উদ্যানের ঘাসগুলো বহুধর্ষিত স্মৃতির মত
মুখ তুলে তাকিয়ে আছে
কুয়াশার ঐ প্রান্তে
শুনেছি এবারের শীতে ডুবে গেছে
অনেকগুলো লঞ্চ, কয়েকটা জেলে নৌকা
কুয়াশা সহ্য করতে না পেরে
শুনেছি ওদের পোষ্টমর্টেম করা দেহগুলোর
দেখা মিলবে, কেরাণীগঞ্জের দুই পাড়
ভাসমান পতিতাগুলো ওখানেই
শুকাতে দেয় দিনের পোশাক
রাতের শিশু আর ভাঙ্গা খদ্দের
শুনেছি আসছে গ্রীষ্মেও দেখা দেবে
শিশিরের দল
সময় করে দুই বেলা
ভোর ছ'টা আর রাতের খাবারের পর
শুনেছি এবারের বর্ষায় ঘাসগুলো
শেষবারের মত মুখ উঁচু করে দাঁড়াতে চাইবে
আর প্রাণপণে ঠেকাতে চাইবে কুয়াশার নিবিড় ঝড়
অনেক প্রজাপতি মারা যাবে অনুমান করি
অনেক ঈগলের থমকে যাবার পর
শুনেছি এবারের কুয়াশা খুব ভয়ানক হবে
বোঝাবুঝির আগেই, সতর্ক হবার আগেই
হারিয়ে যাবে বুনট মেঘেদের ঘর
যদি আমি টিকে যাই
যদি আমি কুকুর হয়ে উঠি
তাহলে কোন এক ঘাসে তোমাকে কি খুঁজে পাব
কুয়াশা সরে যাবার পর?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

