হঠাৎ তখনই অনিন্দিতা এসে হাজির হয়।
সে এসে দাঁড়ায় ঠিক আমার মুখোমুখি।
এক আজনবীর মতো, যারে আমি চিনি না, কিন্তু বহুকাল যার সান্নিধ্যে ছিলাম, এক প্রাচীন সভ্যতার বিস্বরণের মুহূর্তে।
দীর্ঘ পরিচিতের মতো বসে পড়ে আমার সামনের জলচৌকিতে, স্বচ্ছন্দে, সহজ লীলায়।
যেন খুব স্বাভাবিক ছিল এই বিকেলের মরে যাওয়া; আর তার আসার কথা ছিল, যেন নিয়তি।
নিয়তির সাথে আলাপ পাড়ি। ভাল আছো অনিন্দিতা?
তখন, সবকিছু গুছিয়ে, অনিন্দিতাকে আবার চিঠি লিখতে বসি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

