বর্তমান কালে বাংলা সিনেমায় আমার সব চেয়ে প্রিয় পরিচালক ঋতুপর্ণ ঘোষ ("অন্তরমহল", "উৎসব" ইত্যাদি) । কোলকাতার মিডিয়া ভুবনের সাম্প্রতিক সময়ের অনেক বিখ্যাত তরুণ মীরও ( মীর আফসার আলী) আমার প্রিয় ছিলেন এতদিন। কিন্তু আজ হঠাৎ ইউটিউবে এ দুজনের কয়েকটা ভিডিও দেখে আমি চমকে উঠলাম। আমি জানি না সামুর অন্য ব্লগাররা বা পাঠকরা ইতোমধ্যে এগুলো দেখেছেন কিনা, বা এ নিয়ে কোন আলোচনা হয়েছে কিনা। কিন্তু বিষয়টা গুরুত্বপূর্ণ মনে হওয়াতে আমি কিছু চিন্তা সবার সাথে শেয়ার করতে চাই।
আমি নিজে খুব দেরীতে মানুষের যৌনতা সম্পর্কে জ্ঞান লাভ করি, তখন স্কুল জীবন প্রায় শেষ। আরো পরে জানতে পারি যে সমকামিতা বলেও এক ধরণের অনুভুতি আছে, যা বেশ ব্যাপক। অনেক মানুষ পুরুষের নাম ধারণ করেন, সে রকম পোশাক পরেন, কিন্তু ভেতরে তা নন। এই ব্যতিক্রমীরা আজকাল অনেক সভ্য সমাজে স্বীকৃতি পেয়েছেন। আমার এঁদের জন্য সহানুভূতি আছে, কিন্তু তবু স্বাভাবিক বলে মেনে নিতে পারি না।
যেহেতু সংখ্যালঘু, এঁরা অনেক সময়েই সাধারণ সংখ্যাগরিষ্ঠের কাছে উপহাসের পাত্র হন। পাশ্চাত্যে, যেখানে সমলিংগ বিয়েও আজকাল স্বীকৃতি পেয়েছে, সেখানেও মিডিয়ায় বা স্টেজে এঁদের নিয়ে অনেক তামাশা এখনো চালু আছে। আমার কাছে তা বিকৃত রুচির মনে হয়।
মীর একজন উপস্থাপক, খবর পাঠক, কমেডিয়ান। তিনি সম্ভবত ঋতুপূর্ণ ঘোষের মেয়েলিপনা নিয়ে তাঁকে মিমিক করে অনেক শো করেছেন। এর পরে ঋতুপর্ণ ঘোষ একবার মীরকে নিজের ঘোষ এন্ড কোম্পানীতে ডেকে প্রথমে বেশ স্বাভাবিক একটা সাক্ষাৎকার শুরু করেন ( পর্ব ১-৩ ইউটিউবে) , কিন্তু পরে মীরের কঠোর সমালোচনা করেন, মিমিক্রির মতো 'নিম্নমার্গের' আর্টফর্ম দিয়ে একটা সংখ্যালঘু গোষ্ঠীকে এভাবে অপমানিত করার জন্য (পর্ব ৪,৫)। নীচে লিঙ্ক।
পর্ব ৪
পর্ব ৫
সাক্ষাৎকারের প্রথম অংশের খুবই বন্ধুসুলভ ভঙ্গীতে আশ্বস্ত মীর এই পরিবর্তনে কিছুটা ঘাবড়ে যান, এবং ঋতুপর্ণের অভিযোগের ভালো জবাব দিতে পারেন নি।
কিন্তু তিনি প্রতিশোধের সুযোগ খুঁজতে থাকেন, এবং পরে নিজের এক শো'তে অন্যদের দিয়ে ঋতুপর্ণকে হেয় করে একটা স্কিট করেন, এবং তাঁর দরাজ গলায় অট্টহাস্য করে নিজের চরম আনন্দ প্রকাশ করেন।
দুজনেই নিজ ক্ষেত্রে সুপরিচিত। হয়তো ঋতুপর্ণের মিমিক্রিকে (ভেংচানো?) নীচু আর্ট বলা ঠিক হয় নি, কিন্তু মীরের কাজে তিনি গভীরভাবে আহত হয়েছেন, তা বোঝা যায়। অন্যদিকে মীর তাঁর কাজের অপ্রত্যাশিত সমালোচনায় এতটা ক্ষুব্ধ হয়ে নিম্ন রুচির জবাবী অনুষ্ঠানটির আয়োজন না করলেও পারতেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



