জুগসপিটবান ও আমি:
আমরা উঠছি জুগসপিট পাহাড়ে, এটা জার্মানির সবচেয়ে উচু পিক, প্রায় ১০,০০০ ফিট (২৯৬২ মিটার) উচ্চতা। আস্তে আস্তে সবাই ব্যাগ থেকে গরম কাপড় বের করা শুরু করেছি আমরা। একটু পরে বাইরে দেখি সাদা সাদা বরফ জমে আছে এখানে সেখানে (তখনও সমতলে বরফ পড়া শুরু হয়নাই)। মাঝে মাঝে ট্রেন উপরে উঠছে শামুকের গতিতে মাটি কামড়ে কামড়ে, কখনো বা পাহাড় কেটে বানানো টানেলের ভেতর দিয়ে। মাঝে অনেক গুলি স্টেশন পড়লো, মানুষজন স্কি এর সরন্জাম অথবা ব্যাকপ্যাক নিয়ে নেমে যাচ্ছে, বুঝলাম ট্রেকিং ও স্কিয়িং এর জন্য উনারা এসেছেন। ২৬০০ মিটার উচ্চতায় এক সময় পৌছালাম শেষ স্টেশনে, চারপাশ দেখে এরি মধ্যে দম বন্ধ হয়ে আসছে, এ আমি কোথায় আসলাম, এটাকি স্বপ্ন! চারিদিকে মেঘের ভাজে ভাজে পাহাড়ের চুড়া, উপরে গাড় নীল আকাশ.....
বেশ কিছুক্ষন গ্লেসিয়ার এর মধ্যে বরফ নিয়ে দাপাদাপি করলাম। সবাইমিলে চেষ্টা করলাম একটা তুষারমানব বানানোর, কিন্তু খালি হাতে সম্ভবনা বুঝলাম কিছুক্ক্ষন পরেই যখন দেখি হাতে কোন অনুভুতি নাই, সবাই তখন আমাকে বরফের ঢিপি তে বসিয়ে মাথায় একটু বরফ দিয়ে বরফ মানব (বরফ সহ মানব) বানানোর কাজটা সর্টকাটে শেষ করলো। দুরে দেখি আরেকদল সুন্দর একটা তুষারমানব বানাচ্ছে, বোঝাই যাচ্ছে এরা কাঠমিস্ত্রি ছিলো।
বরফমানব:
এরি মধ্যে পেট মোচড় দেয়াতে সবাই "সোন আলপেন ২৬০০মিটার" রেষ্টুরেন্টের খাবারের লাইনে যেয়ে দাড়ালাম, ভেতরে ও বাইরে খোলা যায়গায় খাওয়ার ব্যাবস্হা আছে। বাইরে বেশ ঝলমলে রোদ থাকাতে আমরা খাবার নিয়ে বাইরে চলে আসলাম। ঠান্ডার মধ্যে রোদে বসে চারিদিকের অপার সৌন্দর্য্য দেখতে দেখতে খেতে থাকলাম। ক্লিনিং করার মহিলা দেখি পর্যটকদের অভুক্ত আলু ভাজা কাকদেরকে খেতে দিচ্ছে, বেশ মজা লাগলো ভদ্র টাইপের চকচকা বিলাতি কাক গুলাকে দেখে।
সোন আলপাইন ২৬০০মি ক্যাফে:
কাকের লাঞ্চ:
বিলাতি কাক:
এখান থেকে আমাদের বাকিটা উঠতে হবে কেবলকারে। এই কেবলকার মালয়শিয়া বা নেপালের টার মতো ছোট্ট না, বিশাল কাচের ক্যাপসুল লিফটের মতো ঘর ভেতরে বাসের মত আবার কিছু সিট আছে, একসাথে প্রায় ২০ জন মত উঠে পড়লাম। আস্তে আস্তে উপরে উঠতে থাকলাম, বেশ কিছুক্ষন পর পৌছালাম উপরে, একটা বিশাল রেলিং দেয়া প্ল্যাটফরমে। রাজ্যের এন্টেনা আর আবহাওয়া মাপার যন্ত্রপাতিতে ছাদ ভর্তি, জায়গায় জায়গায় দুরবিন আছে, পয়সা (১ ইউরো) ফেললে বেশ কিছুক্ষন দেখা যায় ওটা দিয়ে, কিন্তু মাথার ভেতরে সর্বক্ষন "ইউরো টু টাকা কনভার্টার" চালু থাকায় ওমুখো হলাম না আর। রেলিং এর পাশে ঘুরে ঘুরে দেখতে লাগলাম প্রকৃতির অপরুপ সৌন্দর্য।
বেশ কিছুদুরে দেখা যাচ্ছে আরেকটা পাহাড়ের পিক, উপরে একটা সোনালি স্তম্ভ, জানলাম ওটাই জার্মানির সবচেয়ে উচু পয়েন্ট, ২৯৬২মিটার উচ্চতা, আমরা যেখানে দাড়িয়ে তা কিছুটা কম। কিছু মানুষ পাহাড় বেয়ে বেয়ে দড়ি ধরে ঝুলে ঝুলে ওখানে যাচ্ছে, রাহাত ভাই বা সৌম্য সাথে না থাকায় আমি আর সাহস করলাম না, কাপড় চোপর ও উপযুক্ত ছিল না।
২৯৬২ মিটার:
আগেই ঠিক করেছিলাম ভিন্ন পথে নামব ফেরার সময়, আরেকটা দীর্ঘ কেবলকার দেখেছি ম্যাপে সেটাতে করে। ঘুরে ঘুরে দেয়ালে সাইন দেখে খুঁজে বের করলাম কেবলকার স্টেশন। এতক্ষন সবকিছু ভালই ছিল, এইবার বাধলো ঝামেলা, টিকিট ঘসা দি কিন্তু দরজা খুলে না, সবার টিকেটেই একি অবস্হা। নানা ভাবে নানা দেশি কায়দায় ঘসা হলো, তাও খুলে না। ওদিকে আমাদের আশপাশ দিয়ে মানুষজন দিব্যি টিকিট ঘসে পার হয়ে যাচ্ছে, আমাদের সন্দেহ হলো যে আমরা যেটাকে রিটার্ন টিকিট ভাবেছি তা আসলে ওয়ানওয়ে, কিন্তু তাও তো হওয়ার কথা না, এদিক ওদিক চেয়ে দেখি কাচের ঘরের ভেতরে এক যুবক বসে মিটিমিটি হাসছে আমাদের দিকে তাকিয়ে, ভুরু কুচকে তার দিকে টিকেটটা দেখাতেই সে একটা ছোট্ট জানালা খুলে বললো "দ্যাটস এ জার্মান টিকেট মাই ফ্রেন্ড, উই আর ইন অস্ট্রিয়া"। আমাদের তো আক্কেল গুড়ুম অবস্হা, আমরা নাকি না বুঝে অস্ট্রিয়া চলে এসেছি, কি আর করা উল্টা দিকে হাটা দিলাম, ঔ কেবল কার টা নেমে গেছে অস্ট্রিয়ার টাইরল নামক অঞ্চলে। একটু পরে একটা গেট পার হয়ে ঘুরে দেখি লেখা "ওয়েলকাম টু টাইরল" বুঝলাম এইটাই বর্ডার। প্ল্যাটফরম এর দুইদিকে দুই দেশের পতাকা দেখে বুঝলাম এই ফ্যাসিলিটি দুইদেশের মাঝে যৌথ ভাবে তৈরী। আবার শুরু করলাম ফটো সেশন, অস্ট্রিয়া তে ছবি তুলা বলে কথা।
অস্ট্রিয়ার বর্ডার (গেট এর ঐ পাশে অস্ট্রিয়া):
এইবার পতাকা দেখে দেখে কেবলকার খুঁজে বের করলাম, এই কার টা আগেরটার মতো বিশাল না কিন্তু যখন টাওয়ার গুলা পার হয় তখন কয়েক মুহুর্ত ফ্রি-ফল হয়, প্রথম প্রথম তেমন বুঝতে পারি নাই, ঝাকির সাথে সাথে শুধু শুনি পাশের কয়েকটা চাইনিজ মেয়ের চিৎকার, গতি বাড়তে আমরাও দেখি গলা দিয়ে সামান্য চিৎকার বের হয়ে আসছে, পেটের মধ্যে প্রজাপতি উড়ার অনুভুতি। নিচে দেখা যাচ্ছে নীলাভ ইবসি লেক।
ইবসি লেক:
আরো বিস্তারিত যানতে দেখুন: http://www.zugspitze.de

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

