পক্ষীসংহিতা
আমি চোখ মুদি আর দেখতে পাই পাখির একটা ঝাঁক। দৃশ্যটা থাকে এক মুহূর্ত কিংবা তারও কম। আমি জানিই না যে-কতগুলো পাখি আমি দেখেছিলাম। তারা কি ছিল কোনো নির্দিষ্ট সংখ্যায়, না কি অনির্দিষ্ট? সমস্যাটার সঙ্গে জড়িয়ে আছে ঈশ্বরের অস্তিত্বের প্রশ্নটা। ঈশ্বর যদি থেকে থাকেন, তাহলে এই সংখ্যা নিশ্চয়ই সুনির্দিষ্ট, কারণ আমি কতগুলো পাখি দেখেছি তা ঈশ্বরের জানা। ঈশ্বর যদি না-থেকে থাকেন, তবে ওই সংখ্যা অনির্দিষ্ট, কারণ কেউ তাদের গুণতে পারেনি। এই মামলাটাই ধরা যাক, দশটির চেয়ে কম পাখি আমি দেখেছিলাম (ধরে নেয়া যাক), আর একটির চাইতে বেশি; কিন্তু আমি তো দেখিনি নয়, আট, সাত, ছয়, পাঁচ, চার, তিন অথবা দুটি পাখি। আমি শুধু দেখেছি এক থেকে দশের মধ্যে কোনো-একটি সংখ্যা। কিন্তু সে নয়, আট, সাত, ছয়, পাঁচ ইত্যাদি নয়। সেই সংখ্যা, একটি পূর্ণরাশি হিশেবে, ধারণার অগোচর; অর্থাৎ প্রমাণিত হলো, ঈশ্বর আছেন।
অনুবাদ: মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


