প্রথম যেদিন ভালবেসেছিলাম
চুরি করেছিলাম বসন্তের রঙ
পৃথিবীটাকে হলুদ শূন্য করে দিয়ে
ক্যানভাসটাকে বিবর্ণ করে দিয়ে
আত্মহত্যা করেছিলাম শবযাত্রার মিছিলে।
ধীরে ধীরে সে যাত্রা পেরিয়ে যায় বিদর্ভ নগর
কুন্ডলী পাঁকিয়ে অসীম গন্তব্য বিস্মৃতপ্রায়।
কেন যে ভালবেসেছিলাম?
অমূলক প্রশ্নটা ধরে রাখে গভীর, অপূর্ণ আর নিঃসীম উত্তর।
উৎসুক জনতার অপেক্ষা দীর্ঘতর হয়েছে
ঘড়ির কাঁটা চরকা কেটেছে অযুতবার
অনেক দৃষ্টি ঝাপসা হয়েছে
অনেক নখ পিষ্ট দন্তের পদভারে
সহস্র তর্জনী ক্লান্ত হয়ে আছড়ে পড়েছে বইয়ের কোণায়
তাবত কলম অবিরত রত ছিল জন্মদানে
জবাব ছিলনা কোথাও......
গাছের পাতা শূন্য
মেঘের পৃষ্ট শূন্য
তবু সব যেন ধরে আছে ভালবাসা
সব যেন ডুবে আছে বিমূর্ত সাগরে।
** কবিতাটির প্রথম পাঠক বন্ধুবর 'একরাম'র প্রতি উৎসর্জন-"ভালবাসা তারপর দিতে পারে গত বর্ষার সুবাস"।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১১ বিকাল ৫:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



