আমরা যারা ভয় পেতে ভয় পাই,
আর যারা সেই ভয় পাওয়া ভালবাসি;
আমরা সবাই জানি, তবুও চুপ -
প্রত্যেকে হয় চোর, নয় সন্ত্রাসী !
প্লাস দিয়ে লেখা দু'টা নাম দেয়ালে
আমরা যারা ওসব খেয়াল করি;
আমরা যারা টের পাই আর চেপে যাই
আমাদের যত মিথ্যে বাহাদুরি।
তারায় তারায় যা রটাতে পারি না,
আমরা সেটাই পাড়ায় পাড়ায় রটাই;
ঘুড়িটা দেখেই খুব বেশি বুঝে ফেলি
কেউ খুঁজিনা কার হাতে এর নাটাই !
মন আমাদের তুমুল চিন্তাগ্রস্থ -
কারও যদি দোষ না পাই, কী হবে??
আবার কারও ভাল গুণ খুঁজে পেলে,
আমরা সেটা সয়ে যাই নীরবে !
সেই ভাল'টার বর্ণছটা যখন
আমাদের চোখে আছড়ে ফেলে আলো,
আমরা কেউ ভয় পেয়ে চোখ বুজি,
আমাদের কেউ হিংসায় চমকালো !
আমরা তখন তক্কে তক্কে থাকি,
নিশ্চয়ই আছে ভাল লোকটারও দোষ;
আমরা তখন ভীষণ উত্তেজিত
নিশ্চয়ই পাবো ভাল লোকটারও দোষ !
আঁধার কেটে ভোর'টা যখন এলো,
আমরা দেখি, শহরটা এলোমেলো;
আমরা তখন ঘর গোছাতেই সারা
আমরাই বুঝি আমাদের ইশারা !
আমরা যারা রাত পোহাতেই কাত
ঠান্ডা জলে শুষ্ক-শীতল হাত...
আমরা তো আশরাফুল মাখলুকাত
আমরাই আশরাফুল মাখলুকাত !
সৃষ্টি'র শ্রেষ্ঠ জীব - চিন্তা করার অবাধ অধিকার আমাদের জন্মগত। তাই কুচিন্তা করাটাও আমাদের সহজাত সক্ষমতা'র মাঝে পড়ে ! অতএব, আমি কাকে দোষ দিব???
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


