-ছেলে =মেয়ে
= গ্রাম থেকে এবার আসার সময় কী কী আনলে?
- এবার বলতে গেলে কিছুই আনতে পারিনি শুধু একটা কবিতা ছাড়া!
= মানে গ্রামে গিয়েও কবিতা লিখেছ?
- গ্রামে গেলেই তো কবিতা আরো বেশি করে আসে! সোঁদা মাটির গন্ধমাখা কবিতা। একেবারে প্রথম দিন রাতেই লিখেছি!
= শুনি তোমার প্রাকৃতিক ক-ব-তা!
- গ্রামের রাত। লিখেছেন ৯গণ্য কবি!
বাইরে ডাকছে ঝিঁ ঝিঁ পোকা
দৃষ্টিতে হারিকেনের আলো
আকাশে চাঁদ বলছে,
দেখে যাও বোকা
আমিও নই কম ভালো!
চাঁদের আলো ম্লান ম্লান
বাগান জুড়ে হাসনাহেনার ঘ্রাণ।
ঘরে থাকতে মন নাহি চায়
বাহিরে যেন নববধূ প্রতীক্ষায়!
প্রকৃতি আমার প্রেম , প্রকৃতি আমার বধূ
গ্রাম তুমি চিরমধুর, শহর তুমি ধূ ধূ ...
গ্রামে আসলে ফিরতে চায় না মন
কী বা হয় যদি থেকে যাই সারাটা জীবন!
= মানে তুমি বলতে চাচ্ছ প্রকৃতি তোমার প্রেম, প্রকৃতিই তোমার বধূ!
- হ্যাঁ যখন কবিতাটা লিখছিলাম তখন তো একাই ছিলাম! তাই প্রকৃতিকেই বধূ বানিয়েছি!
= ও তার মানে তুমি যখন একা থাকবে তখন প্রকৃতি দেবী অপ্রকৃতি দেবী প্রভৃতি ইত্যাদিকে বধূ বানিয়ে ফেলবে!
- বিষয়টা এরকম নয়! কবিতা আসে আবেগ থেকে... অনেকসময় মিথ্যে অর্থহীন আবেগ ও অর্থহীন রূপক ব্যবহার করা হয় কবিতা সুন্দর করার জন্য।
= কবিতা না তোমাদের পুরুষদের সকল প্রেমই আসে আবেগ থেকে যা বেশিরভাগ সময়ই মিথ্যা!
- আরে ঝগড়ার দিকে নিয়ে যাচ্ছো তো! আচ্ছা ঠিক আছে যাও প্রকৃতির দেবীরে তালাক দিলাম!
= কয় তালাক?
- পুরুষ মানুষ তো! যাও একসাথে তিন তালাকই দিলাম! এবার ঠিক আছে?
= ভাবতে হবে!
- মানে?
= মানে আমি কোন বিবাহিত পুরুষ তার উপর ডিভোর্সি কারো সাথে আর প্রেম করবো কী না!
------------------------

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




