লোকটা শেষ দাঁতটি মুঠোয় নিয়ে
বসে আছে জানালায়
সূর্য উঠছে
হলুদরোদে পুরো পৃথিবী ছেয়ে যাচ্ছে
নাতি-নাতিন দুটো স্কুল ব্যাগ কাঁধে
লাফাতে লাফাতে বেরিয়ে গেলো মায়ের সাথে
মাড়িতে আর ব্যথা হবে না
এমন ভাবছে না আর লোকটা
বরং কুঁজোপিঠটা অলক্ষ্যে একটা দীর্ঘশ্বাস
সোজা করে গেলো যেনো একটু:
‘সমস্ত সূর্যমুখী সূর্যের নাগাল না পেয়ে
সূর্যের ছায়ায় ছায়ায় একদিন
সমাপ্তি হয়ে যায়
আর সমাপ্তি অজস্র বীজ!’- এই ভাবনার ভেতর
ধূ ধূ শূন্যতারই দেখা পেলো সে!’
জানালা দিয়ে বাইরে তাকানো লোকটা
কিছুই শুনছে না
শিশু দুটোর ফেলে যাওয়া হাসি এখনো
কী অদ্ভুতভাবেই না প্লাবিত করছে পুরনো বাড়িটাকে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

