আমি যেন এক ভীষণ সমসাময়িক অসময় যে অসময়ের ঘোরটোপে বন্দী করেছে রাজ্যের সময়কে ।
সময়!!! তুমি এক ঘুমন্ত রাজকন্যা। কোন এক অতলান্তিকের তীর ঘেঁষা ঘুমন্তপুরীতে তোমার বাস। সোনার কাঠি, রুপোর কাঠির যাদুর জালে তুমি অসময়ে ঘুমোচ্ছ গভীর কোন ঘুম। তুমি ঘুমন্তপুরীর শ্বেত রাজকন্যা । তোমাকেই সময় মত পেতে অধীর এই ধরিত্রী । অধীর এই মহাকাল।
আর অসময়!!! তুমি এক ঝঞ্জা বিক্ষুব্ধ হার না মানা সাহসী রাজপুত্র । কঠিন, দুঃসাহসিক কোন অভিযানেই তোমার ক্লান্তি নেই । যেন ক্লান্ত হতে হতেই তুমি আবার তৈরি হও যুদ্ধ জয়ে। যেখানে সময় ফুরিয়ে যায়, সেখান থেকেই বুঝি শুরু হয় তোমার নতুন সময়। তুমি ছুটে যাও অতলান্তিকের বাধা উপেক্ষা করে। সাত সমুদ্র আর তের নদী পার হয়ে তুমি পৌঁছে যাও ঘুমন্তপুরীতে। ঘুমন্ত সময় রাজকন্যাকে জাগাতে । অসময়!!! তুমি এক ঝঞ্জা বিক্ষুব্ধ হার না মানা সাহসী রাজপুত্র। সেই ঘোর অসময়েও তুমি হারিয়ে দাও সব অবন্ন উলনের শক্তি।
তাই কোন এক শিশির ভেজা ভোরে, দুর্বা ঘাসের আদর পায়ে নিয়ে সময় রূপী রাজকন্যা আবারও ছুটে চলে, নতুন প্রাণে; অতলান্তিকের আহবানে; সমুদ্র স্নানে ।।
শ্বেত রাজকন্যা তুমি ।
তুমি ভুলে যাও
অসময়ের সাহসী রাজপুত্রকে ।।
তুমি ভুলে যাও
ত্রিস্তানকে ।।
ঠিক যেমনি সময়ে মানুষ ভুলে যায় অসময়কে ।
পাদটীকা: বড় অসময়ে লেখা... সময়ের অভাব মেটাতে । আফসোস! কোনটা সময় আর কোনটা যে অসময় সেইটিই এখনও বুঝতে শিখলাম না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

