গতকাল রাজধানীর শান্তিনগরে দিনদুপুরে গুলি করে ১২ লাখ টাকা লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। শান্তিনগর এলাকায় ইনকাম ট্যাক্স কর্মকর্তা নাজির আহমেদ (৫০) ও তার ছেলে আসিফ আহমেদকে (২২) গুলি করে ছিনতাইকারীরা ১২ লাখ টাকা নিয়ে গেছে।
সকাল ১০টার দিকে নাজির আহমেদ ও তার ছেলে আসিফ নয়াপল্টনে যাওয়ার উদ্দেশে ৬০/১, শান্তিনগরের বাসা থেকে বের হন। তারা ইস্টার্ন প্লাস মার্কেটের সামনে যানবাহনের জন্য দাঁড়িয়ে ছিলেন। তাদের কাছে একটি ব্যাগে ১২ লাখ টাকা ছিল। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার সময় হঠাত্ মার্কেটের পেছনের গলি থেকে দু’তিনটি মোটরসাইকেলে ৬-৭ যুবক এসে তাদের ঘিরে ফেলে। তারা অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নিতে চেষ্টা করে। এসময় ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে বাবা ও ছেলে দৌড় দিলে ছিনতাইকারীরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে দু’জনেই ডান পায়ে গুলিবিদ্ধ হন। তারা রাস্তায় লুটিয়ে পড়লে ছিনতাইকারীরা টাকার ব্যাগটি নিয়ে মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করে। গুলির শব্দে আশপাশের লোকজন ভয়ে ছুটোছুটি করে। পরে দুজনকে চিকিত্সার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই মোজাম্মেল হোসেন বলেন, গুলিবিদ্ধ নাজির আহমেদ প্রথমে টাকার বিষয়ে কিছু জানাতে চাননি। পরে তিনি বলেছেন, ব্যাগে ১২ লাখ টাকা ছিল। পুলিশ কর্মকর্তা মোজাম্মেল বলেন, নাজির প্রথমে ব্যাগে ১০ থেকে ১২ হাজার টাকা ছিল বলে জানালেও পরে দাবি করেন, ব্যাগে ১২ লাখ ছিল। নাজির আহমেদের এক সহকর্মী জানান, ট্যাক্স পরিশোধের জন্য টাকাগুলো তারা সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। এদিকে চিকিত্সকরা নাজির আহমেদকে ঢাকা মেডিকেল থেকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

