তুমি থাকলে পৃথিবীতে আর কোন বিরোধ নেই।
গাছেরা শষ্য দেবে ঠিক মওসুমে, বসন্তে ফুটবে
ফুল। আকাশ বৃষ্টি দেবে, মেঘ দেবে, দেবে স্বস্থির ঘুম।
যখন ইচ্ছে হবে মশক ভরে নেওয়া যাবে জল।
সূর্য রোদ ছিটোবে যখন উষ্ণতা চাই। বিকেলের
কমলা রঙ আকাশে ফুটবে; মানুষেরা অমর হতে
তখনো কাঁদবে। অমল গোধুলি ডাকে নিজেকে
হারানো শেষে আমার মনের পাখি তখনো উড়বে।
তারপর ওড়াউড়ি শেষে সুখ কুড়ানির মত
কোঁচলে শস্য ভরে আমরা ফিরবো যখন
ফেরার অর্থ নিয়ে আর কোন প্রশ্ন থাকবে না। নীড়-পাখিদের
ঘর ফেরা মাতামাতি আর, এ বিপুল পৃথিবীতে-
তুমিই থাকবে শুধু। আর কোন অসুখ থাকবে না।
অনন্তে বসন্ত ছাড়া আর কোন ঋতু থাকবে না।
যদি না ফোটে ফুল? শুনো মেয়ে, তাহলেও ভয় নেই।
যদিবা গাছেরা শষ্যহীন থাকে সারা মওসুম
দুর্ভিক্ষ হবে না এখানে। কেননা আমরা হয়েই
আছি সে খরাতে অন্তহীন শষ্যের গাছ, নির্ঘুম।
আমাদের সন্তানেরা হবে শষ্যহীন পৃথিবীর
আশা। অমাবশ্যার জোনাকিগুচ্ছ। যদি তুমি থাকো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

