আমার প্রিয় পোস্ট

এলোমেলো কথাবার্তা, অবাস্তব ভাবনা-চিন্তা ৪: আপনার দেশ কোথায়?

১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১৬

শেয়ারঃ
0 0 0

জীবনে এই প্রশ্নটা অনেকবার শুনেছি। তোমার/আপনার দেশ কই? জানি দেশ বলতে গ্রামের বাড়ি বোঝায়। আরো ঠিক করে বললে দাদার বাড়ি। হুমম, যদি ঠিক করে বলতে চাই, তাহলে বলতে হবে, সে এক বিরাট ইতিহাস...

সেই ইতিহাসটাই বলছি। আমার বাবা-দাদার জন্ম ভারতে। পশ্চিম বাংলা। নাঃ ওখানে আমার পুর্বপুরুষরা কোন জমিদার ছিলেন না। একেবারেই সাধারণ পরিবার। আমার বাবা যখন ক্লাস ৫/৬এ পড়েন তখন দাদা মারা যান। আব্বা ৬/৭ ক্লাসে পড়ার সময় শেষ হয় ওখানকার পর্ব। তার কিছুদিন পর ভারতভাগ। পাকিস্তান আমলেই ওনার সরকারী চাকরী পর্ব শুরু হয়। ৯০এ রিটায়ারমেন্ট। ৯৮এর আগে আব্বা আর ভারতে পা দেননি। এতো ত্যানা প্যাঁচানোর উদ্দেশ্য পশ্চিম বাংলাকে দাদাবাড়ি বলতে আমার যে ব্যাপক আপত্তি সেটা জানানো।

আমাদের জীবন কেটেছে কলোনীতে। আগারগাঁর এক কলোনীর বাসায় আমরা ১৬ বছর ছিলাম। চাচারা একেকজন একেক যায়গায় থেকেছেন। আমাদের স্থায়ী ঠিকানা বলতে আসলে কিছু ছিলোনা। বাংলাদেশের সরকার/মানুষকে কি করে বোঝাই সে কথা?

কোন একটা বিচিত্র কারণে আমার বাবা-চাচারা ভারতের জন্ম নেয়ার ব্যাপারটা ঠিক বলতে চাইতেন না। ঘটিদের মানুষ খুব পছন্দ করতো না, হয়ত এখনও করেনা। রিকশা ভাড়া শেয়ার করার সময় যার কখনোই ভাংতি থাকে না, সেও জানায় ঘটিরা খুব কৃপণ। বাসায় কখনো খাওয়ায় না। ঘটিরা মেয়েরাও বেশী সুবিধার হয়না - নির্ভীকের মত জানান অনেকেই। নাহ, আমার বোনেরা (আপন অথবা কাজিন) তাঁদের কারো পাকা ধানে মই দেননি। তবু বলেন।

কেউ বলতে পারেন, নানাবাড়িকেই তো দেশের বাড়ি হিসেবে চালানো যায়। হে হে অভাগা যেদিকে চায়....... নানার বাড়ি নোয়াখালী।
নোয়াখালীর লোকতো খুবই ট্রিক্সবাজ। দাওয়াতে খেয়েই চলে আসে।

জেলা ভিত্তিক জেনারাইলেজেশন জিনিষটা যে কত খারাপ সেটা বুঝতে বেশী দেরী হয়নি। সারা দেশের সব জেলাকেই নিজের জেলা ভাবতে ভালো লাগতো। দৈনিক সংবাদে মোনাজাতউদ্দিনের সিরাজগন্জের কৃষকের কষ্টকে নিজের কাছের মানুষের কষ্ট ভাবতে পারতাম। আবার কুমিল্লার রসমালাইকে পৃথিবীর সেরা খাবারের একটা বলতাম (এখনো বলি) উঁচু গলা করে। সারা জীবন ঢাকায় থাকলেও ঢাকার চেয়ে চাটগাঁ যে অনেক সুন্দর শহর সেটা মানতে দ্বিধা করিনি কখনো।

প্রবাসে এসেও দেখি "দেশপ্রীতি" (বাংলাদেশ অর্থে না) যায় না কারো কারো। কয়েকশ বাংগালির মধ্যেও দেখি কেউ কেউ মেশার সময় নিজের জেলা খোঁজে। নিউইয়র্কে বসে গড়ে তোলেন "বাঞ্ছারামপুর সমিতি"।

সব জেলার মানুষের মাঝে ভালো মন্দ পেয়েছি। যেসব চমৎকার মানুষকে দেখেছি, কোন ফরমুলায় ফেলতে পারি নি যে কোন জেলার মানুষ কেমন হবে। গণিতের ভাষায়, মানুষের চরিত্র জেলার ফাংশন নয়।

দেখতে দেখতে ৯ বছর হয়ে গেলো প্রবাসজীবন। দেশ বলতেতো কোন নির্দিষ্ট গ্রাম/উপজেলা/জেলা মনে পড়ে না। জীবনে কোনদিন বগুড়া যাইনি। দেশের টান বল্লে তো বগুড়ার কথাও মনে পড়ে। বিষণ্ণ মনে দুটো লাইন মনে করি "সতত হে নদ তুমি পড় মোর মনে, সতত তোমার কথাভাবি এ বিরলে"। নাহ পাঠক, জীবনে কোনদিন কপোতাক্ষ নদও দেখিনি। (একবারই যশোর গিয়েছিলাম)

কোন জেলাই আমার জেলা না। সেজন্যই কি ৬৪ জেলাকেই নিজের জেলা মনে হয়?

 

সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২৫
জনৈক আরাফাত বলেছেন: আপনার লেখাটা ভালো লাগলো। তবুও, বলছি এলাকাভিত্তিক সাংস্কৃতিক ও পরিবেশের প্রভাবে মানুষ প্রভাবিত হয়। নেতিবাচক অর্থে বললাম না!
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২৭

লেখক বলেছেন: মানলাম, যেমন কুমিল্লার মত রসমালাই আর কোথাও হয় না।:)

২. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২৮
প্রচেত্য বলেছেন:
লেখার বিষয়বস্তুটি বেশ আকর্ষিত
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ

৩. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৩১
তামিম ইরফান বলেছেন: দেশগ্রাম নিয়া কাউকাউ করা কোন সময়ই ভালো লাগতো না এখনও লাগে না।
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৬

লেখক বলেছেন: :)

৪. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৪
অচেনা বাঙালি বলেছেন: পরিচয়ের পরই দেশ কৈ জিগাইলে আগে মেজাজ খারাপ হৈত খুব। ঐদিন দেখলাম হাসান মোরশেদ বলছে ' জাতীয়তাবাদ ও তো আঞ্চলিকতা'। অনেক চিন্তা করে দেখলাম ঠিকিতো।
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৭

লেখক বলেছেন: হুমম

৫. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৭
আশাবাদী মানুষ বলেছেন: রোবোটে যে আবেগ থাকে না পড়লে বুঝতাম না । দেশকথন ভালো লেগেছে।

আসলেই পরবাসে থেকেই আপনার কথার মর্ম বুঝেছি।
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৪

লেখক বলেছেন: হুমম।

৬. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৩
সুলতানা শিরীন সাজি বলেছেন:
সুন্দর লেখা।
দেশ ছাড়ার পর এই প্রশ্ন বহুবার শুনেছি। দেশ কোথায়?
বাংলাদেশই বলতাম। পরে বুঝেছি এই দেশ সেই দেশ না।
লালমনিরহাট বললে আবার অনেক চেনেও না।
দেশের বাইরে আমাদের সবার একটাই পরিচয় হওয়া উচিত ছিলো।
অথচ ব্যাপারটা পুরাটাই উলটা।

এত যে কমিউনিটি অর্গানাইযেশন।জেলা ভিত্তিক। এতগুলো না হয়ে
শুধু যদি একটা হতো..........প্রতিটা শহরে একটা করে কমিউনিটি সেন্টার হতে পারতো বাংলাদেশীদের।
সেইদিকে কিন্তু কারো কোন খেয়াল নেই।

শুভেচ্ছা থাকলো।
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ

৭. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৯
নাজমুল আহমেদ বলেছেন:

হুমমম খাঁটি কথা.......:)
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৪৯

লেখক বলেছেন: হুমম

৮. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৪
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
"আশাবাদী মানুষ বলেছেন: রোবোটে যে আবেগ থাকে না পড়লে বুঝতাম না ।"

প্লাস
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ

৯. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১১
বৃত্তবন্দী বলেছেন: রোবোটাংকেল ভালা কৈছেন, সুন্দর কৈরা কৈছেন...

আমারেই দেহেন, পোলা/বুড়াপাইন জিগাইলে আমি কৈ আমি উদ্বাস্তু, কারণ??
কৈতেছি

আমার দাদা বরিহাইল্যা খোনকার, হেরে তো আমি দেহিই নাই শুনছি যে হেয় ঢাকায় চৈলা আইছিলো। চাচারা ঢাকায় ঘরবাড়ি কর্ছে। সেই অর্থে আমার দাদাবাড়ি নাইক্যা। শুধু নামে একটা গেরামের নাম জানি। আমি ইভেন বরিশাল বিভাগেও পা রাখি নাই অহন্তরি।
আমার নানার বাবার বাড়ি শুনছি মুর্শিদাবাদ ছিলো। বুদ্ধি হবার পর্থেকে দেখছি নানা খুলনায় থাকছে। নানুর বাড়ি মাগুরায়। আমার মা, খালারা বড় হৈছে যশোরে।

আমি জন্মাইছি রংপুরে। বড় হৈছি রংপুর, দিনাজপুর, খুলনা বিভিন্ন যায়গায়।

এল্লিগাই আমি নিজেরে উদ্বাস্তু কৈ। আর মানুষের এলাকায়ন দেইখা অবাক হৈ। :)
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০২

লেখক বলেছেন: উদ্বাস্তু বল্লে বল্বে, কোন এলাকার? :)
কৈ যাইবা

১০. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২৬
নক্ষত্রের কান্না বলেছেন: আমার নানা দাদা উভয়ের বাড়ী ছিল মুর্শিদাবাদ। যথারীতি দেশভাগের সময় পাকিস্তান চলে আসেন। কিন্তু এটা নিয়ে আমি কখনও কোনো সমস্যায় পড়িনি।স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কোথাও নয়। কারো কারো মুখে শুনেছি নানান সমস্যার কথা। কিন্তু আমার হয়নি। তাই দেশ কোথায় এ প্রশ্নের উত্তরে কাউকে কখনও অন্য কিছু বলার প্রয়োজন বোধ করিনি।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১২

লেখক বলেছেন: না পড়লেই ভালো। আড়ালে কি বলে এটাও জানা দরকার। সাইফ শেরিফের মত ব্লগার বগুড়ার মেয়েদেরকে গণহারে খারাপ বলেন। ভাবা যায়। বগুড়ার কোন মেয়েকে হয়ত সামনাসামনি একথা বলবে না ভদ্রতা করে। সিলেট, চাটগা, বরিশাল কাদের সম্পর্কে আমরা গণহারে খারাপ বলিনা?

১১. ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২৩
মেহবুবা বলেছেন: কিছু প্রসঙ্গ মনে আসছিল , লেখা হল না ।
আমাদের কোন বোনের শ্বশুরবাড়ী বৃহত্তর খুলনায় না । বোন জামাইদের কথা , খুলনার মানুষ ভাল , রিকশাওয়ালারাও কেমন সোজা , আন্তরিক ।

ভাল মন্দ সব জায়গাতে আছে । তবে জণৈক আরাফাতের "বলছি এলাকাভিত্তিক সাংস্কৃতিক ও পরিবেশের প্রভাবে মানুষ প্রভাবিত হয়। নেতিবাচক অর্থে বললাম না! " কথাটা গ্রহনযোগ্য ।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৫

লেখক বলেছেন: বৃহত্তর খুলনায় ভয়াবহ খারাপ মানুষও দেখেছি। ভালোও দেখেছি। কি বলবেন?

১২. ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৭
ধূসর মানচিত্র বলেছেন: আমার ভার্সিটি লাইফের জানের দোস্ত ছিল পশ্চিমবঙ্গের মালদহ জেলার। তার মধ্য আমি কখনো কিপটামি নামক জিনিস দেখি নাই। তাই ঘটিরা কিপটা এটা অমূলক।
এলাকাভিত্তিক প্রেম একধরনের আঞ্চিলকতাভিত্তিক জীতয়তাবাদ। আমাদের সবার এই ফাউল জিনিস বর্জন করা উচিত, দেশের বৃহত্তর স্বার্থে।
২১ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১৩

লেখক বলেছেন: কিপটা-উদার সব জায়গাতেই আছে। যদি আমরা বুঝতাম

১৩. ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৪৯
অনন্ত দিগন্ত বলেছেন: ঈদের অনেক অনেক শুভেচ্ছা ... ঈদ মোবারক
২১ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৫

লেখক বলেছেন: ঈদ মোবারক

১৪. ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৩০
অরণ্যচারী বলেছেন: ঈদ মোবারক আঙ্কেল।:)
২১ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৫

লেখক বলেছেন: ঈদ মোবারক

১৫. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪১
মুক্ত বয়ান বলেছেন: কঠিন লেখা, আংকেল!!! :|

এখনো দেশে আছি, এখনো ভাগাভাগি, আর বাইরে গেলেও.. :-/
বাঙালি মনে হয় ভেদাভেদি কখনোই ভুলতে পারবেনা। :(

ছন্নছাড়া জীবনে ছন্দ আসুক
দ্বৈততার দ্বন্দে ঐকতা আসুক
প্রাসঙ্গিক সব বাহুল্য
দূর হয়ে যাক দু'টি শব্দ
"ঈদ মোবারক"।
২১ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৫

লেখক বলেছেন: দূর হয়ে যাক দু'টি শব্দ

দূর হয়ে যাক দু'টি শব্দে হবে।


ধন্যবাদ

১৬. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৩
মুক্ত বয়ান বলেছেন: ঠিক। :(
মিসকুজি'র লিগ্গা চরি। :)
২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৫

লেখক বলেছেন: :)

১৭. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৪৩
নুশেরা বলেছেন: বাপমা দুজনেই নিজ নিজ ভিটেমাটির সর্বস্ব গুটিয়ে অন্য কোন শহরে। অত তম ফ্লোর... এই হলো আবাস। পরের প্রজন্মে আমার নেই ঠিকঠিকানা; তারও পরের প্রজন্মের নেই ঠাঁই! তবু নাড়ি পোঁতা মাটির নাম দেশ।

==========================================

লেখাটা অনেক কষ্টের কথা মনে করালো।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

সত্যিকারের দেশ আর হোম ডিস্ট্রিক্টের ব্যাপার অবশ্য আলাদা।

১৮. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:২৯
একলব্যের পুনর্জন্ম বলেছেন: হোম ডিস্ট্রিক্ট নিয়ে মাতামাতি কি জিনিস স্কুল কলেজে থাকতে কখোনো শুনিনাই । প্রথম শুনেছি
ইউনিভার্সিটি তে ঢুকে - বেশ কড়া কথার আদানপ্রদান হয় এ নিয়ে , দেখি অনেক সময় !

২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:২০

লেখক বলেছেন: হুমম।

১৯. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৩৭
ফারহান দাউদ বলেছেন: অন্ঞ্চলভিত্তিক ট্যাগিং এদেশে অনেকদিন ধরেই চলে আসছে। অমুক জায়গার লোক ফকিন্নি, তমুক জায়গার মেয়েরা ঝগড়াটে, এখানকার লোকেরা গিরিংগি তো ঐখানকার লোকেরা ভোদাই। যতক্ষণ জিনিসটা রসিকতা হিসেবে থাকে ঠিক আছে, কিন্তু যখনই এটা কর্মক্ষেত্রে বা জাতীয় জীবনে চলে আসে তখন সেটা বিশ্রী ব্যাপার হয়ে দাঁড়ায়। বুয়েটে এসেই দেখি কুমিল্লা সমিতি, রংপুর সমিতি, জামালপুর সমিতি, আরো কত সমিতি। সিলেট আর চট্টগ্রামের ব্লগাররা আহত হলে দুঃখিত, কিন্তু এই ২ জেলার লোকজন যে এমনকি জেলার বাইরে ছেলেমেয়ের বিয়েও দিতে চান না এটা তো সবাই জানে। একই সাথে নোয়াখালি-বরিশাল-গোপালগন্ঞ্জের লোকদের প্রশাসন থেকে সর্বত্র নিজ জেলার লোকজন বসানোকে অস্বীকার করারও কোন কারণ নেই। চুইঙ্গা-বইঙ্গার গুঁতো চট্টগ্রাম বেড়াতে গিয়ে আমি নিজে খেয়েছি, বাইরের লোক দেখলেই এমন অদ্ভুত আচরণের কি মানে সেটা তারাই বলতে পারবে। দেশের বাইরে দেখবেন ক'টা বাংলাদেশি এক জায়গায় হলেই ৩টা সমিতি, এবং সেইসব সমিতির কর্তৃত্ব নিয়ে নোংরা রাজনীতি। এইটুকু একটা দেশ, তার এত ভাগ থাকার দরকার টা কি? চরম, এবং চরমতম বিরক্তির সাথে ভার্সিটিতে থাকার সময় এইসব সমিতি এড়িয়ে চলতাম, ভবিষ্যতেও এড়িয়ে থাকবো। যে কোন জেলাতেই যাই, সেখানে নিজ জেলার লোকজন দেখলে আহ্লাদে উদ্বাহু হয়ে নাচার কোন মানে দেখি না, পুরো দেশটাই আমার দেশ বলে ভাবি, আর দেশের বাইরে থাকলে তো বাংলাদেশী মাত্রেই দেখে খুশি হবার কথা, সেখানে জেলাওয়ারি লোক খোঁজার সংকীর্ণতা আসে কিভাবে?
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:১৯

লেখক বলেছেন: "সিলেট আর চট্টগ্রামের ব্লগাররা আহত হলে দুঃখিত, কিন্তু এই ২ জেলার লোকজন যে এমনকি জেলার বাইরে ছেলেমেয়ের বিয়েও দিতে চান না এটা তো সবাই জানে।"

আমার শ্বশুরবাড়ী চট্টগ্রাম। :)

"একই সাথে নোয়াখালি-বরিশাল-গোপালগন্ঞ্জের লোকদের প্রশাসন থেকে সর্বত্র নিজ জেলার লোকজন বসানোকে অস্বীকার করারও কোন কারণ নেই।"

যশোর-পাবনা-কুমিল্লার অনেকেই এরকম করেছেন। কেউই কম না।

আসল কথা পুরো দেশটাই আমার দেশ। ৬৪টা জেলাই আমার।

২০. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৪৯
সোহায়লা রিদওয়ান বলেছেন: কুমিল্লা আর নোয়াখালী ...... দুই বিতর্কিত জায়গাই অরিজিন ! আমার যে কি হবে :-) !!!!

- দেশ কোথায় ?
- বাংলাদেশ।

সহজ সোজা সত্য !
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:১৫

লেখক বলেছেন: সোহায়লা রিদওয়ান বলেছেন: কুমিল্লা আর নোয়াখালী ...... দুই বিতর্কিত জায়গাই অরিজিন ! আমার যে কি হবে :-) !!!!


আপনি খুব খারাপ হলেও আমার মত খারাপ না :)

২১. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৮
ফারহান দাউদ বলেছেন: দিন পাল্টাইসে তাইলে, যদিও আমার এক বন্ধুর বাড়ি বরিশাল বলে তার চাটগাঁর শ্বশুরবাড়ির লোক ব্যাপক ঝামেলা করসিলো।:)
আর অন্ঞ্চলভিত্তিক স্বজনপ্রীতির ব্যাপারে সবার বেলাতেই এক কথা, এমনিতেই সরকারী চাকরিতে জেলাওয়ারি কোটা আছে, সেইটা আরেক আজব জিনিস।
০১ লা অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৫

লেখক বলেছেন: হুমম। জেলা কোটা বাদ দেয়া দরকার।

২২. ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:২৫
আহসান হাবিব শিমুল বলেছেন: ভালো লিখেছেন। দেশভিত্তিক জাতিয়তাবাদ যেভাবে আজকাল প্রশ্নের মুখে পড়ছে, সেখানে এই বাংলাদেশে গ্রামভিত্তিক আন্চলিকতা টিকবে না।
তবু অনেক কিছুর মতোই এটাকেই অনেকে জোর করে টিকে রাখতে চায়।

বহুদিন পরে নিজের ব্লগে ঢুকে আপনার লিংক দেখতে পয়ে সোজা চলে এলুম।

নতুন বছরে প্রথম কমেন্ট।হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি ব্লগিং।
০২ রা জানুয়ারি, ২০১০ রাত ৩:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ

২৩. ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:০২
নরাধম বলেছেন:
কেমন আছেন?

লেখাটা পড়ে ভাল লাগল, একটু মনও খারাপ হল। কিছুদিন আগেই একজনের সাথে বিরাট তর্ক হল, কারন তার মতে নোয়াখালীর লোক নাকি খারাপ। (তার মতে ১০০ জনে ৯৫ জন খারাপ)। আমার জীবনে পরিচিত মানুষের মধ্যে সবচেয়ে ভালমানুষ বন্ধুদের বেশিরভাগই নোয়াখালীর! আবার অনেকে বিশেষ দেশকেও আইডেন্টিফাই করে সেদেশের মানুষ মানেই খারাপ বলে থাকে। আসলে মানুষ মাত্রাই জেনারেলাইজ করে।


ভাল থাকুন।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:০৯

লেখক বলেছেন: আছি মোটামুটি। হঠাৎ এত পুরান পোস্টে?

জেনারালাইজ আমিও করি। পাকিস্তান দেখলে অস্বস্তি হয় কেন বলো?

 

মোট সময় লেগেছে ১.০০৭৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মাথার ঘায়ে কুত্তা পাগল (মাঘাকুপা)- ডগ ম্যাড বাই হেডস ইনফেকশন
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই