আমার প্রিয় পোস্ট

কালঘুম (২য় অংশ)

২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৩০

শেয়ারঃ
0 0 0

এবার আলো আধাঁরীতে বেড়ে ওঠা সম্পর্কগুলোর দিকে তাকাতে নিজের দৃষ্টিকে নির্দেশ করলাম । চোখের মনি হয়ত তখন নব্বই ডিগ্রি এঙ্গেল থেকে ঘুরতে শূরু করেছিল : ঘূর্ণনরত অবস্থায় কিছুই দৃষ্টির আয়ত্বে আসে না শুধু মনে হল যীশু অর্ধেক উঠে দাঁড়িয়েছেন কাঁটার মুকুট পরে নগ্ন,এই মাত্র; ঝুলন্ত সক্রেটিস সন্দেহ নিয়ে তাকাচ্ছেন হাতে ধরে রাখা পানপাত্রের দিকে,একটুও নড়ছে না; কী শুস্ক ঐ ঠোঁট ঐ তরল তৃষ্ণায়। অন্য পাশের ছায়ায় হেসে উঠে দাড়িতে হাত বোলাচ্ছে সক্রেটিসের সন্দেহ দেখে চে গুয়েভারা : যখন ছায়া অতিক্রম করে জীবনানন্দ দাশ ঠিক কি দেখছিলেন বোঝা যাচ্ছিল না । হঠাৎ বিস্তৃত হয়ে ছবির ধাঁধায় পড়ে যন্ত্রণা ,সন্দেহ,হাসি আর উদাস দৃষ্টি পথে বিভ্রান্ত হয়ে আমার ব্যক্তিগত ছবির এ্যালবাম হাতড়াতে ক্লান্ত হয়ে গেলাম অথচ কোন ছবি খুঁজে পেলাম না। বিভ্রান্তির বোধ আমাকে ঘিরে ঘিরে চক্কর দিতে থাকে আর শরীরে অনুভুত হতে থাকে এক বিলোড়িত চেতনা । এইবোধ আমাকে আতঙ্কিত করে তোলে; কারণ ,পূর্বপুরুষের চেতনার উঠানে উত্তরপুরুষের নির্বিকার মূত্রত্যাগ দেখেছি । আতঙ্ক থেকে মুক্তি পেতে চেতনারোহিত মাদকের আশ্রয় নেই যা আমাকে এক বন্ধু উপহার দিয়েছিল । সে হয়ত পরিস্থিতির কথা পূর্বেই নিজের ধারণায় ধারণ করেছিল কারণ সে যখন দ্রবটি আমাকে দেয় তখন কৃতজ্ঞতার চিহ্ন মুখমন্ডলে ফুটিয়ে তুলেছিলাম; সে ক্রুর হাসি হেসে আমার পিঠ চাপড়ে দিয়েছিল । আর আমি ফুসফুস প্রসারিত করে টেনে নিতে থাকি অক্সিজেন । বিশুদ্ধ অক্সিজেন এবং দেখতে থাকি কি আজব রসায়নে সহ্অবস্থানরত অক্সিজেন ও সীসা যা আমার রক্তের নালী দিয়ে পৌঁছে যাচ্ছে মস্তিস্কে।

এই তবে পৃথিবীর সুস্থতা ,নৈতিকতা বোধ কিন্তু আমি অসুস্থ¯হয়ে যাচ্ছি সামাজিক সুস্থতায়। এইসব দুর্বল মূর্হুতগুলো অনেক ঘটনার পুনরাবির্ভাব ঘটায় । সেই মেয়ে যার নাম বলামাত্র সকলেই চিনে ফেলবে । তাই আগে ঘটনা লিপিবদ্ধ করি পাছে ভুলে যাই স্বভাবদোষে । এক খন্ডকালীন কুয়াশার দেশে তার সঙ্গে দেখা । দেখা বলতে পরিচয় মিন করছি না । স্রেফ দেখেছি । তাছাড়া সেদিন বাকপ্রতিভার চাইতে মুদ্রা প্রতিভাই বেশী বিকশিত হয়েছিল । তাই কথা হয়নি অথবা হয়েছিল কিনা বুঝতে পারি নি । কখন,কে, কোথায়,কিভাবে কথা বলে এবং তা বুঝে ওঠা অনেক কষ্টকর । সেই দেশটিতে আমার অবস্থান অবধারিত কারণ আমি ঐ দেশেই জন্মেছি। ফলে দেশটিতে একটা নদীর ধারণার প্রবাহিত জলরাশির পাশে প্রায়শই বসতাম নদীতীর মনে করে । তো পাড়ে বসলে যা হয় আর কী তেমন । মেয়েটা একটা ভেলায় ভেসে যাচ্ছিল অনিশ্চিত গন্ত্যবে । অনেক দুর থেকে দেখতে পাচ্ছিলাম তাকে । তার পায়ের কাছে পড়ে ছিল একটা পুরুষ নিথর হয়ে । মেয়েটি তাকিয়েছিল উর্ধ্বমুখী কোনও গন্তব্য তৃষ্ণায় আর তার শরীর ঢেউয়ের মুদ্রায় বিকশিত হয়ে নেচে উঠছিল ,কোনও দিকেই কোনও ভ্রুক্ষেপ ছিল না । এতে তার গন্তব্যে যাবার উদগ্র বাসনা প্রস্ফুটিত হচ্ছিল এবং এ সুযোগে তার নাচ দেখতে পারছিলাম তীরে বসে । ঠিক তখনই সুর্যাস্তের কিনার দিয়ে চক্কর দিতে দিতে একঝাঁক পিরানহা ডাইভ দিয়ে নেমে যায় নদীর জলে ,তখন নিশ্চিত দেখতে পেলাম কয়েক মিনিটেই ভেলায় শুয়ে থাকা মানুষটির মাংস ছিড়ে ছিঁড়ে খেয়ে যাচ্ছে মাছগুলো ; মেয়েটি এসব কিছুই দেখে না , সে তাকিয়েছিল উর্ধ্বমুখে আর তার শরীরইন্দ্রিয় ব্যস্ত ছিল নাচের মুদ্রায়। একলাভেলায় সে ভেসে চলে গেল কোথায় ,আমি জানতে পারলাম না শুধু বেদনার স্রোতে নদীটিকে হারিয়ে যেতে দিলাম। অনেক দিন পর প্রত্নœখননে হয়তো কোনও নদীপথ আবিস্কার হবে আর পাওয়া যাবে কিছু হাড়ের ভগ্নাংশ । ঘটনাটি আমি কাউকে বলিনি কারণ মেয়েটিকে সবাই চিনত ঘটনা সহ। আর ঐ দেশটিতে কোনও মাংসাশী মাছ ছিল না । তবে পরে অন্যান্য দেশ এবং মহাদেশ থেকে মাংসভূক মাছ আমদানী করা হয়েছিল ।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): গল্পগল্প ;
প্রকাশ করা হয়েছে: গল্প  বিভাগে । সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৩০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৩. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৫৮
কৌশিক আহমেদ বলেছেন: ঝরঝরে লেখা, মুন্সীয়ানা আছে ভাষার। সম্ভাবনাময়।
৪. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:৪৩
বীথিলতা বলেছেন: ...'কিন্তু আমি অসুস্থ¯হয়ে যাচ্ছি সামাজিক সুস্থতায়'...
সত্যিই মুন্সিয়ানা আছে আর সম্ভাবনাময় তো বটেই.....

 

মোট সময় লেগেছে ১.১৬৫১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সাঈদ জুবেরী,
একটা জাতীয় দৈনিক পত্রিকায় কাজ করি, মাঝে মধ্যে কবিতা,গল্প,প্রবন্ধ লিখি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ