তোমার কাছে এলে। কথার সমুদ্র নিভিয়ে দিয়ে
নীরব হয়ে যাই। দূরত্ব আমার কাঁধে কথার
পাহাড় জমায়, বইতে বইতে শ্বাস আটকে আসে।
কথার পাহাড় আমাকে চাপা দেয়ার ভয় দেখায়।
কথার কুরুক্ষেত্র সারাবেলা আমার রক্ত চায়।
তোমার জন্য সব শব্দ। কিন্তু নিবিড়তা আমার
বুকে অচীন নৈঃশব্দ আনে। তোমার কাছে যতই
আসতে থাকি কথার পাহাড় দূরত্বের মতো
ক্ষয়ে ক্ষয়ে নিঃশেষ হয়ে যায়, বুকভরে শ্বাস নিই
আবার বহুদিন পর। শব্দহীনতা তাই আমার কাছে
চিরকালই দুরত্বহীনতার অন্যনাম। তোমার
আত্মায় পৌঁছে একদিন চিরবোবা হয়ে যাবো, আর
বেরোতে চাইবো না। তুমি যেনো আমাকে পাহাড়
মনে করো না, মনে করো তুলোর পাহাড় অন্তরঙ্গ
হাসির মতো হালকা, তোমারই আত্মা আমি
আজন্ম বয়ে বেড়িয়েছো, কখনই আলাদা কিছু নই,
তখন বিচ্ছিন্নতা সে কেবল মৃত্যুর অন্য নাম।
সেদিন থেকে আমি আর একটা শব্দের ভারও
সইবো না তোমার আর আমার মাঝে
অনুভব নৈঃশব্দ নিবিড়তা কািঙ্খত অমরতা পাক
আমাদের মাঝে, কেবল এই চাইবো আমি।
আজও স্বপ্ন দেখি তোমার পায়ের কাছে লাল
তলোয়ার জং ধরে ঘুমিয়ে পড়ছে রক্তের স্বাদ ভুলে
জীবনের অপচয় ভুলে ঘাসের হাসির নিচে নীরবে।
বহুবহুদিন অব্যবহৃত প্রত্ন-কথার শান্ত সমুদ্রে
সোনার জ্যোৎস্না পড়েছে। ওই যে এমন ভঙ্গিতে
হাত তুলে তোমাকে দেখাচ্ছি, যদিও তেমন
ছিল না আমার হৃদয়। দেখছো অমর কুরুক্ষেত্র
মরে গেছে। দশদিগন্ত জুড়ে কেবল সবুজ কল্লোল।
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০০৯ বিকাল ৩:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


