পাবনার ঈশ্বরদীর দাশুরিয়ায় পাঁচ একর জায়গার ওপর চালের কুঁড়া থেকে ভোজ্যতেল উত্পাদনের কারখানা উদ্বোধন করলেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এ মিল থেকে প্রতিদিন প্রায় ৫০ টন ভোজ্য তেল উত্পাদন করা সম্ভব হবে। আর অতিরিক্ত হিসেবে পাওয়া যাবে ২৪ টন তেলহীন কুঁড়া, যা মাছের খাবার হিসেবে ব্যবহার করা হবে। এ জন্য প্রতিদিন ৩০০ টন ধানের কুঁড়ার প্রয়োজন হবে। উত্পাদিত এ খৈল মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা যাবে। অটো রাইসমিলের যে কুঁড়া হয় সে কুঁড়া সংগ্রহ করে এ তেল উত্পাদন করা হবে। রশীদ ওয়েল মিল নামে এ কারখানা স্থাপনে আর্থিক সহায়তা দিয়েছে ইসলামী ব্যাংক।
সোমবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, প্রতি বছর প্রায় ১২ হাজার কোটি টাকার ভোজ্যতেল আমদানি করতে হয়। ফলে বৈদেশিক মুদ্রার ওপর বিপুল চাপ পড়ে। যদি এ মিল থেকে মোট চাহিদার ১০ থেকে ২০ ভাগ পূরণ করা সম্ভব হয় তা হলেও প্রায় তিন থেকে চার হাজার কোটি টাকার সাশ্রয় হবে। একই সাথে অনেক বেকার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
তিনি বলেন, দেশের সমৃদ্ধি অর্জনের জন্য খনিজ সম্পদ বা ভূমির চেয়ে দক্ষ ও সৃজনশীল জনগোষ্ঠীর বেশি প্রয়োজন। বাংলাদেশ একটি অপার সম্ভাবনার দেশ। অনেক সৃজনশীল ব্যক্তি রয়েছেন, যারা এ ধরনের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে। এ ভোজ্যতেল কলের মত সৃজনশীল শিল্প-প্রতিষ্ঠান স্থাপনে সহযোগিতার জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান। রশীদ ওয়েল মিলের প্রতিষ্ঠাতা আব্দুর রশীদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তৃতা করনে স্থানীয় সংসদ সদস্য শামসুর রহমান শরীফ, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান, বাংলাদেশ অটো ও মেজর হাসকিং মিল ওনার্স এসোসিয়েশনের আহ্বায়ক লায়েক আলী প্রমুখ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

