আসাদুজ্জামান দারা :: ৭ সেপ্টেম্বর নোয়াখালী ওয়েবে জামাল হোসেন বিষাদের লেখাটি পড়ে ভালো লেগেছে। বিষাদ বরাবরই ভালো লেখেন। এমএমসি’র সুবাদে বিষাদের সাথে আমার পরিচয় প্রায় ১১-১২ বছর আগে। সেদিন এমএমসি অফিসে একটা সেমিনার ছিল। মূল পেপার পড়েছিল বিষাদ। বিষয় ছিল-কোন পথে আজ প্রাণোচ্ছল তারুণ্য’। বিষাদের মনে আছে কিনা জানিনা, তবে আমার মনে আছে। বিষাদ যথার্থই বলেছেন। বর্তমানে দু’একটি ছাড়া বেশিরভাগ টিভি চ্যানেলই সংবাদকর্মীদের শ্রম শোষণ করছে। অনেকে নানাভাবে মিডিয়ার সাথে জড়িয়ে একরকম মোহগ্রস্ত হয়ে পড়ে। একসময় এই চক্কর থেকে আর বেরুনো যায় না। এই সুযোগে কিছু মিডিয়া সংবাদকর্মীদের ঠকাতে থাকে। এ বিষয়ে আমারও কিছু তিক্ত অভিজ্ঞতা রয়েছে।
আমি বরাবরই মুদ্রণমাধ্যমের লোক। টিভি চ্যানেল আমাকে কখনো টানতে পারেনি। তবু নানা কারণে দু’একটি চ্যানেলের সাথে যোগাযোগ ঘটেছিল। ২-৩ বছর আগের কথা। একুশে টিভির ফেনী প্রতিনিধি পদ খালি। এক সাংবাদিক বড় ভাই বললেন কাজ করতে। তার কথায় আগ্রহী হলাম। তখন শাকিল আহমেদ ছিলেন চীফ রিপোর্টার। ৬ মাস নিউজ পাঠালাম। কিন্তু নিয়োগ পেলাম না। এক পর্যায়ে হতাশ হয়ে নিউজ পাঠানো বন্ধ করে দিলাম। পরে অন্য একজন নিউজ পাঠাতে শুরু করলেন। তবে তিনি নিয়োগ পেয়েছেন কিনা বা টাকা-পয়সা পান কিনা জানি না।
দেশ টিভি চালু হবার আগের কথা। নির্বাহী সম্পাদক অলকদা একদিন ফোন করলেন। বললেন ঢাকায় যেতে। গেলাম। ৫ সদস্যের এডিটরিয়াল বোর্ড ইন্টারভিউ নিলেন। তারা বোঝালেন; ফেনীতে ব্যুরো অফিস হবে। প্রচুর কাজ করতে হবে। রাজী হলাম। ভাবলাম, নিজস্ব বহু লোকজন আছে। কোন সমস্যা হবে না। এরপর কয়েক মাস আর কোন খবর নেই। একসময় আবার ডাক এল। গেলাম। এবার খোদ ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান নুর ইন্টারভিউ নিলেন। ভাবলাম,এবার বোধহয় কিছু একটা হবে। কিন্তু কিছুই হলো না। নিয়োগও পেলাম না,ফেনী ব্যুরো অফিসও হলো না। পরে অবশ্য ঢাকায় একটি কর্মশালায় অংশ নিতে চিঠি পাঠানো হয়েছিল। যাইনি। কত আর গচ্চা দেব। এরপর আর টিভি চ্যানেলমুখো হইনি।
আমার অভিজ্ঞতা বলে, জেলা পর্যায়ে শুধুমাত্র একটি টিভি চ্যানেলে কাজ করে জীবিকা নির্বাহের বাস্তবতা এখনো নেই। তাই সততা বজায় রেখে চলতে গেলে একাধিক মাধ্যমে কাজ করা শ্রেয়। নয়তো যেসব চ্যানেল শ্রমের মূল্য দেয় না তাদের ত্যাগ করা উচিত। কারণ সাংবাদিক নিজে যদি বেঁচে না থাকে তাহলে সে লিখবে কিভাবে।
লেখক: আসাদুজ্জামান দারা
ফেনী প্রতিনিধি, দৈনিক কালের কণ্ঠ।
মোবাইল-০১৯১২১৩৪৯২১
ই-মেইল: [email protected]
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


