শব্দের শৃঙ্খলে বেঁধে রাখার চেয়ে বরং
আমার অতলান্ত ভাবনারাশিকে
ভেসে যেতে দাও
মেঘেদের উদাসী ভেলায়-
কিংবা
তুমুল নাড়িয়ে দিয়ে
নিরুদ্দেশ স্বপ্নবাহী দুরন্ত হাওয়ায় ।
বড় বেশী শব্দের জঞ্জাল চারিদিকে ।
তাকে আরও ভারাক্রান্ত করতে
কেন উসকানী দাও আমাকে ?
আমাকে আমার অতিপ্রিয়
শব্দের সীমাবদ্ধতা নিয়ে
মিলিয়ে যেতে দাও অন্তিম দিগন্তে ।
অন্য কেউ অন্য কোন দিনে
আমার অধরা শব্দের টুকরোরাশি
সশব্দে কুড়িয়ে নিক-
সযত্নে সাজিয়ে তুলুক
অপরূপ শব্দমালা এক-
পৃথিবীর বহু আলোকবর্ষ পথে
ছড়াক সে অনবদ্য অনন্ত দ্যুতি।
************
(এটি ব্লগে লেখা আমার প্রথম কবিতা। প্রথম পাতায় একসেস পাবার পর কবিতাটি রিপোষ্ট করা হল।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



