সময়
আমার বউ তার শিশুর জন্য কাঁথা সেলাই করছে
আর এক মাকড়শা তার মাথার উপর ছাদে
ফাঁদ বুনতে বুনতে এসব দেখছে টের পাই নি
সেসময় একশো ওয়াটের একটা বালবের পাশে
এই ঘরের বারান্দায় এসে জ্বলছে তুচ্ছ একটা চাঁদ
আর টিভিতে দেখছি তখন বারবার কংক্রিট ফুঁড়ে
নতুন চারার মতো অনেক শিশুর রক্তাক্ত মুখ
গজিয়ে উঠছে গাজার প্রান্তরে, সেও দেখছে
এক মা বাংলাদেশে বসে আসন্ন শিশুর কাথা বুনছে
একটা মাকড়শা ঘরের ছাদে জাল বুনছে তখন
এই দৃশ্য খাতায় টুকে রাখতে গিয়ে
দেখছি আমার মুখের উপর মাকড়শার জালের
চিকন ছায়া অগোচরে কাঁপছে
এবং টের পাই জালের ওপারের বালবের আলো
যা দেখতে চাওয়ার নয় তা-ই দেখিয়ে দিচ্ছে
উড়ে আসা কোন পোকা কি আটকে পড়েছে জালে
বসন্ত বাতাস মৃদু আলোড়িত করে
শিকারের অপেক্ষায় থাকা জালটিকে
তার ছায়া আমার মুখের উপর এখন কেমন কাঁপছে
গর্ভবতী বউ আর তার কাঁথার উপর তো বটেই
২৬.০৩.২০০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


