প্রিয় বাবা
অনেক দিন পর লিখছি, কেমন আছ তুমি? অনেক দিন তুমি আমাকে দেখতে আস না- আমার উপর রাগ করেছ? সেই কবে থেকে সবাই বলছে তুমি আসবে। আমি যদি ভালো হয়ে চলি তাহলে তুমি আসবে। আমি যদি কাউকে কষ্ট না দেই তাহলে তুমি আসবে। তোমার মনে আছে পাহাড়ী ঝর্ণায় তোমার সাথে গোছল করতে যেতাম? আমার হাত তুমি শক্ত করে ধরে রাখতে, যাতে করে আমি পরে না যাই। অথচ জীবনের এই উচু নিচু পথ পাড়ি দেয়ার জন্য আমাকে একলা কেন ছেড়ে দিলে?
সেই ছোট্ট বেলায় যখন স্কুলে যেতাম, বন্ধুদের বাবা আসতো তাদের জন্য টিফিন নিয়ে, আমার জন্য কেউ আসেনি। কত রাত আমি কান পেতে থেকেছি এই বুঝি তুমি এলে এ আশায়।এসে যদি আমাকে না পেয়ে ফিরে যাও, আমাকে না দেখে তোমার যদি খারাপ লাগে কিংবা আবার দূরে কোথাও চলে যাও তাই তো আমার শৈশব কেটেছে আমার বয়সী যে কারো চেয়ে অন্য রকম। আমার ছোটবেলার উজ্জ্বল মুহূর্তগুলো আমি একটি একটি করে তোমার জন্য সাজিয়ে রেখেছি- তুমি আসবে এই ভেবে।
আজ থেকে ২৪ বছর আগে তুমি আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেলে, সেখানে তুমি কেমন আছো বাবা? তোমার অবর্তমানে মা আমদের বাবা ও মা হলেন। আমরা এখনো আছি। মা আমাদের জন্য সম্ভাব্য সব করেছেন। তার পরও কোন এক দীর্ঘ রাতে তোমাকে খুব মিস করি বাবা। তুমি দেখে যাও তোমার ছেলে আজ কত বড় হয়েছে, একা একা পথ চলতে শিখে গেছে। অন্ধকার রাতে ভয় পায় না। তোমার এতো অভিমান? আমি ভুল করলে তুমি শাসন করবে না? সবাই বলতো আকাশের তারা হয়ে তুমি আমায় দেখছো, আমার কথা শুনছো। রাতের পর রাত আমি তোমায় ডেকেছি, তুমি শুনতে পাওনি?আমার অভিমানগুলো জল হয়ে টপটপ করে ঝরে পরে,বুকের মাঝে নীল কষ্ট জমা হয়ে আছে- তবু পৃথিবীর সকল ভালবাসা তোমার জন্য। শুধু প্রার্থনা করি যেখানেই থাক ভালো থেকো
বাবা আমি আর কত ভালো হলে তুমি আমায় দেখতে আসবে?
আজ রাখি, ভালো থেকো...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

