ট্রেনের ঝিমুনি ধরা কামরায়
পুরোনো চিত্রকল্পের মত দেখা হবে আমাদের
ধীর লয়ে বয়ে চলা ডিজিটাল স্বপ্নে একেবারে মুখোমুখি
মনওশরীরের একান্ততম সাথী
ঠিক একই সময়ে কর্পোরেট সৃষ্টিশীলতা শুরু করবে
নতুন বিজ্ঞাপনচিত্রের জিংগেল
আনন কৌশিক আর নওরীণ
এমনি হাজারো নামের এক একটি দক্ষ বিজ্ঞাপন দল
অধরা হয়ে ওঠা ঘোলাটে বাস্তবতা এবং বিমূর্ত শিকারের
টাটকা মাছেদের ছল
তোমার উষ্ণ নি:শ্বাসের স্পর্শে ভারী হয়ে উঠবে আমার দুটো চোখ
ঢুলু ঢুলু, যদিও একই রকম তীক্ষ্ণ, একই রকম সংবেদী
ঘাড়ের ঠিক পেছনে জেগে উঠবে আমাদের সহবাসের স্মৃতি
কোষে কোষে ছড়িয়ে পড়বে অতৃপ্ত বাসনার উত্তাপ
আমরা ছুঁতে চাইব পরস্পর
ঠিক সেখানটায়; যেখানটায় আমরা চাই
সুনির্দিষ্ট এবং সর্বব্যাপ্ত
ট্রেনের শব্দ, জনকোলাহল আর ঝাকুনি উপেক্ষা করে আমরা এগিয়ে যাব
আমাদের ভেতরে ঝিলিক দিতে থাকবে তপ্ত সীসার ভাঁপ
তীক্ষ্ণ স্বরে গেয়ে যেতে থাকবে জিংগেল
আর ট্রেনের আয়নায় আমরা খুঁজব, প্রতিবিম্বিত ভালোবাসার ছাপ
ঠিক তখনি চিৎকার করে থেমে যাবে জিংগেল
পানীয় আর পোশাক নিয়ে
ছুটে আসবে দক্ষ বিজ্ঞাপন দল
করতালিতে ফেটে পড়বে সহযাত্রীরা
কেননা দুর্দান্ত শটে বন্দী করা গেছে,
অধরা হয়ে ওঠা আরেকটি ঘোলাটে বাস্তবতা
এবং বিমূর্ত শিকারের আবেগীয় বিপণন মল
বি:দ্র: কবিতার আনন কৌশিক আর নওরীণ কেবলই চরিত্র, ব্যাক্তিগত যোগাযোগে এবং মানুষ হিসেবে এরা অনেক ডাইভার্সিফাইড। এই কথাগুলো তাদেরকে বিশেষভাবে জানানোর দরকার নেই হয়ত কিন্তু ব্লগের অন্যান্যদের জন্যই বিশেষভাবে বলা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


